দুই মামলায় ৪৪৮ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহে জড়িত সদর দপ্তরের সব পরিদপ্তর, রাইফেলস স্পোর্টস বোর্ড (আরএসবি) ও রেকর্ড শাখার ৪৪৮ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছে বিশেষ আদালত। আজ বুধবার পিলখানার দরবার হলে স্থাপিত দুটি পৃথক আদালতে এসব অভিযোগ গ্রহণ করা হয়।দুই দফায় আদালত অভিযোগ গ্রহণের শুনানি শেষে সব আসামিকে ১০ আগস্ট আদালতে হাজির করার আদেশ দিয়েছেন। আজ সকালে প্রথম দফায় পরিদপ্তরগুলো এবং আরএসবির বিডিআর সদস্যদের বিরুদ্ধে অভিযোগের শুনানি শুরু হয়। পরে শুরু হয় রেকর্ড শাখার বিচার।পরিদপ্তরের মধ্যে আছে মহাপরিচালকের সচিবালয়, উপমহাপরিচালকের কার্যালয়, অপারেশন ও প্রশিক্ষণ পরিদপ্তর, প্রশাসনিক পরিদপ্তর, যোগাযোগ পরিদপ্তর, চিকিত্সা পরিদপ্তর এবং সংযুক্ত বিভিন্ন ইউনিট। এতে ৩৩৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আসামিদের ২০২ জন ইতিমধ্যেই নিউমার্কেট থানার হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন। বাকি ১৩৫ জন পিলখানায় কর্মরত আছেন। আদালত তাঁদের গ্রেপ্তারের আদেশ দিয়েছেন।রেকর্ড শাখার আসামির সংখ্যা ১১১ জন। তাঁদের মধ্যে ৪১ জন সিআইডির মামলায় কারাগারে আছেন। বাকি ৭০ জনকে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন আদালত।আজ আদালতের কার্যক্রম শুরু হলে প্রথমে পরিদপ্তরের ৩৩৭ জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন নায়েব সুবেদার মো. খোরশেদ আলম। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে বিদ্রোহে অংশগ্রহণ, মদদ দেওয়া, বিদ্রোহের পরিকল্পনা, উস্কানিমূলক বক্তব্য দেওয়া, কর্মকর্তাদের হত্যা করায় সহযোগিতা, বিদ্রোহ নিয়ন্ত্রণে কোনো ভূমিকা না রাখাসহ বিভিন্ন অভিযোগ আনেন।খোরশেদ আলমের বক্তব্যের পর মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মো. হাবিবুল করিম আদালতে ঘটনার বিবরণ দেন।দুপুর ১টার পর শুরু হয় রেকর্ডিং উইংয়ের সদস্যদের বিচার। তাঁদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন নায়েব সুবেদার মো. সোলায়মান পাটোয়ারী। তাঁর অভিযোগের পর প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম বক্তব্য দেন। তিনি বলেন, বিদ্রোহীরা নিজের ইউনিটের অফিসার লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, মো. নেয়ামতউল্লাহ, মেজর আবদুস সালাম খান ও ডিএডি মাসুম খানকে খুন করেছে। আদালত বক্তব্য শোনার পর আসামিদের গ্রেপ্তারের আদেশ দেন।দুটি আদালতেই সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম। আদালতের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ নুরুল আলম ও মেজর মো. আলী মুস্তাঈন খান। আদালতে অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো. ইজারুল হক আকন্দ।