দুই শতাধিক কর্মকর্তার মামলা সচল হচ্ছে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য স্বেচ্ছায় প্রকাশ করা দুই শতাধিক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) স্থগিত থাকা মামলা সচল হচ্ছে। আরও দুই শতাধিক কর্মকর্তা নিজ উদ্যোগে ট্রুথ কমিশনে গিয়ে একইভাবে দায়মুক্তি নিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ দুর্নীতিবিরোধী প্রচলিত যেকোনো আইনে মামলা করা যাবে।গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ট্রুথ কমিশনকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখায় দুদকের মামলাগুলো স্বয়ংক্রিয়ভাবে সচল হবে বলে সংস্থাটির উচ্চপর্যায়ের সূত্র নিশ্চিত করেছে। একজন রাজনীতিক ও এক বিচারপতির ছেলেসহ ৪৫২ জন অবৈধভাবে উপার্জিত ৩৪ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে দায়মুক্তি নিয়েছিলেন।গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুই শতাধিক সরকারি কর্মকর্তাকে দুদক সম্পদের হিসাব জমা দেওয়ার নোটিশ দিলে তাঁরা সত্য ও জবাবদিহিতা কমিশনে (ট্রুথ কমিশন) যান। সেখানে নিজের দোষ স্বীকার করে তাঁরা অবৈধ উপার্জনের অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দায়মুক্তি নেওয়ায় অনুসন্ধান-তদন্তের প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। পরে হাইকোর্ট ট্রুথ কমিশনকে অবৈধ ঘোষণা করেন। এর বিরুদ্ধে লিভ টু আপিল করলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত রাখেন। তবে গতকাল সুপ্রিম কোর্ট এই আপিল খারিজ করে দায়মুক্তি বেআইনি ঘোষণা করেন।দুদকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে গতকাল প্রথম আলোকে বলেন, ওই সব মামলা এখন স্বয়ংক্রিয়ভাবে সচল হবে। তিনি বলেন, মোট ৪৫২ জন ট্রুথ কমিশন থেকে দায়মুক্তি নিয়েছিলেন। এর মধ্যে যাঁদের বিরুদ্ধে দুদক ইতিপূর্বে অনুসন্ধান করেনি, তাঁদের বিষয়ে কমিশনের সিদ্ধান্তক্রমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এই সংখ্যা কমবেশি ২০০ জন হতে পারে বলে তিনি জানান। দুদকের চেয়ারম্যান গোলাম রহমান দেশের বাইরে থাকায় নাম প্রকাশ করে আর কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।জানতে চাইলে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, যাঁরা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের কথা স্বীকার করেছেন, তাঁদের বিরুদ্ধে প্রচলিত যেকোনো আইনেই ব্যবস্থা নেওয়া যায়। দুদক, আয়কর বিভাগ এবং যেসব মন্ত্রণালয় বা মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা দুর্নীতি করেছেন বলে স্বীকার করেছেন, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যাবে।এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ইতিমধ্যে তাঁর মন্ত্রণালয়ের অধীন ১৮ জন সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শেষ হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী, অসদাচরণের অভিযোগে সর্বোচ্চ শাস্তি চাকরিচ্যুতি হতে পারে। আইনমন্ত্রী বলেন, যদি কোনো সরকারি চাকুরে দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকায় বাড়ি নির্মাণ করেন বা অন্য কোনো প্রতিষ্ঠান করেন, সে ক্ষেত্রে সরকার তা বাজেয়াপ্ত করতে পারে কিংবা ওই প্রতিষ্ঠানের আয় সরকারের অনুকূলে নিতে পারে।তালিকা প্রধানমন্ত্রীর দপ্তরে: আইন মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় গত ৩ মার্চ ট্রুথ কমিশনে দোষ স্বীকার করা কর্মকর্তাদের তালিকা চেয়েছিল। সে অনুযায়ী আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ প্রধানমন্ত্রীর দপ্তরে তালিকা পাঠিয়ে দেয়। তালিকা থেকে দেখা যায়, স্বঘোষিত দুর্নীতিবাজেরা ট্রুথ কমিশনে ৩৬ কোটি ৯৯ লাখ ২৬ হাজার ২৪৩ টাকা ফিরিয়ে দিতে সম্মত হয়েছিলেন। কিন্তু কমিশনের প্রতিবেদনে ৩৪ কোটি টাকা জমা দেখানো আছে।দুর্নীতিবাজেরা পুরস্কৃত!: যোগাযোগ মন্ত্রণালয়, বন বিভাগ, তিতাস গ্যাস কোম্পানি, ডেসা, বিআরটিএ, বিআরটিসি, এলজিইডিসহ সরকারের অন্যান্য বিভাগের আত্মস্বৃীকৃত দুর্নীতিবাজদের অনেকেই এই সরকারের সময়ে পদোন্নতি পেয়েছেন। এ নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হলেও কোনো সিদ্ধান্ত বদল হয়নি। উল্লেখযোগ্য পদোন্নতি: সওজের প্রধান প্রকৌশলী করা হয়েছে স্বেচ্ছায় দুর্নীতির দায় স্বীকার করা মো. শাহাবুদ্দিনকে। দুর্নীতির দায় স্বীকার করার পরও আরিফুর রহমানকে সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের পরিচালক করা হয়েছে। আরেক প্রকৌশলী মোস্তাক হোসেনকে করা হয়েছে সওজের পরিকল্পনা বিভাগের প্রধান। সোহরাব উদ্দিন মিয়াকেও বর্তমান সরকার পদোন্নতি দিয়ে সওজের প্রশাসন ও সংস্থাপন বিভাগের প্রধান করেছে। আবদুল আজিম জোয়ারদারকে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পদমর্যাদায় বেশ কয়েকটি সড়ক নির্মাণ ও মেরামত-সংক্রান্ত প্রকল্পের পরিচালক করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে যোগাযোগ মন্ত্রণালয়ের একজন পদস্থ কর্মকর্তা বলেন, স্বস্বীকৃত দুর্নীতিবাজদের বিষয়ে মন্ত্রণালয়কে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। ইতিমধ্যে যাঁরা পদোন্নতি পেয়েছেন, তা বাতিল করে সব দুর্নীতিবাজের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা রয়েছে।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, যাঁরা স্বেচ্ছায় দুর্নীতির কথা স্বীকার করেছেন, তাঁদের বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলাবিধি অনুযায়ী বিভাগীয় শাস্তির ব্যবস্থা অনেক আগেই নেওয়ার দরকার ছিল। বিলম্বে হলেও এটি যদি হয়, ভালো হবে। স্বস্বীকৃত দুর্নীতিবাজ রেখে প্রতিষ্ঠান চালানো যায় না। এদের শাস্তি না হলে দুর্নীতিবাজেরা আরও উৎসাহিত হবেন। সাবরেজিস্ট্রার: আইন মন্ত্রণালয় যেসব স্বস্বীকৃত দুর্নীতবাজ সাবরেজিস্ট্রারকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাঁরা হলেন: ফরিদপুর সদরের মুজিবুর রহমান, সরিষাবাড়ীর আবদুল জলিল, মুন্সিগঞ্জ সদরের আজিজুর রহমান, রাজবাড়ী সদরের হারুন অর রশিদ, নারায়ণগঞ্জ সদরের আবদুস সামাদ মিয়া, চাঁদপুরের হাজীগঞ্জের মো. শহীদুল্লাহ, ফরিদপুরের ভাঙ্গার আবদুল বাতেন, গাইবান্ধা সদরের আ. সাত্তার, সিলেট সদরের হুমায়ুন কবীর, সিলেটের কোম্পানীগঞ্জের শাহাদাৎ হোসেন ভূঁইয়া, ঠাকুরগাঁও সদরের দেওয়ান মোজহার হোসেন, রায়পুরা নরসিংদীর মো. আলী, চুয়াডাঙ্গা সদরের রেজাউল করিম, মঠবাড়িয়া পিরোজপুরের আ. জব্বার খান, ভোলা সদরের এ কে এম আনোয়ার হোসেন। তালিকায় চারজন কর্মচারীও রয়েছেন।