শ্রেণীকক্ষ থেকে দলীয় কার্যালয় সরিয়ে ফেলতে ফের নোটিশ
দুই মামলায় সাংসদ রনির জামিন নামঞ্জুর
ক্ষমতাসীন আওয়ামী লীগের পটুয়াখালী-৩ আসনের সাংসদ গোলাম মাওলা রনির বিরুদ্ধে গলাচিপা থানায় দায়ের হওয়া দুই মামলায় তাঁর জামিন আবেদন নামঞ্জুর হয়েছে। গতকাল রোববার পটুয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক তপন রায় ওই জামিন আবেদন নামঞ্জুর করে দেন।এদিকে গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে রনির দলীয় কার্যালয় সরিয়ে নিতে আবারও নোটিশ দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সকালে উপজেলা আওয়ামী লীগের (রনি-সমর্থিত অংশ) সভাপতি মো. রেজাউল করিম হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. সহিদুল আলমের কাছে প্রধান শিক্ষক মো. শাহ আলম মিয়া স্বাক্ষরিত নোটিশটি পাঠানো হয়। রেজাউল করিম নোটিশ পাওয়ার কথা স্বীকার করেছেন। শ্রেণীকক্ষটিতে দলীয় কার্যালয় বসিয়ে অবৈধভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা নিয়ে গতকাল প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।থানা সূত্রে জানা যায়, গলাচিপায় সমাবেশে হামলা, দোকান ভাঙচুর ও লুটতরাজ এবং চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে রনিসহ তাঁর ৬৫ জন সহযোগীকে আসামি করে ১১ আগস্ট পৃথক দুটি মামলা হয়। মামলায় ১৩ আগস্ট পুলিশ রনিকে গ্রেপ্তার দেখায়। গতকাল রনি তাঁর আইনজীবীর মাধ্যমে মামলা দুটিতে জামিনের আবেদন করেন। তবে আদালত শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেন।মামলাগুলোর একটি করেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (আওয়ামী লীগের মূল কমিটির) মো. সামসুজ্জামান। মামলায় অভিযোগ করা হয়, ২০১০ সালের ১৭ আগস্ট বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে পানপট্টি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে রনির নেতৃত্বে হামলা হয়। তাঁর সমর্থকেরা সমাবেশে অংশ নেওয়া লোকজনকে পিটিয়ে জখম করেন। পরে তাঁরা পানপট্টি বাজারে এক ব্যক্তির দোকান ভেঙে মালামাল লুট করেন এবং বাসাবাড়িতে হামলা চালান।চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে অপর মামলাটি করেন উপজেলার পূর্বপাড় ডাকুয়া গ্রামের মো. বজলুল ইসলাম খান নামের এক ব্যক্তি। মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালের ২৫ মার্চ রনি তাঁর শ্যালক মকবুল খান, মাহাজিব খানসহ লোকজন নিয়ে তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা চান। ওই সময় রনি তাঁর বুকে পিস্তল ঠেকিয়ে ধরেন এবং অন্য আসামিরা ৩৬ হাজার ৭০০ টাকা ও তিনটি মুঠোফোন ছিনিয়ে নেন।এদিকে গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের একাধিক সদস্য জানান, বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ থেকে সাংসদ রনির দলীয় কার্যালয় সরিয়ে নিতে ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি প্রথম দফা নোটিশের পর গতকাল দ্বিতীয় দফা নোটিশ দেওয়া হয়েছে। প্রথম দফা নোটিশ দেওয়া হলেও আড়াই বছর ধরে অবৈধভাবে কক্ষটি দখলে রেখে সেখানে দলীয় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন সাংসদের অনুসারী নেতা-কর্মীরা। গতকাল প্রথম আলোয় ‘বিদ্যালয়ের শ্রেণীকক্ষে সাংসদ রনির দলীয় কার্যালয়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পরপরই দ্বিতীয় নোটিশটি দেওয়া হয়।দ্বিতীয় দফা নোটিশ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম মিয়া গতকাল বলেন, ‘নোটিশে তাঁদের (রনি-সমর্থিত উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের) অবিলম্বে কক্ষটি ছেড়ে দিতে বলা হয়েছে।’উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজাউল করিম বলেন, ‘আমরা গতকাল (রোববার) বিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশ পেয়েছি। শিগগিরই আমরা ওই কক্ষ ছেড়ে দেব। মালামাল সরিয়ে নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে কয়েক দিন সময় চাওয়া হয়েছে। এ নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে আমার কথা হয়েছে।’