দুই লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আজ শুক্রবার ভোররাতে দুই লাখ টাকার জাল নোটসহ আবারও তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মেহেদী হাসান (৪০), তাঁর স্ত্রী শিরিন আক্তার (৩৪) ও তাঁদের সহযোগী পাইকারি জাল নোট বিক্রেতা সোহেল এলাহী (২৭)।এর আগে ৪ আগস্ট ডিবি পুলিশ নগরের পোস্তাগোলা এলাকার রাজবাড়িতে অভিযান চালিয়ে ৫০ লাখ টাকার জাল নোট এবং এসব তৈরির একটি চক্রের প্রধান বাবু শেখসহ সাতজনকে গ্রেপ্তার করে।ডিবি সূত্র জানায়, আজ ভোরে গোপন খবরের ভিত্তিতে ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমানের নেতৃত্বে একটি দল যাত্রাবাড়ীর কাজলা এলাকার এক বাসায় অভিযান চালায়। ৫০০ ও ১০০০ টাকার মোট দুই লাখ পাঁচ হাজার টাকার জাল নোটসহ মেহেদী, তাঁর স্ত্রী শিরিন ও তাঁদের সহযোগী সোহেল এলাহীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, জাল নোট তৈরির একটি চক্রের প্রধান আবদুল হামিদের কাছ থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জাল নোট পাইকারি কিনেছিলেন। কয়েক দিন আগে হামিদ তাঁদের কাছে জাল নোটগুলো বিক্রি করে গ্রামের বাড়িতে ঈদ করতে গেছেন। জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও সদরঘাট এলাকায় তাঁরা পাইকারি ও খুচরা বিক্রি করেন। এ ছাড়া কেনাকাটা করেও ঈদের বাজারে জাল টাকা ছড়িয়ে দিয়েছেন।ডিবির ওই কর্মকর্তা জানান, তাঁদের কাছ থেকে জাল টাকা দিয়ে কেনা স্যান্ডেল, সাবান, প্রসাধনসামগ্রী উদ্ধার করা হয়েছে। জাল নোট তৈরি চক্রের প্রধান হামিদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁরা যেন ঈদের বাজারে জাল নোট ছড়াতে না পারে, সে জন্য ডিবি পুলিশ তত্পর আছে। র্যাব ও ডিবির কর্মকর্তারা জানান, গত এক বছরে জাল নোট তৈরির ২৫ চক্রের প্রধানকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সাতটি চক্রের প্রধান গ্রেপ্তার হলেও তিনটি চক্রের প্রধান আদালত থেকে জামিন নিয়ে বেরিয়েছেন।