দুই মেয়রের অন্য রকম আড্ডা
টিপ টিপ বৃষ্টি। সন্ধ্যা সাড়ে সাতটা। রাজশাহী নগরের আলুপট্টির মোড়। মসজিদ থেকে নামাজ পড়ে বের হলেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র। সঙ্গে এ নিয়ে চারবারের নির্বাচিত কাউন্সিলর আবদুল হামিদ সরকার। তাঁরা বসলেন পাশের এক ব্যবসায়ীর কার্যালয়ে। চা-পান করতে করতে শুরু হলো গল্প, আড্ডা।এ সময় পাশ দিয়ে যাচ্ছিলেন নবনির্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেন। ওই ব্যবসায়ীর দোকানে খায়রুজ্জামান বসে আছেন শুনে ভেজানো দরজা ঠেলে ভেতরে ঢুকলেন তিনি। খায়রুজ্জামান উঠে দাঁড়ালেন। হাত বাড়িয়ে মোসাদ্দেককে বুকে টেনে নিলেন। কিছুক্ষণের জন্য নগরের সাবেক ও বর্তমান মেয়র দুজন দুজনের আলিঙ্গনে বন্ধুত্ব বিনিময় করলেন।এ সময় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকলেন কাউন্সিলর আবদুল হামিদ ও এই প্রতিবেদক। তারপর শুরু হলো আড্ডা। আবার চা। মোসাদ্দেকের জন্য চিনি ছাড়া। না, ডায়াবেটিস হয়নি। চিকিত্সকের পরামর্শে আগাম সতর্কতা। এতে ভালোই আছেন তিনি। জানালেন, চিনি ছাড়া চায়ে অভ্যাস হয়ে গেছে।এভাবে মামুলি আলাপের মধ্য দিয়েই একপর্যায়ে সিটি করপোরেশনের প্রসঙ্গ তুললেন মোসাদ্দেক। জানতে চাইলেন কয়টি প্রকল্প চালু রয়েছে। খায়রুজ্জামান একে একে প্রকল্পগুলো সম্পর্কে বললেন। কোনটির কতটুকু অগ্রগতি হয়েছে, তা-ও বুঝিয়ে দিলেন। কীভাবে প্রকল্পগুলো এনেছিলেন, কীভাবে প্রকল্প পাস করাতে হয়—এর দু-একটি কৌশলও বলে দিলেন। বললেন, ‘কাজগুলো বন্ধ করে দিয়ো না। আমি নতুন কাজ করেছি। মিজানুর রহমানের আমলের কাজও শেষ করেছি।’মোসাদ্দেক বললেন, ‘অবশ্যই, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। প্রকল্পগুলো জনস্বার্থেই নেওয়া হয়েছিল। প্রকল্পগুলো শেষ করব।’ জানতে চাইলেন, ‘মালোপাড়ার রাস্তাটার কী অবস্থা, ভাই?’খায়রুজ্জামান বললেন, ‘কয়েকটি রিট থাকার কারণে অধিগ্রহণ ঠেকে আছে।’মোসাদ্দেক বললেন, ‘এই অধিগ্রহণটা আপনি করতে গেলেন কেন?’খায়রুজ্জামান হেসে বললেন, ‘অধিগ্রহণ না করলে তো উন্নয়নও করা যাবে না।’ মোসাদ্দেক বলে বসলেন, ‘উন্নয়ন করে তো ভোট পাওয়া গেল না। নিজে ঠেকে এবার শিখলেন তো।’ দুজনই একসঙ্গে হেসে উঠে বললেন, ‘হ্যাঁ, উন্নয়ন করে ভোট পাওয়া যায় না।’মোসাদ্দেক বললেন, ‘লিটন (খায়রুজ্জামান) ভাই, সিটি সেন্টারটা আপনি এনা প্রপার্টিজকে দিয়ে করালেন কেন, নিজে করলেই তো পারতেন?’খায়রুজ্জামান বললেন, ‘নিজের করার মতো তো করপোরেশনের টাকা ছিল না।’আবার মোসাদ্দেক বললেন, ‘স্বপ্নচূড়া প্লাজাটা সিটি ভবনের পাশে না করে জায়গাটা উন্মুক্ত রাখলে বেশি সুন্দর লাগত না! এই ভবনে সিটি বিশ্ববিদ্যালয় হলে সিটি ভবনের পরিবেশ নষ্ট হয়ে যাবে।’ খায়রুজ্জামান বললেন, ‘পরে অন্য জায়গায় সরিয়ে নিলেই হবে। আর ফাঁকা রাখলে ভালো লাগত ঠিক আছে, তবে সিটি ভবনের সামনে তো আরও বেশি জায়গা ছাড়া দরকার ছিল। তখন মিজানুর রহমান মিনু সেটা করতে পারেননি। এমনি যে বাণিজ্যিক ভবনগুলো করা হয়েছে, তাতে তুমি বসলে বুঝতে পারবে সিটি করপোরেশনের অনেক আয় হবে।’চা-পানে আড্ডা বেশ লম্বা হলো। মোসাদ্দেক বললেন, ‘ভাই, মাদক রাজশাহীর অন্যতম সমস্যা। অভিভাবকেরা সচেতন না হলে শুধু প্রশাসন দিয়ে কি ঠেকানো যাবে?’খায়রুজ্জামান বললেন, ‘কখনোই ঠেকানো যাবে না। ছেলে কখন বাড়ি ফিরছে, কখন ঘুম থেকে উঠছে, বাবা-মাকে খেয়াল রাখতে হবে। ছেলে রাত করে বাড়ি ফিরবে, বেলা ১২টা পর্যন্ত ঘুমাবে আর বাবা-মা খেয়াল করবেন না, তাহলে হবে না।’দুজনই বললেন, আমাদের সময় আমরা কি সন্ধ্যার পরে বাড়ি ফিরতে পেরেছি? মোসাদ্দেক বলেন, ‘ভাই, আপনার মনে আছে না, আন্টির কত বকা খেতে হয়েছে।’দুই মেয়র এক জায়গায় বসেছেন এ খবর আশপাশে ছড়িয়ে পড়েছে। দু-একজন করে সমর্থকেরা ভেতরে ঢুকছেন। পাশে দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করছেন। কেউ মেয়েকে নিয়ে আসছেন মাথায় হাত দিয়ে দোয়া করে নিতে। আড্ডা অন্য দিকে মোড় নিচ্ছে।এ সময় প্রথম আলোর পক্ষ থেকে নতুন মেয়র মোসাদ্দেক হোসেনের কাছে প্রশ্ন ছিল, বাংলাদেশের একটা রীতি হয়ে গেছে আগের স্মৃতিচিহ্ন মুছে দেওয়া। রাজশাহীতে আগের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান নগরের বিন্দুর মোড়কে সুন্দর করে সাজিয়েছেন। মাঝখানে একটা মনুমেন্ট তৈরি করেছেন। নাম পরিবর্তন করে রেখেছেন ‘এ এইচ এম কামরুজ্জামান চত্বর’। তিনি (মোসাদ্দেক) এখন এগুলো ভেঙে ফেলবেন কি না?সাবেক মেয়র কৌতূহল নিয়ে তাকালেন নতুন মেয়রের দিকে। সে দৃষ্টিতে হয়তো বা কিছুটা সংশয়ও ছিল। তবে সময় নিলেন না মোসাদ্দেক। চট করে বললেন, ‘না, না, ভেঙে ফেলব কেন। সারা দেশের রাজনৈতিক সংস্কৃতি যা-ই হোক, আমরা রাজশাহীর মানুষ হিসেবে রাজশাহীতে থেকে নতুন সংস্কৃতি চালু করব। রাজশাহী আজ যা করবে, কাল তা বাংলাদেশ করবে।’পরাজিত হলেও নির্বাচনের দায়িত্ব পালন করার জন্য খায়রুজ্জামান নাগরিক কমিটিকে ধন্যবাদ জানাতে যাবেন। এ জন্য একটা আয়োজন করা হয়েছে। তিনি সবাইকে ধন্যবাদ দিয়ে উঠে গেলেন। এবার ঘর ভরে ফেললেন মোসাদ্দেকের সমর্থকেরা।