দুই লাখ মানুষের চিকিৎসক ৭ জন
অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রয়োজনীয় চিকিৎসক, ওষুধ ও চিকিৎসাসামগ্রী-সংকটে উপজেলার দুই লাখ মানুষ ক্রমেই বেসরকারি ক্লিনিকগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।খোঁজ জানা গেছে, কাগজে-কলমে বাগাতিপাড়া স্বাস্থ্য কমেপ্লেক্সে ১৪ জন চিকিৎসক থাকলেও বাস্তবে মাত্র সাতজন সেবা দিচ্ছেন। তবে তাঁরাও নিয়মিত আসেন না। সরকারিভাবে আবাসিক চিকিৎসককে হাসপাতাল এলাকায় বসবাস করা বাধ্যতামূলক হলেও এখানকার আবাসিক চিকিৎসক হাসিবুল হাসান থাকেন লালপুরে। তিনি সকাল ১০টায় এসে দুপুর একটার মধ্যে চলে যান। অন্য চিকিৎসকেরা সবাই হাসপাতালের বাইরে অবস্থান করেন। ফলে দুপুরের পর জরুরি রোগী এলে তাদের নার্সদের দেওয়া চিকিৎসা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়, নয়তো বাইরের বেসরকারি কোনো ক্লিনিকে গিয়ে ভর্তি হতে হয়।চিকিৎসা নিতে আসা বাগাতিপাড়ার স্যানালপাড়া গ্রামের শহিদ বলেন, হাসপাতালে প্যারাসিটামল, হিস্টাসিন, অ্যান্টাসিড ট্যাবলেট ও টিসি ক্যাপসুল ছাড়া আর কিছু পাওয়া যায় না। বেশির ভাগ ওষুধ কিনতে হয় বাইরে থেকে। নওসাঁড়া গ্রামের গীতা রানীর অভিযোগ, দিনের বেশির ভাগ সময় হাসপাতালে গিয়ে চিকিৎসক পাওয়া যায় না।পিপি কর্মকর্তা নাকি উপজেলা হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক হাসিবুল হাসান অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ সত্য নয় বলে জানান। তিনি বলেন, শিফট অনুযায়ী চিকিৎসকদের দায়িত্ব বণ্টন করা থাকে। সেই নিয়ম অনুযায়ী তাঁরা দায়িত্ব পালন করেন। তিনি বলেন, কোনো রাজনৈতিক নেতাদের মনের মতো কাজ না করলেই এ ধরনের বিভ্রান্তিকর অভিযোগ ওঠানো হয়।