দুই মিনিটেই সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষ
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ২৪তম সাক্ষী মোহাম্মদ হোসেন আলীর (৬৭) জবানবন্দি ও জেরা দুই মিনিটেই শেষ হয়ে গেছে।আজ মঙ্গলবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ জবানবন্দি ও জেরা হয়। বেলা ১১টা আট মিনিটে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইদুর রহমান সাক্ষীর কাছে ১৯৭০ সালের নির্বাচন সম্পর্কে জানতে চান। এ সময় সাক্ষী মোহাম্মদ হোসেন আলী বলেন, ‘১৯৭০ সালে বাঘারপাড়া হাইস্কুল মাঠে একটি নির্বাচনী সভা হয়েছিল। ওই সভায় আমি উপস্থিত ছিলাম না, তবে শুনেছি।’আইনজীবী সাঈদুর রহমান আর কী জানেন—জানতে চাইলে মোহাম্মদ হোসেন আলী বলেন, ‘আমি আর কিছু জানি না। এলাকার রওশন সাহেবের বাড়িতে সাঈদী সাহেব আসা-যাওয়া করতেন। তবে যুদ্ধের আগে না পরে, মনে নেই।’এ অবস্থায় সাক্ষীর জবানবন্দি শেষ হলে আসামি পক্ষের আইনজীবীরা সাক্ষীকে কোনো জেরা করেননি। আর কোনো সাক্ষী উপস্থিত না থাকায় ট্রাইব্যুনাল সাঈদীর বিরুদ্ধে মামলার কার্যক্রম ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেন।