দুই মাসেও চালু হয়নি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশীহাট থেকে ধুরিয়াইল ভায়া রাধাকান্ত মেম্বারের বাড়ি পর্যন্ত সড়কের জনগুরুত্বপূর্ণ ফুট ব্রিজটি উপড়ে পড়ে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার দুই মাস পরও তা চালু করা হয়নি। অপরদিকে গৌরনদী-রাজিহার সড়কের চাঁদশীহাটের বড় ব্রিজটির ওপর দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় যানবাহন চলাচল করেছে। যেকোনো সময় ব্রিজটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদশী হতে ধুরিয়াইল ভায়া রাধাকান্ত মেম্বারের বাড়ি পর্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়কের চাঁদশীহাটসংলগ্ন এলাকায় ১৯৯০ সালে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে তিন লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে ৪৫ ফুট দীর্ঘ একটি ফুট ব্রিজ নির্মাণ করা হয়।চাঁদশী এলাকার ব্যবসায়ী শাহ আলম, জাহাঙ্গীর হোসেনসহ কয়েকজন অভিযোগ করেন, সম্প্র্রতি তাঁরা স্থানীয় ইউপি চেয়ারম্যান তাইফুর রহমানের কাছে ব্রিজটি সংস্কারের জন্য আবেদন করেন। আবেদনের ভিত্তিতে চেয়ারম্যান ব্রিজটি সংস্কারের উদ্যোগ নেন। সংস্কার করার কিছুদিন যেতে না যেতেই গত দুই মাস আগে ইট বহনকারী ট্রলারটেম্পু ব্রিজটি অতিক্রম করার সময় ব্রিজটি উপড়ে পড়ে। এ সময় চালক আবদুস সালাম গুরুতর আহত হন। ব্রিজটি উপড়ে পড়ার পর থেকে ওই সড়কে যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে যায়। ব্রিজ ধসে পড়ার দুই মাস অতিবাহিত হলেও তা সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয় মো. কামাল হোসেন, জানে আলম, স্কুলছাত্র জাহিদুর রহমান জানায়, দুই মাস ধরে এ সড়কে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে, অথচ তা দেখার যেন কেউ নেই। ব্রিজটি বন্ধ হওয়ায় প্রতিদিন ওই সড়কে যাতায়াতকারী প্রাথমিক, মাধ্যমিকসহ স্কুল-কলেজের শত শত শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।অপরদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী গয়নাঘাটা ব্রিজ থেকে গৌরনদী-রাজিহার সড়কের চাঁদশীহাটের পূর্ব পাশে ২০০১ সালের জুন মাসে বরিশাল সড়ক ও জনপদ বিভাগের অর্থায়নে ৩৫ লাখ টাকা ব্যয়ে একটি আরসিসি ব্রিজ নির্মাণ করা হয়। বর্তমানে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ সড়কে প্রতিদিন মালবাহী ট্রাকসহ অর্ধশত যানবাহন চলাচল করে। ভারী যানবাহন পারাপারের সময় ব্রিজটি কেঁপে ওঠে। এ ছাড়া ব্রিজের স্লাবের বিভিন্ন অংশে গর্তের সৃষ্টি হওয়ায় একাধিকবার যানবাহন দুর্ঘটনাকবলিত হয়েছে।চাঁদশীহাটের ব্যবসায়ী মোকলেছুর রহমান, বাবুল তালুকদার ও স্বপন সরদার; নাঠৈ গ্রামের মজিবুর রহমান, সোহাগ সরদারসহ স্থানীয় কয়েকজন জানান, জরুরিভিত্তিতে ব্রিজটি যানবাহন চলাচলের অযোগ্য ঘোষণা করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। জরুরিভিত্তিতে ব্রিজ দুটি পুনর্নির্মাণ করা প্রয়োজন।এ ব্যাপারে চাঁদশী ইউপি চেয়ারম্যান তাইফুর রহমান জানান, ব্রিজ দুটি পুনর্নির্মাণের জন্য একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে আবেদন করা সত্ত্বেও তাঁরা কোনো পদক্ষেপ নেননি।এ প্রসঙ্গে গৌরনদী উপজেলা প্রকৌশলী মো. আবুল মনসুর আহম্মেদ জানান, এলজিইডির অধীনে থাকা ব্রিজটি পুনর্নির্মাণের জন্য প্রকল্প তৈরি করে তা অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। খুব শিগগিরই সমস্যার সমাধান করা হবে।বরিশাল সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী আবু হানিফ বলেন, ‘সড়কসহ চাঁদশীরহাটের পূর্ব পাশের বড় ব্রিজটি একসময় আমাদের অধীনে ছিল। কিন্তু ২০০৪ সালের পর তার দায়দায়িত্ব এলজিইডি গ্রহণ করেছে।’এ প্রসঙ্গে গৌরনদী উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আবুল মনসুর আহম্মেদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই, তবে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সেতু। খোঁজ নিয়ে সাধারণ মানুষের স্বার্থে এ ব্যাপারে জরুরিভাবে পদক্ষেপ নেওয়া হবে।’