দুই যুগ লড়ে প্রমাণ করলেন তিনি মরেননি
ভারতের বিহার প্রদেশে জন্মেছিলেন আশারফি দেবী। ১২ বছর বয়সে বিয়ে হয় তাঁর। প্রথম মা হয়েছিলেন ১৯ বছর বয়সে। স্বামী পরিত্যক্তা হয়েছেন ২৩ বছরে পা দিয়ে, আইনত মৃত বলে ঘোষিত হয়েছিলেন ৪০ বছর বয়সে। এখন তাঁর বয়স ৬৪। অথচ তিনি যে বেঁচে আছেন, তা প্রমাণ করতে গত ২৪ বছর ধরে মাথার ঘাম পায়ে ফেলে সংগ্রাম চালাতে হয়েছে। অবশেষে এ বছরের মে মাসে একটি পঞ্চায়েত আদালত তাঁকে জীবিত বলে রায় দেন।১৯৬০ সালে আশারফি দেবীর বাবা-মা তাঁর বিয়ে দিয়েছিলেন বিহারের রোহতাস জেলার বরুণ গ্রামের রাম জনম সিং নামের এক কৃষকের সঙ্গে। খুব কম বয়সে বিয়ে হয়েছিল তাঁর। তাই বিয়ের কথা ভালো করে মনে নেই। সে বিয়ের নিবন্ধনও হয়নি। তবে তিনি এখনও স্মরণ করতে পারেন, সেদিন তাঁকে নতুন লাল শাড়ি পরানো হয়েছিল। বাবা-মায়ের ছোট কুঁড়ে ঘরের সামনে একটি বড় গাছের উঁচু শাখায় বাঁধা মাইকে গান বাজছিল। তবে সে আনন্দ বেশিদিন টেকেনি। বিয়ের কিছুদিন পর তিনি জানতে পারেন, রাম জনম সিং এর আগে ঝলকিয়া দেবী নামের এক নারীকে বিয়ে করেছিলেন। রাম জনমের দ্বিতীয় বিয়ের কিছুদিন আগে মারা যান ঝলকিয়া দেবী। ১৯ বছর বয়সে এক কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর, আশারফি দেবীর ওপর শুরু হয় নির্যাতন। স্বামীর হাতে শারীরিক ও মানসিকভাবে নিপীড়িত হতে থাকেন তিনি।আশারফি দেবী বলেন, ‘মেয়ের বয়স যখন চার বছর, তখন আমার স্বামী আমাদের দু’জনকে বাড়ি থেকে বের করে দেন। আমি আমার বাবার বাড়িতে চলে যাই।’ কন্যা বিমলা দেবী বড় হলে আশারফি তাঁকে বিয়ে দেন সবজিওয়ালা অনিল কুমার সিংয়ের সঙ্গে। বিয়ের খরচ বহন করেন আশারফির বাবা ও ভাই। এক সমস্যা তো কাটল, কিন্তু এরপরও শান্তি নেই আশরাফির। জানতে পারেন, রাম জনম তাঁকে মৃত দেখিয়ে নতুন বিয়ে করেছেন। ভীষণ আঘাত পান আশারফি। জানা যায়, রাম জনম সাসারাম জেলার পৌরসভা থেকে আশারফির জাল মৃত্যু সনদ জোগাড় করে তা দেখিয়ে তৃতীয় বিয়ে করেন। ১৯৮৮ সালের ৩০ ডিসেম্বর ওই সনদটি ইস্যু করা হয়। আশারফি দেবী বলেন, ‘৪০ বছর বয়সে আমাকে মৃত ঘোষণা করা হয়।’ভীষণ জেদ হয় আশারফি দেবীর। নিজেকে জীবিত প্রমাণ করতে লড়াই শুরু করেন। পুলিশ, রাজনীতিবিদ থেকে শুরু করে আদালত পর্যন্ত যান। তিনি বলেন, ‘পুলিশ থেকে আদালত পর্যন্ত সবার কাছে গেছি আমি। বেঁচে আছি এটা নিশ্চিত হয়েও, কেউ কাগজে-কলমে প্রমাণ করতে পারেনি যে আমি জীবিত। এরপর ভীষণ হতাশ হই।’নিজেকে জীবিত প্রমাণ করতে তিনি তাঁর স্বামীর বাড়ির মাত্র আধা কিলোমিটার দূরে একটি কুঁড়ে ঘর তুলে সেখানে মেয়ে-জামাইকে নিয়ে বাস করতে থাকেন। স্বামী ও তাঁর নতুন বউ শুভাগো দেবী হুমকি-ধামকি দিয়ে তাড়াতে চান তাঁকে। তিনি বলেন, ‘১৯৯৩-৯৪ সালের দিকে মিথ্যা চুরির মামলায় ফাঁসিয়ে তারা একবার জেলও খাটিয়েছে আমাকে। আমাকে মৃত প্রমাণ করার পর, সব সম্পত্তি স্ত্রীর নামে লিখে দিচ্ছিল সে।’ এ পর্যায়ে মরিয়া হয়ে ওঠেন তিনি। নিজেকে জীবিত দাবি করে, এক পঞ্চায়েতে গত বছর আবেদন করেন আশারফি দেবী।আশারফি দাখিল করা সব প্রমাণপত্র দীর্ঘ আটমাস ধরে খতিয়ে দেখেন পঞ্চায়েত আদালত। গত মে মাসে পঞ্চায়েত আশারফি দেবী, তাঁর স্বামী ও শ্বশুর বাড়ির লোক, গ্রামবাসী, স্থানীয় পুলিশ ও প্রশাসনের লোকজন এবং সাংবাদিকদের বিচারে ডেকে রায় ঘোষণা করেন। পঞ্চায়েত প্রধান সন্ধ্যা সিনহা বিবিসিকে বলেন, ‘সব ঘটনা ও প্রমাণ সাপেক্ষে, পঞ্চায়েত আশারফি দেবীর পক্ষে রায় দেণ। ঘোষণা করেন তিনি জীবিত।’ এ রায়ে সন্তুষ্ট আশারফি। তিনি বলেন, ‘এখন আমার কাছে সব কাগজপত্র আছে। আমি মরি নাই।’ মেয়ে বিমলা দেবী বলেন, ‘এটা আমার মায়ের পুনর্জন্ম।’কিন্তু আশারফি দেবী যে বেঁচে আছেন, তা মানতে রাজি নন স্বামী রাম জনম সিং। তিনি বলেন, ‘আশারফি দেবী ১৯৮৮ সালে মারা গেছে। আমি বুঝতে পারছি না এই মহিলা কেন নিজেকে আমার স্ত্রী হিসেবে দাবি করছে। এ ব্যাপারে ওকেই জিজ্ঞাসা করুন, আমি আর কী বলব!’