দুই যুবরাজ মুখোমুখি হবেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ভারত সফর উপলক্ষে আজ রোববার মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এত দিন বলা হচ্ছিল, এটি হবে দুই নেতার মধ্যকার রুদ্ধদ্বার মধ্যাহ্নভোজ। কিন্তু ভারতের এক দায়িত্বশীল সরকারি কর্মকর্তা ‘টাইমস অব ইন্ডিয়া’কে জানিয়েছেন, দুই দেশেই যুবরাজ খ্যাত কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো এই মধ্যাহ্নভোজে অংশ নেবেন। মনমোহন সিংয়ের দেওয়া এই মধ্যাহ্নভোজে রাহুল ও বিলাওয়াল নিজ নিজ দলের প্রতিনিধিত্ব করবেন। তবে তাঁদের সাক্ষাতের জন্য আলাদা কোনো সময় বরাদ্দ রাখা হয়নি। মধ্যাহ্নভোজের ফাঁকেই তাঁরা নিজেদের মধ্যে কথা বলবেন বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের ওই সরকারি কর্মকর্তা বলেছেন, এটা হবে তাঁদের প্রথম বৈঠক। এ সময় তাঁরা নিজেদের মধ্যে কথা বলতে ও পরস্পরকে ভালোভাবে জানতে যথেষ্ট সময় পাবেন।রাহুল গান্ধী এই মধ্যাহ্নভোজের সময় বিলাওয়ালের বিপরীতে বসবেন বলে ধারণা করা হচ্ছে। ভারতের ক্ষমতাসীন জোটের প্রধান শরিক কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী, অর্থমন্ত্রী প্রণব মুখার্জি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম, প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন ছাড়াও বিরোধী নেতা সুষমা সরাজ ও লালকৃষ্ণ আদভানি এই মধ্যাহ্নভোজে অংশ নেবেন বলে জানা গেছে।ছেলে বিলাওয়াল ছাড়াও প্রেসিডেন্ট জারদারির সঙ্গে থাকবেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক ও বেশ কয়েকজন প্রতিনিধি।ব্যক্তিগত এই সফরে পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি আজ ভারতের আজমিরে আসছেন। রাজস্থান রাজ্যের আজমিরে তিনি খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর মাজার জিয়ারত করবেন।পাকিস্তানের প্রেসিডেন্টকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছেন মনমোহন সিং। মধ্যাহ্নভোজের আগে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গুরুত্বপূর্ণ এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যকার চলমান সম্পর্কে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।এর মধ্য দিয়ে প্রতীয়মান যে জারদারির ভারত সফরের উদ্দেশ্য কেবল ধর্মীয় নয়, বরং এর পেছনে সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্যও আছে। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, জারদারির এই ব্যক্তিগত সফরের সময় উভয় দেশের শীর্ষ নেতাদের মধ্যে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হতে পারে।উল্লেখ্য, ২০০৫ সালের পর এই প্রথম পাকিস্তানের কোনো রাষ্ট্রপ্রধান ভারত সফরে যাচ্ছেন। ২০০৯ সালে রাশিয়ায় অনুষ্ঠিত এসসিও (সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন) শীর্ষ সম্মেলনের এক ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সর্বশেষ বৈঠকে মিলিত হয়েছিলেন প্রেসিডেন্ট জারদারি।