বিডিআর বিদ্রোহের ঘটনার অন্তত দুই মাস আগে থেকে এর পরিকল্পনা ও প্রস্তুতি চলছিল। ঘটনা তদন্তের জন্য গঠিত দুটি কমিটির প্রতিবেদনেই একথা বলা হয়েছে।সাবেক সরকারি কর্মকর্তা আনিস-উজ-জামানের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, ‘২৫ ফেব্রুয়ারি পিলখানার ঘটনাবলী ক্রমানুসারে সাজালে বিদ্রোহের একটি সুচিন্তিত পরিকল্পনা উদঘাটিত হয়।’পাশাপাশি সেনাবাহিনীর তত্কালীন কোয়ার্টার মাস্টার জেনারেল লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সেনা তদন্ত আদালতের (কোর্ট অব ইনকোয়ারি) প্রতিবেদনেও বিদ্রোহের পরিকল্পনা ও প্রস্তুতির বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিদ্রোহের পরিকল্পনাকারী বিডিআর সদস্যরা বেসামরিক পরিমণ্ডলেও কিছু যোগাযোগ ও সমন্বয় করেছিলেন বলে উভয় তদন্ত প্রতিবেদনে উল্লেখ রয়েছে। তাতে বলা হয়, বিদ্রোহের দুই মাস আগে (১৭-১৮ ডিসেম্বর, ২০০৮) বিডিআরের ২৫-২৬ জন সদস্য তাঁদের দাবি-দাওয়া নিয়ে ফজলে নূর তাপসের সঙ্গে তার কার্যালয়ে গিয়ে কথা বলেন। হাজারীবাগের প্রাইম কোচিং সেন্টারের মালিক জাকিরও এসময় উপস্থিত ছিলেন। কয়েকদিন পরই ২৯ ডিসেম্বরের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন ফজলে নূর তাপস। পিলখানা তার নির্বাচনী এলাকার মধ্যে পড়ে।বিডিআর সুবেদার (অব.) তোরাব আলীও জিজ্ঞাসাবাদে বলেছেন সংসদ নির্বাচনের আগে ফজলে নূর তাপসের নির্বাচনী কার্যালয়ে তার সঙ্গে কিছুসংখ্যক বিডিআর সদস্যের দেখা হয়। তোরাব আলী তদন্ত কমিটিকে বলেছেন, তাঁকে ২৪ ফেব্রুয়ারি রাতে প্রাইম কোচিং সেন্টারের পরিচালক জাকির জানান, ২৫ ফেব্রুয়ারি বিডিআরের দরবারের সময় গণ্ডগোল হবে। জাকির এ কথা সাংসদ তাপসকে জানাতে বলেন তোরাব আলীকে। তোরাব আলী বলেছেন তাপসকে তিনবার ফোন করেও তখন পাননি।তদন্ত কমিটির উদ্ঘাটিত তথ্যানুযায়ী, কয়েকজন বিডিআর সদস্য কিছুসংখ্যক বেসামরিক ব্যক্তির সঙ্গে বৈঠক করে সংসদে তাদের দাবিগুলো উত্থাপন করার উদ্দেশ্যে তাপসকে নির্বাচনে সমর্থনের সিদ্ধান্ত নেন। নির্বাচনের ৩-৪ দিন পর কয়েকজন সিপাহি তাপসের কাছে গিয়ে তাঁদের দাবিদাওয়ার কথা তোলেন। তখন তাপস বলেন, শুধু রেশনের বিষয়টি পূরণ করা সম্ভব, অন্য কোনো বিষয় তাঁর পক্ষে পূরণ করা সম্ভব নয়। তবে বাকি বিষয়গুলো তিনি প্রধানমন্ত্রীকে জানাবেন।এরপর ১৩ ফেব্রুয়ারি (২০০৯) রাতে দুইজন ডিএডিসহ (উপসহকারী পরিচালক) বেশ কয়েকজন বিডিআর সদস্য আওয়ামী লীগের সাংসদ শেখ সেলিমের বাসায় যান। শেখ সেলিম তাঁদের দাবিদাওয়ার কথা শুনে প্রধানমন্ত্রীকে জানানোর জন্য লিখিতভাবে তাঁকে দিতে বলেন। বিডিআর সদস্যদের উদ্বুদ্ধকরণপিলখানার হত্যাযজ্ঞের কিছুদিন আগে থেকেই পরিকল্পিতভাবে বিদ্রোহের উদ্যোক্তারা নানাভাবে বিডিআর সদস্যদের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত করে তোলেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, ২৪ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার মেজর গোফরান মল্লিক রোলকলের সময় প্রায়ই বিডিআর সৈনিকদের দাবিদাওয়া, বিডিআরে কর্মরত সেনা অফিসারদের উন্নততর জীবনমানসহ বিভিন্ন বিষয়ে উত্তেজনামূলক বক্তব্য দিতেন। আনিস-উজ-জামান কমিটির প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছ থেকে দাবিদাওয়া-সম্পর্কিত ব্যাপারে ‘আশানুরূপ সাড়া না পেয়ে’ ভবিষ্যত্ কর্মপন্থা নিয়ে বিডিআর সদস্যরা নিজেদের মধ্যে পরিকল্পনা করেন। চূড়ান্ত পরিকল্পনা ও সমন্বয়তদন্ত প্রতিবেদনের বিবরণ অনুযায়ী, ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় সদর ব্যাটালিয়নের বাস্কেটবল মাঠে এক বৈঠকে নেতৃস্থানীয় এক বিডিআর সদস্য বলেন, ‘এ রকম দাবি করে কোনো লাভ নেই, অফিসারদের জিম্মি করে দাবি আদায় করতে হবে।’১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় হাজারীবাগে জাকিরের প্রাইম কোচিং সেন্টারে হাবিলদার খাইরুল (আরএসইউ), মনির (রেকর্ড উইং) ও মহিউদ্দিন (চট্টগ্রাম সেক্টরের, ছুটিতে ছিলেন), সিপাহি সাহাবুদ্দিন (৩৪ ব্যাটালিয়ন), তারেক (২৪ ব্যাটালিয়ন), আইয়ুব (সদর ব্যাটালিয়ন) এবং আরও তিন-চারজন বিদ্রোহের বিষয়ে এক গোপন বৈঠক করেন। ওই বৈঠকে তাঁদের দাবিদাওয়া-সংবলিত একটি খসড়া প্রচারপত্র প্রাইম কোচিং সেন্টারের কম্পিউটারে টাইপ করা হয়। ২১ ফেব্রুয়ারি পিলখানার সব ব্যাটালিয়নসহ আরএসইউ কর্মকর্তাদের কাছে তা বিতরণ করা হয়।২৩ ফেব্রুয়ারি তৌহিদ ও রহিমসহ আরও তিন-চারজন ডিএডি ৩৬ রাইফেল ব্যাটালিয়নের এক সৈনিকের বাসায় বৈঠক করেন। ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় ৪৪ ব্যাটালিয়নের মাঠে বিদ্রোহীদের বৈঠক হয়। বৈঠকে সিপাহি সেলিম, রেজাউল, কাজল, মাঈন, রুবেল, মাসুদ, শাহাদাতসহ ১৬-১৭ জন উপস্থিত ছিলেন। কিন্তু মাঠে অনেক লোকজন থাকায় তাঁরা বেশি আলোচনা করতে পারেননি। এরপর রাত সাড়ে নয়টায় তাঁরা পিলখানার ৫ নম্বর ফটকের অদূরে প্রাইম কোচিং এর এক শিক্ষকের টিনশেড বাসায় বৈঠক করেন। বৈঠকের আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল:(ক) ডিজি ও ডিডিজিকে জিম্মি করার পর তাঁদের মাধ্যমে অন্য অফিসারদেরও জিম্মি করা হবে। কোনো বাধা এলে ডিজি এবং ডিডিজিকে গুলি করে আহত করা হবে কিন্তু তাঁদের হত্যা করা হবে না।(খ) জিম্মি করার পর সরকারের কাছে দাবি উত্থাপনের সিদ্ধান্ত হয়।(খ) সিপাহি মাঈন ডিজিকে এবং সিপাহি কাজল ডিডিজিকে লক্ষ্য করে প্রথমে অস্ত্র ধরবে।(গ) ডিজির মাধ্যমে অন্য অফিসারদের ১৩ রাইফেল ব্যাটালিয়নের সামনের স্কুলে এনে জিম্মি করা হবে। (ঘ) কোত (অস্ত্রাগার) ও ম্যাগাজিন (গুলি রাখার গুদাম) একসঙ্গে দখল করে হামলার পরিকল্পনা হয়।বৈঠকে দাবি আদায়ের জন্য হাতে হাত রেখে শপথ নেন সবাই।তদন্ত প্রতিবেদনে বিদ্রোহটি যে সুপরিকল্পিত তার পেছনে কয়েকটি যুক্তি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, প্রথমত, ২১ ফেব্রুয়ারি লিফলেট বিতরণের মাধ্যমে বিদ্রোহের পরিকল্পনাকারীরা অন্য বিডিআর সদস্যদেরকে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে উসকে দেয়। দ্বিতীয়ত, ২৫ ফেব্রুয়ারি সকালে দরবারে ডিজি তাঁর ভাষণে ডাল-ভাত কর্মসূচিসহ অন্যান্য বিষয়ে বক্তব্য দেওয়ার সময় সুপরিকল্পিতভাবে একজন বিদ্রোহীকে মঞ্চে অস্ত্রসহ অতর্কিতে প্রবেশ করানো হয়। তৃতীয়ত, সেই বিদ্রোহী ডিজির দিকে অস্ত্র তাক করার পরপর একটি ফাঁকা গুলি করা হয় যাকে বিদ্রোহ শুরুর একটি সিগন্যাল হিসেবে ব্যবহার করা হয়। চতুর্থত, সঙ্গে সঙ্গে দরবার হলে উপস্থিত কতিপয় বিদ্রোহী ‘ভাগো’ বলে চিত্কার করে ওঠে এবং সব সৈনিককে দরবার ত্যাগের ইঙ্গিত দেয়। পঞ্চমত, এর পরপর দরবার হলের বাইরে পিলখানার সর্বত্র এবং তার পরে মোবাইল ও রেডিওর মাধ্যমে সর্বত্র সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে সৈনিকদের চূড়ান্তভাবে উসকে দেওয়ার উদ্দেশে গুজব রটানো হয় যে, দরবার হলে সেনা কর্মকর্তারা গুলি করে একজন সৈনিককে মেরে ফেলেছেন। পরে গণমাধ্যমেও বিদ্রোহীদের এ দাবি করতে শোনা যায় যা পরে কমিটির তদন্তকালে ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।তদন্ত কমিটির প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘদিন থেকে কিছু যৌক্তিক/অযৌক্তিক অভিযোগ, দাবি-দাওয়ার ওপর ভিত্তি করে বিডিআর জওয়ানদের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত ছিল, যা তদন্তে জানা গেছে। তবে কমিটি মনে করে, এত বিপুলসংখ্যক সেনা কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যার বিষয়টি বিডিআর জওয়ানদের এসব ক্ষোভের সঙ্গে সংগতিপূর্ণ ছিল না। সার্বিকভাবে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে নষ্ট করার জন্য কোনো মহল বিডিআর বিদ্রোহীদের দাবিদাওয়ার আড়ালে নিজেদের কায়েমি স্বার্থ উদ্ধারের চেষ্টা করেছে বলে কমিটি মনে করে। বিদ্রোহে সাধারণের সমর্থনআনিস-উজ-জামান কমিটির তদন্ত প্রতিবেদনে বলা হয়, বিদ্রোহের প্রথম প্রহরেই বিদ্রোহীরা পিলখানার ৩ ও ৪ নম্বর ফটকে সশস্ত্র অবস্থান নেয়। ১ ও ৫ নম্বর ফটকে (আজিমপুর ও হাজারীবাগ) তাদের অবস্থান ছিল দুর্বল, কারণ এ দুটি ফটকের আশপাশের এলাকার কিছু বেসামরিক লোকের ‘মদদ’ পাচ্ছিল তারা। ১ ও ৫ নম্বর ফটকে বিদ্রোহীদের বিভিন্ন সময় স্থানীয় কিছু যুবক কলা, বিস্কুট, রুটি ও সিগারেট সরবরাহ করেছে। এ ঘটনা স্থানীয় জনসাধারণের সঙ্গে বিদ্রোহীদের সখ্য প্রমাণ করে। ২৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টার দিকে ৫০-৬০ জন যুবক বিদ্রোহীদের সমর্থনে মিছিল করে। তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এবং ৫ নম্বর ফটক দিয়ে ভেতরে প্রবেশ করে। বিকেল সাড়ে তিনটার দিকে বিডিআরের একজন সাবেক সৈনিকের নেতৃত্বে শতাধিক লোকের আরেকটি মিছিল একইভাবে ভেতরে প্রবেশ করে। মিছিল দুটি বেরিয়ে যাওয়ার সময় বেশ কিছুসংখ্যক বিদ্রোহীও মিছিলকারীদের সঙ্গে বের হয়ে যায় বলে জানা যায়। এসব মিছিল থেকে কিছু স্লোগান দেওয়া হয়, যেমন ‘জয় বাংলা, জয় বিডিআর’, ‘বিডিআর জনতা ভাই ভাই’ ইত্যাদি। তদন্ত প্রতিবেদনে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, গোপন সূত্রে জানা যায়; পিলখানার ভেতরে বিদ্রোহের সময় বাইরে যে মিছিল হচ্ছিল তাতে (বিএনপি নেতা) নাসিরউদ্দিন পিন্টুর সমর্থকরা অংশগ্রহণ করে ও নেতৃত্ব দেয়। তারা বিডিআর জওয়ানদেরকে ট্রলারযোগে পালাতে সহায়তা করে মর্মে গোপন সূত্রে জানা যায়।’ বিষয়টি আরও তদন্তের মাধ্যমে তলিয়ে দেখা প্রয়োজন বলে মত দিয়েছে কমিটি।তদন্ত কমিটি গণমাধ্যম বিশেষ করে বেসরকারি টেলিভিশনগুলোর ওইদিনের ভূমিকারও সমালোচনা করেছে।