দুই মাস সময় পেলেন পুরান ঢাকার রাসায়নিক ব্যবসায়ীরা
সম্প্রতি নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুরান ঢাকার ক্ষতিকর রাসায়নিক উপাদানের বিরুদ্ধে টাস্কফোর্সের পরিচালিত অভিযান আগামী দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। এর মধ্যে ব্যবসায়ীদের ক্ষতিকর রাসায়নিক দাহ্যপদার্থের গুদাম নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এর ব্যত্যয় ঘটলে নিরাপত্তার স্বার্থে পুনরায় সরকারের পক্ষ থেকে অভিযান চালানো হবে।আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর লালবাগে অবস্থিত একটি কমিউনিটি সেন্টারে পুরান ঢাকার শিল্পপতি ও ব্যবসায়ীদের নিয়ে এক সভায় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এ ঘোষণা দেন।সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, শিল্পসচিব দেওয়ান জাকির হোসাইন, প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি শাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।সভায় উপস্থিত ব্যবসায়ীরা টাস্কফোর্সের অভিযান দ্রুত বন্ধ করে গ্রেপ্তার করা ব্যবসায়ীদের জামিন দিতে সরকারের কাছে দাবি জানান। পুরান ঢাকার প্লাস্টিক কারখানা স্থানান্তরিত করার লক্ষ্যে কেরানীগঞ্জ প্লাস্টিক শিল্প নগরী দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানান।একই সঙ্গে এই ধরনের অগ্নিকাণ্ড প্রতিরোধে পুরান ঢাকার ব্যবসায়ীদের অগ্নিকাণ্ড নির্বাপণবিষয়ক প্রশিক্ষণ দেওয়ারও সুপারিশ করা হয়।তাদের সুপারিশের পরিপ্রেক্ষিতে শিল্পমন্ত্রী অভিযান স্থগিতকালীন সময়ে কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হয়রানির শিকার হবে না বলে আশ্বাস দেন। এ ছাড়া গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীদের জামিনে সরকার উদ্যোগ নেবে বলেও মন্ত্রী তাদের আশ্বাস দেন।