জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদের কার্যসূচি মুলতবি করে আলোচনার সুযোগ থাকলেও গত ২০ বছরে এ পর্যন্ত মাত্র চারটি মুলতবি প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা হয়েছে। অথচ চলতি সংসদের প্রথম এক বছর পর্যন্ত দুই দশকে প্রায় ১০ হাজার প্রস্তাবের নোটিশ দিয়েছিলেন সাংসদেরা।নোটিশগুলোর একটি বড় অংশই কম গুরুত্বপূর্ণ হলেও বিডিআর বিদ্রোহ বা শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার মতো গুরুত্বপূর্ণ প্রস্তাবও গৃহীত বা আলোচিত হয়নি।এ ব্যাপারে প্রথম আলোর সঙ্গে আলাপকালে বর্তমান ও একজন সাবেক স্পিকার মুলতবি প্রস্তাব আলোচিত না হওয়ার কারণ হিসেবে সংশ্লিষ্ট বিষয় বিচারাধীন থাকা, তুলনামূলকভাবে গুরুত্বহীন হওয়া, পরিবেশ-পরিস্থিতি এবং বিরোধী দলের অনুপস্থিতিকে তুলে ধরেছেন।লক্ষণীয় বিষয় হচ্ছে, এ পর্যন্ত আলোচিত সাকল্যে চারটি প্রস্তাবের সব কটিই ছিল পঞ্চম সংসদের। তখন থেকে গঠিত বাকি তিনটি সংসদে (মাত্র ১২ দিন স্থায়ী ষষ্ঠ সংসদ বাদে) একটিও প্রস্তাব আলোচিত হয়নি। এর মধ্যে চলতি নবম জাতীয় সংসদের প্রথম বছরে গত ডিসেম্বর পর্যন্ত প্রায় ৮০০ প্রস্তাব উত্থাপন করা হয়েছে।সংসদের কার্যপ্রণালি বিধির ৬২ (১) অনুচ্ছেদ অনুসারে সাম্প্রতিক জনগুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনার জন্য যেকোনো সদস্য সংসদ মুলতবির জন্য নোটিশ দিতে পারেন। লিখিত এ নোটিশ পাওয়ার পর স্পিকারের সম্মতিক্রমে সংসদের নির্ধারিত কাজ মুলতবি করে ওই বিষয়ের ওপর আলোচনা হতে পারে।পঞ্চম জাতীয় সংসদে (এপ্রিল ১৯৯১—নভেম্বর ৯৫) এক হাজার ৮০৩টি, সপ্তম সংসদে চার হাজার ৪৩৭টি এবং অষ্টম সংসদে দুই হাজার ৫৯৩টি মুলতবি প্রস্তাবের নোটিশ জমা পড়েছিল। পঞ্চম সংসদে পাঁচটি নোটিশ স্পিকার গ্রহণ করেন, যার মধ্যে চারটি নিয়ে আলোচনা হয়েছিল। সপ্তম সংসদে স্পিকার ৪১৯টি মুলতবি প্রস্তাবের নোটিশ গ্রহণ করলেও আলোচনা হয়নি একটিরও। অষ্টম সংসদে দুই হাজার ৫৯৩টি মুলতবি প্রস্তাবের নোটিশ দেওয়া হলেও একটিও গৃহীত কিংবা আলোচিত হয়নি। আর নবম জাতীয় সংসদের প্রথম বছরে গত ডিসেম্বর পর্যন্ত প্রায় ৮০০ মুলতবি প্রস্তাব উত্থাপন করা হলেও একটি নিয়েও আলোচনা করা হয়নি। মোটের ওপর চারটি সংসদে প্রায় সব মুলতবি প্রস্তাবই স্পিকার নাকচ করে দেন আইন ও বিধির কথা উত্থাপন করে। অষ্টম সংসদে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া ও আহসানউল্লাহ মাস্টারের হত্যা নিয়ে আলোচনা করতে ৫২ জন সদস্যের মুলতবি প্রস্তাবের নোটিশ স্পিকার গ্রহণ করেননি। বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার ঘটনায় একই সংসদে মুলতবি প্রস্তাবের ওপর আলোচনার দাবিতে সাড়া মেলেনি।সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘বেশির ভাগ মুলতবি প্রস্তাবের নোটিশই ছিল মামলা আছে এমন বিষয় নিয়ে। কার্যপ্রণালি বিধি অনুসারে সেগুলো আলোচনা করার সুযোগ ছিল না। আবার অনেক সময় বিরোধী দলের সদস্যরা এমন গুরুত্বহীন বিষয়ে মুলতবি প্রস্তাব আনেন, যা নিয়ে সংসদ মুলতবি করে আলোচনার সুযোগ নেই।’ বর্তমান সংসদের শুরুতে বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে সংসদে মুলতবি আলোচনার নোটিশ দিয়েছিলেন বিএনপির ২১ জন সাংসদ। কিন্তু দৃশ্যত অতি স্পর্শকাতরতার বিষয়টি বিবেচনা করে ওই সময় তাত্ক্ষণিকভাবে আলোচনার সুযোগ দেননি স্পিকার। তবে পরে বিডিআরের ঘটনা নিয়ে সংসদে সাধারণ আলোচনা হয়েছিল।কেন মুলতবি প্রস্তাবের নোটিশ তেমন একটা গ্রহণ করা হয় না—জানতে চাইলে বর্তমান সংসদের স্পিকার আবদুল হামিদ বলেন, ‘সময়, পরিবেশ, পরিস্থিতি অনেক বিষয় বিবেচনা করে স্পিকারকে সিদ্ধান্ত নিতে হয়। তবে বিডিআরের ঘটনা নিয়ে তাত্ক্ষণিক না হলেও পরে আলোচনা হয়েছে।’এ সংসদে বিরোধী দল উপস্থিত না থেকেও অসংখ্য মুলতবি প্রস্তাব দিয়েছে উল্লেখ করে আবদুল হামিদ বলেন, এখন স্পিকার চাইলেও ওই সব প্রস্তাব উপস্থাপনের সুযোগ নেই। সংসদের কার্যপ্রণালি বিধির ৬৩ বিধি অনুসারে বাজেটের সাধারণ আলোচনার জন্য ধার্য কোনো দিনে মুলতবি প্রস্তাব উত্থাপন করা যাবে না। আর প্রস্তাবটি সাম্প্রতিক কোনো বিষয়ের ওপর সীমাবদ্ধ থাকবে। প্রস্তাবে বিচারাধীন কোনো বিষয় থাকতে পারবে না। যে চারটি সিদ্ধান্ত প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে: ১৯৯১ সালের ২৮ জানুয়ারি প্রথম সংসদের নির্ধারিত কাজ মুলতবি করে আলোচিত সিদ্ধান্ত প্রস্তাবটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দল ছাত্রের বন্দুকযুদ্ধ নিয়ে। ওয়ার্কার্স পার্টির সদস্য রাশেদ খান মেনন এটি উত্থাপন করেন। এরপর একই বছরের ২৩ এপ্রিল সংসদে আলোচিত মুলতবি প্রস্তাবটি ছিল সীমান্তে বিএসএফের গুলিতে বিডিআর জওয়ানসহ চার বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা নিয়ে। প্রস্তাবটি এনেছিলেন তখন এনডিপি থেকে নির্বাচিত সালাউদ্দিন কাদের চৌধুরী। এরপর ১৯৯২ সালের ১২ জানুয়ারি ময়মনসিংহ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সদস্য শামসুল হক ‘পাকিস্তানি নাগরিক গোলাম আযমকে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের প্রধান নির্বাচিত করা’ বিষয়ে মুলতবি প্রস্তাব আনেন। শেষ মুলতবি প্রস্তাবটি আলোচিত হয় ১৯৯৩ সালের ২০ এপ্রিল। যশোর থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাংসদ অধ্যাপক রফিকুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘জামায়াত শিবিরের নারকীয় তাণ্ডবের’ বিষয়ে এ মুলতবি প্রস্তাব আনেন।গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অনীহা: গত চারটি সংসদে অসংখ্য গুরুত্বপূর্ণ মুলতবি প্রস্তাবের নোটিশ এলেও কার্যপ্রণালি বিধির যুক্তি দেখিয়ে তা বাতিল করে দেওয়া হয়। কিছু কিছু সময় তা গ্রহণ হলেও আলোচনা হয় না। গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অনাগ্রহ দেখানো হয়েছে সব সরকারের আমলেই। আবার, মুলতবি প্রস্তাবের নামে বেশির ভাগ সময়েই সামান্য বিষয় তোলা হয়। যেমন একটি প্রস্তাবের নোটিশ ছিল এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন করার দাবি নিয়ে। এ ধরনের নোটিশের সংখ্যাই বেশি।আওয়ামী লীগের প্রবীণ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, সংসদে যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মুলতবি প্রস্তাবের ওপর আলোচনা হতে পারে। হওয়া উচিত। কিন্তু রাজনীতি যখন দ্বন্দ্বমুখর হয়ে ওঠে আর পরস্পরের প্রতি যখন শ্রদ্ধাবোধ থাকে না, তখন এসব আলোচনার প্রস্তাব অর্থহীন হয়ে ওঠে।সাবেক আইনমন্ত্রী বিএনপির নেতা মওদুদ আহমদ বলেন, সংসদকে কার্যকর করতে হলে সরকারি দলকেই বেশি দায়িত্ব নিতে হবে। বর্তমান সংসদেও অনেক গুরুত্বপূর্ণ মুলতবি প্রস্তাব দেওয়া হচ্ছে। কিন্তু তা আমলে নেওয়া হচ্ছে না।১০ মিনিটে ৩৬ প্রস্তাব নাকচের নজির: গত বছরের ৯ সেপ্টেম্বর সংসদে টিপাইমুখ বাঁধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাঁদাবাজি, বিরোধীদলীয় নেত্রীকে সেনানিবাসের বাড়ি থেকে ‘উচ্ছেদ’, সাংসদদের এলাকার বিভিন্ন সমস্যাসহ বিরোধী দল বিএনপির সাংসদদের ৩৪টিসহ মোট ৩৬টি মুলতবি প্রস্তাবের নোটিশ স্পিকার ১০ মিনিটের মধ্যে নাকচ করেন। বিরোধী দলের সদস্যরা সংসদে উপস্থিত না থাকায় তাঁদের নোটিশগুলো বাতিল হয়ে যায়।উপস্থিত সরকারি দল ও স্বতন্ত্র সদস্যের নোটিশ দুটিও এ সময় নাকচ হয়ে যায়। স্পিকার আবদুল হামিদ একসঙ্গে সব কটি নোটিশের বিষয়বস্তু তুলে ধরে দুই বাক্যের সিদ্ধান্তে সবগুলো প্রস্তাব নাকচ করে দেন। স্পিকার বলেন, সংসদ মুলতবি করে আলোচনা করার মতো কোনো নোটিশ পাওয়া যায়নি।দৃশ্যত নোটিশগুলোর অধিকাংশই সংসদ মুলতবি করার মতো বিষয় না হলেও টিপাইমুখ বাঁধ ও খালেদা জিয়ার সেনানিবাসের বাসার মতো বিষয়ও বিধির যুক্তিতে নাকচ হয়ে যায়।মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা প্রসঙ্গে সংসদ বিশেষজ্ঞ এ টি এম ওবায়দুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্যি, বাংলাদেশে মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার নজির খুবই কম। প্রতিটি সংসদে অন্তত ১০টি বিষয়ে এ ধরনের নোটিশ গৃহীত হতে পারে।’ওবায়দুল্লাহ জানান, ভারতে গড়ে বছরে এ ধরনের ১০ থেকে ১৫টি নোটিশের ওপর আলোচনা হয়। এ ছাড়া বিশ্বের অনেক পার্লামেন্টেরই মডেল হিসেবে পরিচিত ব্রিটিশ পার্লামেন্টে প্রতি কার্যদিবসের শেষেই আধঘণ্টা মুলতবি প্রস্তাবের ওপর আলোচনা হয়ে থাকে। এমপিরা সেখানে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু বা নিজের নির্বাচনী এলাকার বিষয় তুলে থাকেন, যার জবাব দেন একজন মন্ত্রী।