দশ ট্রাক অস্ত্র আটকসংক্রান্ত অস্ত্র ও চোরাচালান মামলার তদন্ত সময়সীমা আরও দুই মাস বাড়ানোর আবেদন করেছেন তদন্তকারী সংস্থা সিআইডি। তদন্তকারী কর্মকর্তা মো. মনিরুজ্জামান চৌধুরী আজ রোববার মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলির (পিপি) মাধ্যমে আবেদন আদালতে দাখিল করেছেন।পিপি কামালউদ্দিন আহাম্মদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘সিআইডির সময় বাড়ানোর আবেদন আমি পেয়েছি। ৩০ মার্চ তদন্তের সময়সীমা শেষ হচ্ছে। ওই দিন আরও দুই মাস সময় বাড়ানোর আবেদনের ওপর শুনানি হবে।’আদালত সূত্র জানায়, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) জেটি ঘাট থেকে দশ ট্রাক অস্ত্র আটক করা হয়। এ ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা হয়। উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয় বলে বিভিন্ন সাক্ষীর বক্তব্যে জানা গেছে। বিগত বিএনপি-জামায়াতের জোট সরকারের আমলে দশ ট্রাক অস্ত্র মামলার তদন্ত বেশি দূর এগোতে পারেনি। বিগত তত্ত্বাবধায়ক ও বর্তমান সরকারের আমলে অধিকতর তদন্ত শুরু হয়। বর্তমান তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চাঞ্চল্যকর এই মামলার জট খোলেন।