দুই মাস ধরে কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলার মধ্যে পাঁচটির সঙ্গে জেলা সদরের সরাসরি কোনো সড়ক যোগাযোগ নেই। সুনামগঞ্জ জেলা সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ২০০৮ সালের জানুয়ারি মাসে ৪০ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জ-দোয়ারাবাজার-ছাতক সড়কের কাজ শুরু হলেও দেড় বছরে কাজ হয় মাত্র ৩০ ভাগ। তার ওপর দুই মাস ধরে সড়ক নির্মাণের কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার দোয়ারাবাজার ও ছাতক উপজেলার সঙ্গে জেলা সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ২০০৮ সালের শুরুর দিকে উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সড়ক নির্মাণের কাজ শুরু হয় এই বছরের ২৮ জানুয়ারি। ৪৭ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয় ৪০ কোটি টাকা। ঢাকার ইসলাম ট্রেডিং কনসোর্টিয়াম লিমিটেড (আইটিসিএল) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ পায়। দরপত্র অনুযায়ী সড়ক নির্মাণের কাজ এক বছরের মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু প্রতিষ্ঠানটি কাজ করে খুবই ধীরগতিতে হওয়ায় নির্ধারিত সময়ে সড়কের কাজ ২০ ভাগও করতে পারেনি।সুনামগঞ্জ এলজিইডি সূত্রে জানা যায়, দরপত্র অনুযায়ী সড়কটি সুনামগঞ্জ-দোয়ারাবাজার পর্যন্ত ৩২ কিলোমিটার এবং দোয়ারাবাজার থেকে ছাতক পর্যন্ত ১৫ কিলোমিটার নির্মাণ করার কথা ছিল। কিন্তু গত দেড় বছরে সুনামগঞ্জ সদর অংশে কিছু কাজ হয়েছে। কাজের ধীরগতির কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাদের দ্রুত কাজ শেষ করার জন্য বারবার তাগাদা দেওয়ার পরও কোনো কাজ হয়নি। তারা বারবার সময় নিয়েও যথাসময়ে কাজ শেষ করতে পারেনি। একপর্যায়ে ঠিকাদার কাজ বন্ধ করে দেয়। এরপর এলজিইডির পক্ষ থেকে ওই প্রতিষ্ঠানকে আরও কয়েকবার বলার পরও তারা কাজ শুরু না করায় একপর্যায়ে সেই কাজ বাতিল করে দেওয়া হয়। দুই মাস ধরে সড়কের কাজ সম্পূর্ণ বন্ধ আছে।দোয়ারাবাজার ও ছাতক উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, দোয়ারাবাজার থেকে সুনামগঞ্জ জেলা শহরে আসতে হলে লঞ্চে আসতে হয়। এ জন্য সময় লাগে দুই থেকে আড়াই ঘণ্টা। এ ছাড়া মাটির রাস্তায় মোটরসাইকেলেও আসা যায়, এ জন্য সময় লাগে প্রায় এক ঘণ্টা। অথচ এই সড়ক নির্মিত হলে আর সড়কে বাস চলাচল শুরু হলে ৩০ থেকে ৪০ মিনিটে সুনামগঞ্জ আসা যাবে। একইভাবে দোয়ারাবাজার থেকে সরাসরি ছাতক হয়ে সিলেটে যাতায়াত সহজ হতো। সুনামগঞ্জ জেলা সদর থেকেও কম সময়ে দোয়ারাবাজার-ছাতক হয়ে সিলেটে যাওয়া যেত। জেলা সদরের সঙ্গে এই দুই উপজেলার ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন হতো।সরেজমিন দেখা গেছে, সড়কের কিছু জায়গায় মাটি ও ইট-সুরকি ফেলে রাখা হয়েছে। নির্মাণ প্রতিষ্ঠান আইটিসিএলের যন্ত্রপাতি সড়কের পাশে রাখা থাকলেও কাজ বন্ধ আছে। প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কের প্রায় ১৮ কিলোমিটারের কাজ তাঁরা কার্পেটিং করার জন্য প্রস্তুত করে রেখেছেন। কার্পেটিং করা হয়েছে মাত্র এক কিলোমিটারের মতো। সড়কের কাজের জন্য প্রয়োজনীয় মালামাল ও যন্ত্রপাতি আছে। কিন্তু তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই কাজ বন্ধ রেখেছেন। তাঁরা স্বীকার করেন, এলজিইডি তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুবার সময় বাড়িয়েছে, তারপরও কাজ শেষ করা যায়নি। এ ব্যাপারে আইটিসিএলের প্রকল্প ব্যবস্থাপক পলাশ বরণ ধর বলেন, ‘এটা বিশ্বব্যাংকের প্রকল্প। প্রথমেই এলজিইডির পুরো সাইট আমাদের বুঝিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা তারা করেনি। তাই কাজ শুরু করতে বিলম্ব হয়। নানা কারণে সময়মতো কাজ শেষ করা সম্ভব হয়নি। এখন বাকি কাজ করার জন্য এলজিইডি দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু করেছে। আমরা আর কাজ করব না।’দোয়ারাবাজার শহীদ স্মৃতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম আহমদ বলেন, ‘এখন লঞ্চে কিংবা মোটরসাইকেলে সুনামগঞ্জে যেতে নানা দুর্ভোগ পোহাতে হয়। সময়ও বেশি লাগে। এবার আশা করেছিলাম কাজ যেহেতু শুরু হয়েছে, শেষও হবে। কিন্তু কাজ বন্ধ হয়ে যাওয়ায় আমরা হতাশ।’দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস বলেন, ‘এই রাস্তাটি হলে দুটি উপজেলার সঙ্গে জেলা সদরের দূরত্ব কমে যাবে। আমি এলজিইডিকে বলেছি, কোনো একটি কোম্পানিকে এত বড় কাজ না দিয়ে ভাগ করে কয়েকটি প্রতিষ্ঠানকে দিলে দ্রুত কাজ হবে। এখন সেই প্রক্রিয়াই চলছে।’সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল বলেন, ‘ছাতক হচ্ছে ব্যবস্যা-বাণিজ্যের জন্য জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। অথচ ছাতকের সঙ্গে সুনামগঞ্জ শহরের ভালো যোগাযোগ নেই। এই সড়কটি হলে জেলা সদরের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার যোগাযোগ সহজ হবে। সড়কটি দ্রুত নির্মাণ করা উচিত।’সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিপুল চন্দ্র বণিক জানান, পুরোনো কার্যাদেশ বাতিল করা হয়েছে। এখন নতুনভাবে আবার কাজের ব্যয় নির্ধারণ করে দরপত্র আহ্বান করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে মাস দুয়েক লাগবে। এ বছরের অক্টোবর-নভেম্বরে আবার কাজ শুরু হতে পারে। বিপুল বণিক বলেন, ‘আমাদের তরফ থেকে কোনো সমস্যা ছিল না, টাকাও ছিল। কিন্তু ঠিকাদার কাজ করতে ব্যর্থ হওয়ায় কার্যাদেশ বাতিল করা হয়।’