দুই মাসে ৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে গ্রিডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী দুই মাসে অন্তত ৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এর মধ্যে ১০০ মেগাওয়াট কুইক রেন্টাল বা দ্রুত ভাড়াভিত্তিক, ১৫০ মেগাওয়াট শিকলবাহা ও ৯০ মেগাওয়াট ক্ষমতার ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র থেকে আসবে।এই সময় আরও দুটি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু হতে পারে। সে ক্ষেত্রে আগামী দুই মাসে জাতীয় গ্রিডে যুক্ত হওয়া নতুন বিদ্যুতের পরিমাণ হবে প্রায় ৪৫০ মেগাওয়াট।উৎপাদন ও বিতরণব্যবস্থা স্থিতিশীল রাখতে সরকার চাহিদার তুলনায় ২৫ শতাংশ বেশি বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। এক বা একাধিক কেন্দ্রে ত্রুটি দেখা দিলে কিংবা কোনো কেন্দ্র বন্ধ রাখতে হলেও যাতে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ ব্যাহত না হয়, সে জন্যই এই লক্ষ্য নির্ধারণ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্চপর্যায়ের সরকারি সূত্রে এ খবর জানা গেছে।সূত্র জানায়, এই পরিকল্পনার আওতায় আগামী নয় মাসের মধ্যে (ফেব্রুয়ারি-২০১১) মোট প্রায় দুই হাজার মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে আনা হবে। এর মধ্যে এক হাজার ২০০ মেগাওয়াট হবে ‘কুইক রেন্টাল’ বা দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎ। বাকি কেন্দ্রগুলো হচ্ছে আশুগঞ্জ ৫৫ মেগাওয়াট (প্রধানমন্ত্রী গতকাল উদ্বোধন করেছেন), ফেঞ্চুগঞ্জ ৫০, বগুড়া ২০, ভেড়ামারা ১০০, ঠাকুরগাঁও ৫০, যশোরের নওয়াপাড়া ১০০, বরিশাল ৫০ মেগাওয়াটের ভাড়াভিত্তিক কেন্দ্র। সব কটি বেসরকারি খাতের কেন্দ্র। এ ছাড়া এই সময়ে চালু হবে সরকারি খাতের শিকলবাহা ১৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎকেন্দ্র, সিদ্ধিরগঞ্জ ১২০ মেগাওয়াট এবং ফেঞ্চুগঞ্জ ৯০ মেগাওয়াট কেন্দ্র।তবে সরকারি-বেসরকারি কয়েকটি সূত্র জানায়, বর্তমান সরকারের গত প্রায় দেড় বছর মেয়াদে বিদ্যুৎ উৎপাদন এবং এই খাতের ব্যবস্থাপনা উন্নয়নে আরও বেশি কিছু করা যেত। সেটা হয়নি বলেই ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিংয়ের মতো বিপত্তি তৈরি হয়েছে। তাই শুধু উচ্চাভিলাষী পরিকল্পনা নিলেই হবে না, সেগুলো সময়মতো বাস্তবায়নের যথাযথ উদ্যোগও গুরুত্বপূর্ণ।চাহিদার তুলনায় ২৫ শতাংশ বেশি (রিজার্ভ মার্জিন) বিদ্যুৎ উৎপাদনের যৌক্তিকতা সম্পর্কে সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, এটি পূর্ণাঙ্গ বিদ্যুৎ ব্যবস্থা পরিচালনা করার আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়ম। বর্তমানে বাংলাদেশে কয়েকটি বিদ্যুৎকেন্দ্র কারিগরি কারণে বন্ধ হলে বা কয়েক দিনের জন্য বন্ধ রাখতে হলে বিদ্যুৎ পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটে। এ অবস্থায় ‘রিজার্ভ মার্জিন’ থাকলে তা দিয়ে চাহিদা পূরণ করা যেত।আরও ৬০০ মেগাওয়াটের চুক্তি হচ্ছে: সরকারি-বেসরকারি সূত্র জানায়, আজ বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে আরও ৬০০ মেগাওয়াট ‘কুইক রেন্টাল’ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি অনুস্বাক্ষর হতে পারে। ছয়টি দেশীয় কোম্পানি ফার্নেস তেলচালিত এই কেন্দ্রগুলো স্থাপন করবে।এর আগে যে ৬০০ মেগাওয়াট ‘কুইক রেন্টাল’ কেন্দ্রের চুক্তি অনুস্বাক্ষরিত হয়েছে, তার মধ্যে ব্রিটিশ কোম্পানি এগ্রিকোর কাছ থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ নেওয়ার বিষয়টি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন করেছে। এগ্রিকোর সূত্র জানায়, তাদের যন্ত্রপাতি ইতিমধ্যে সমুদ্রপথে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। চলতি মাসের ২৭-২৮ তারিখ তা বাংলাদেশে পৌঁছাবে। তাদের প্রথম ১০০ মেগাওয়াট জাতীয় গ্রিডে যুক্ত হবে আগামী ৩০ জুন। ১ জুলাই এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বাকি ১০০ মেগাওয়াট যুক্ত হবে ১ আগস্ট।এ ছাড়া ২১৫ মেগাওয়াট ক্ষমতার দুটি কুইক রেন্টাল কেন্দ্রের প্রস্তাব ক্রয় কমিটির আগামী বৈঠকে উপস্থাপিত হবে।‘কুইক রেন্টাল’সহ ভাড়াভিত্তিক কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে হবে বেশি দামে। এই বাড়তি দাম জোগাতে সরকারি কোষাগারের ওপর প্রচণ্ড চাপ পড়বে। অথবা গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে হতে পারে। সরকারি সূত্রগুলো জানায়, সরকার চড়া দামের ভাড়াভিত্তিক বিদ্যুৎ খুব বেশি দিনের জন্য কিনবে না। এ বিদ্যুৎ কেনা হবে বছরখানেকের জন্য। তবে সাধারণ ভাড়াভিত্তিক বিদ্যুতের কিছু তিন বছর, কিছু পাঁচ বছর কেনা হবে। এর মধ্যে বড় কেন্দ্রগুলো স্থাপিত হবে। নতুন ৭০০ মেগাওয়াট: গত বছরের জানুয়ারি মাসে বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর এখন পর্যন্ত ৫৯৩ মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে। এই কেন্দ্রগুলো হচ্ছে ফেনী ২২ মেগাওয়াট, বাড়বকুণ্ড ২২, জাঙ্গালিয়া ৩৩, উল্লাপাড়া ১১, রূপগঞ্জ ৩৩, হবিগঞ্জ ১১, মাওনা ৩৩, মহীপাল (ফেনী) ১১, শাহজীবাজার ৮৬, ভোলা ৩৩, কুমারগাঁও ১০, ফেঞ্চুগঞ্জ ৫১, শিকলবাহা ৫৫ এবং আশুগঞ্জ ৬২ মেগাওয়াট। এগুলো বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলের উদ্যোগ। সরকার দাবি করছে, এ ছাড়া এই সময়ে আরও শতাধিক মেগাওয়াট উৎপাদন বেড়েছে পুরোনো কেন্দ্র মেরামত ও পুনর্বাসনের মাধ্যমে। সব মিলিয়ে বর্তমান সরকারের আমলে এখন পর্যন্ত নতুন বিদ্যুৎ উৎপাদিত হয়েছে মোট প্রায় ৭০০ মেগাওয়াট। ফলে বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা দাঁড়িয়েছে ছয় হাজার মেগাওয়াটেরও বেশি।তবে, গত বছরের তুলনায় চাহিদা বৃদ্ধি এবং বিদ্যমান পুরোনো কেন্দ্রগুলোর কিছু ক্ষমতা হ্রাস হওয়ায় গ্রাহকেরা এর সুফল পাচ্ছেন না। পরিকল্পনা অনুযায়ী বাকি কেন্দ্রগুলো স্থাপিত হলে আগামী গ্রীষ্মে সুফল পাওয়া যাবে বলে সরকারি সূত্রের দাবি।আগামী মাসে বাল্ব বিতরণ: সরকার বিদ্যুৎ সাশ্রয় করে সংকট কমানোর লক্ষ্যে সারা দেশের গ্রাহকদের মধ্যে প্রায় দুই কোটি বিদ্যুৎ সাশ্রয়ী (সিএফএল) বাল্ব বিতরণের যে উদ্যোগ নিয়েছিল, তা আগামী মাসে (জুন ২০১০) বাস্তবায়িত হচ্ছে। এই বাল্বে বিদ্যুৎ কম লাগায় এর মাধ্যমে বিদ্যুতের চাহিদা ৪০০ মেগাওয়াট পর্যন্ত কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।প্রতিবছরই নতুন কেন্দ্র: বিদ্যুৎ খাতের উন্নয়নে গৃহীত সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রতিবছরই নতুন নতুন বিদ্যুৎকেন্দ্র চালু হবে। এর মধ্যে আগামী বছরের মধ্যে চালু হবে প্রায় এক হাজার ২৫০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র। পরের বছর কয়েকটি নতুন কেন্দ্র চালু হওয়ার পাশাপাশি ভারত থেকে আমদানি করা হবে ৫০০ মেগাওয়াট। মোটকথা, ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট সাত হাজার ৭১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করে তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে।লোডশেডিং ভয়াবহ: সরকারের এসব পরিকল্পনার সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয়েছে লোডশেডিং। বিশেষ করে শহরবাসীর সবচেয়ে বেশি দুর্ভোগ হচ্ছে মধ্যরাতে লোডশেডিং হওয়ায়। এতে ঘুমের ব্যাঘাত হচ্ছে। অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। সকালে সময়মতো কাজে বের হতে পারছেন না তাঁরা। পিডিবি সূত্র জানায়, বর্তমানে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা পাঁচ হাজার মেগাওয়াটের মতো। কয়েকটি কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় চলতি সপ্তাহে উৎপাদন নেমে এসেছিল সাড়ে তিন হাজার মেগাওয়াটে। তবে বন্ধ হয়ে যাওয়া কেন্দ্রগুলোর মধ্যে ২১০ মেগাওয়াট ক্ষমতার ঘোড়াশাল ষষ্ঠ ইউনিটে গতকাল থেকে উৎপাদন শুরু হয়েছে। আজ রাতে কিংবা আগামীকাল শুক্রবার ৪৫০ মেগাওয়াট ক্ষমতার মেঘনা ঘাট কেন্দ্রটি চালু হলেই পরিস্থিতির অনেক উন্নতি হবে। তবে সার কারখানায় আবার গ্যাস সরবরাহ শুরু করায় বিদ্যুৎ উৎপাদন কিছুটা কম হবে। তাই লোডশেডিং থাকবে।