দুই যুবকের চেষ্টায় গড়ে উঠল বৃদ্ধাশ্রম
নিজের অর্থ, বাবার জমি, বন্ধুর সহযোগিতা ও গ্রামের তরুণদের স্বেচ্ছাশ্রমে নিভৃত গ্রামে বৃদ্ধাশ্রম গড়ে তুলেছেন ২৪ বছরের এক যুবক। ২৩ জুলাই অনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। উদ্যোগী যুবকের নাম খোকন তরু। নওগাঁর নিয়ামতপুর উপজেলার পারইল ইউনিয়নের সুলতানপুরে তাঁর বাস। ‘তরু উদ্যান বৃদ্ধাশ্রম’ নামের এই আশ্রমে আশপাশের অসহায় ২০ বৃদ্ধ-বৃদ্ধাকে আশ্রয় দেওয়া হবে। তাঁদের ভাত-কাপড় ও প্রয়োজনে চিকিৎসা সহায়তা দেওয়া হবে। খোকন তরুর এ উদ্যোগকে সহযোগিতা দেওয়ায় অঙ্গীকার করেছে আশপাশের সাত-আট গ্রামের সহানুভূতিশীল মানুষজন।এলাকার দুজন অসহায় বৃদ্ধকে আশ্রয় দিয়ে শুরু হয়েছে এ বৃদ্ধাশ্রমের যাত্রা। খোকন তরু প্রথম আলোকে জানান, পাঁচজন বৃদ্ধের খাওয়া-পরা ও চিকিৎসার ব্যয় তিনিই বহন করবেন। আপতত তাঁর বাড়ির রান্না করা খাবার দিয়েই চলছে। নিজ পরিবারের পূর্ণ সমর্থন নিয়ে আশ্রমটি গড়ে তুলতে পেরে খুব উল্লসিত খোকন তরু। খোকন তরু জানান, ‘এলাকার অসহায় বৃদ্ধদের দুঃখ-কষ্ট দেখে নিজেরও কষ্ট হতো। এ থেকেই প্রথমে মায়ের সঙ্গে এ নিয়ে পরামর্শ করি। তারপর মার জোর সমর্থন দেখে বাবাও রাজি হলেন। দান করলেন রাস্তার পাশের ১০ কাঠা জমি। সঙ্গে পেয়ে গেলাম গ্রামের মোটামুটি স্বচ্ছল আরেক বন্ধুকে। প্রথমে দুজন মিলেই ঘর তোলা শুরু করলাম। আমাদের উদ্দেশ্য জানতে পেরে না ডাকতেই শ্রম দিতে চলে আসল ১৫-২০ জন তরুণ-যুবক। এমনকি এক ১২ বছরের বালকও এল। আমরা অভিভূত হয়ে দেখলাম এ বালকের আন্তরিকতা। শ্রমদানের দিক থেকেও সে কারও চেয়ে কম নয়। এভাবেই আমাদের সবার শ্রমে ৪২ হাত লম্বা, ১০ হাত চওড়া বেড়াঘেরা বৃদ্ধাশ্রমের নিবাস তৈরি হলো।’ আশ্রমটির উদ্বোধনী অনুষ্ঠানে সুলতানপুরসহ আশপাশের ৮-১০ গ্রামের প্রায় ১০০ মানুষ উপস্থিত হয়। এলাকার বিশিষ্ট সমাজকর্মী খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন। খাইরুল ইসলাম বলেন, ‘খোকন ও তাঁর সহযোগী বন্ধু আজাহার মণ্ডল এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত। তারা বৃদ্ধাশ্রমটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে বলে আমি বিশ্বাস করি। আর আমিও আছি তাদের এই শুভকাজের পাশে।’ খোকন তরু জানান, উদ্বোধনী দিনেই পারইল ইউনিয়নের টিকিপাড়ার সোলায়মান (৭০) ও সাবিলপুরের ইসরত আলী (৬৮) বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছেন। খোকনের বন্ধু আজাহার মণ্ডল বলেন, ‘আমাদের বাড়িতে একজন প্রতিবন্ধী বৃদ্ধ ভিক্ষা করত। পেটের ভাতের জন্য তার এই কষ্ট আমাকে নাড়া দেয়। পরে নিজ তাগিদেই খোকন তরুর উদ্যোগে পাশে দাঁড়াই।’ খোকন তরু পেশায় একজন হোমিও চিকিৎসক। নিয়ামতপুর উপজেলার পারইল ইউনিয়নের গাংগোর বাজারে তাঁর চিকিৎসালয়। আর আজাহার হচ্ছেন পেশায় একজন কৃষক।