দুই যুবক নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার সুদক্ষীরা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে দুই যুবক নিহত হওয়ার ঘটনায় গতকাল বুধবার রাতে জিসান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।সুদক্ষীরা এলাকায় গত মঙ্গলবার সন্ত্রাসীদের গুলিতে সাভারের পূর্ব রাজাসনের আবদুল জব্বারের ছেলে শাওন (৩০) ও আকরাইন এলাকার শাজাহানের ছেলে শামীম হোসেন (২৮) নিহত হন।ওই দুই যুবক এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলে সাভার থানার পুলিশ জানিয়েছে। তবে শাওন ও শামীমের পরিবার তা অস্বীকার করেছে। শাওনের ছোট ভাই সজল প্রথম আলো ডটকমকে জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে শাওন তাঁর বন্ধু শামীম ও জিসানের সঙ্গে সাভারের পূর্ব রাজাসনের একটি মোটর গ্যারেজে বসে চা পান করছিলেন। এ সময় রাজ নামের তাঁদের এক বন্ধু এসে শাওন ও শামীমকে মোটরসাইকেলে বসিয়ে নিয়ে যান। কিছুদূর যাওয়ার পর নজরুল ইসলাম নামের আরেক বন্ধু মোটরসাইকেলে করে এসে তাঁদের সঙ্গে যোগ দেন। পরে তাঁরা চারজন দুটি মোটরসাইকেলে করে চলে যান।এর কয়েক ঘণ্টা পর থেকে শাওন ও শামীমের মুঠোফোন বন্ধ পান পরিবারের সদস্যরা। রাত একটার পর সাভার থানার পুলিশকেও বিষয়টি জানানো হয়। গতকাল সকালে সংবাদপত্রে প্রকাশিত সংবাদ দেখে সিঙ্গাইর থানায় গিয়ে শাওন ও শামীমের লাশ শনাক্ত করেন স্বজনেরা।সজল বলেন, ‘মাস তিনেক আগে নজরুল রাজধানীর উত্তরা থেকে অস্ত্রসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়। এর পর থেকে নজরুলের মোটরসাইকেলটি চালাত শাওন। কিছুদিন আগে আমাদের ঘনিষ্ঠজন সাভার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম মণ্ডল ওই মোটরসাইকেলটি তাঁর হেফাজতে নেন। দিন পাঁচেক আগে নজরুল জামিনে মুক্ত হয়ে শাওনের কাছে মোটরসাইকেল ফেরত চায়। কিন্তু যুবলীগের ওই নেতা মোটরসাইকেল ফেরত না দেওয়ায় শাওনের সঙ্গে নজরুলের বিরোধ সৃষ্টি হয়।’ এর জের ধরে তাঁর ভাই ও শামীমকে হত্যা করা হয়ে থাকতে পারে অভিযোগ করেন সজল।সজলের অভিযোগ অস্বীকার করে যুবলীগের নেতা সেলিম মণ্ডল প্রথম আলো ডটকমকে বলেন, ‘শামীম আমার খালাতো ভাই। শামীমের বন্ধু হিসেবে শাওনকে চিনি। কিন্তু ওর কাছ থেকে আমি কোনো মোটরসাইকেল নিইনি। আমার তো কোনো কিছুর অভাব নেই। আর নজরুল ও রাজ নামের কাউকে চিনি না।’স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। তিনি একসময় রাজাসনে থাকতেন। আর নজরুল সাভার পৌরসভার মজিদপুর এলাকার বাসিন্দা। নিহত শাওন ও শামীমের সঙ্গে তাঁদের (রাজ ও নজরুল) দীর্ঘদিনের সম্পর্ক।সাভার থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমন বলেন, ‘নজরুল সম্প্রতি জামিনে মুক্ত হয়ে শাওনের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। এই বিরোধের জের ধরে জোড়া খুন হতে পারে।’সাজ্জাদ বলেন, শাওন, শামীম, নজরুল ও রাজ একই দলভুক্ত এবং এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাঁদের বিরুদ্ধে মাদক ব্যবসা, ছিনতাই, খুনসহ নানা অপকর্মে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।তবে শাওনের বড় ভাই সেলিম বলেন, তাঁর ভাই আগে বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত থাকলেও প্রায় সাত মাস আগে সব ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসে। এর পর থেকে শাওন বাড়ির পাশে মুদি দোকান চালাতেন।