দুই শতাধিক বিদ্যালয়ের মাঠ নেই
ভোলা সদর উপজেলার শহরতলী ২ নম্বর আলগী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ নেই। বিদ্যালয়ের সামনে বিশাল পুকুর। বর্ষা মৌসুমে বিদ্যালয় ভবন বাদে আশপাশের পথঘাট ডুবে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া নাজনীন জানান, প্রতিবছরই দুই-একটি দুর্ঘটনা ঘটে। ছাত্ররা বারান্দায় খেলতে গিয়ে পানিতে ডুবে যায়।একই উপজেলার ভেলুমিয়া ৫৫ নম্বর দক্ষিণ চরগাজী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ৫০ শতাংশ জমি থাকলেও খেলার উপযোগী মাঠ নেই। একই অবস্থা দক্ষিণ মধ্য সদুর চর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের। পূর্ব বড় চর সামাইয়্যা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের সামনের অংশের মাঠ দখল করে ধান লাগানো হয়েছে। গ্রামের মতো ভোলা শহরের প্রাণকেন্দ্রে ৯১ নম্বর অফিসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ নেই। দৌলতখান উপজেলার ২ নম্বর দক্ষিণ পশ্চিম মেদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো মাঠ নেই। স্কুলের মাঠ দখল করে ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র নির্মাণ করা হয়েছে। বোরহানউদ্দিন উপজেলার উত্তর-পূর্ব মুলাইপত্তন রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চাষাবাদ হচ্ছে। কুড়ালিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় মাঠটি স্থানীয়রা সুপারি শুকানোর কাজে ব্যবহার করছে। উত্তর টগবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো মাঠ নেই।খোঁজ নিয়ে জানা গেছে, ভোলার মোট ৯৫৩টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে দুই শতাধিক বিদ্যালয়ে মাঠ নেই।নেই বিনোদনের ব্যবস্থাভোলার সাত উপজেলার প্রায় ৩০টি স্কুল পরিদর্শন করে জানা গেছে, সপ্তাহে নিয়ম করে কোনো প্রাথমিক বিদ্যালয়েই বিনোদনের ব্যবস্থা নেই। সপ্তাহে বৃহস্পতিবার অর্ধবেলা ক্লাস হলেও প্রতিভা বিকাশ বা বিনোদনের কোনো ক্লাস হয় না। একই অবস্থা ভোলার প্রায় সব প্রাথমিক বিদ্যালয়ের। প্রধান শিক্ষকেরা দাবি করেন, বছরে একবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়। নামমাত্র খেলার সামগ্রী তাও থাকে লাইব্রেরিতেভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার ৭ নম্বর চর জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার শতাধিক ছাত্রছাত্রী। কিন্তু বিদ্যালয়ে খেলাধুলার সামগ্রী বলতে দুটি বল (একটি নষ্ট), একটি দাবা ও একটি লুডু আছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওদুদ জানান, এ সামান্য খেলার সামগ্রী শিক্ষার্থীদের মধ্যে বিরোধ সৃষ্টি করে।ভোলার সাত উপজেলার ২০টি সরকারি ও বেসরকারি বিদ্যালয় ঘুরে একই চিত্র পাওয়া যায়। গ্রামের বিদ্যালয়ে খেলাধুলার সামগ্রী নেই বললেই চলে। ভেলুমিয়া চরগাজী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে দুই শতাধিক ছাত্র জন্য মাত্র একটি ফুটবল আছে। ছাত্ররা অভিযোগ করে, খেলার সামগ্রী অফিস কক্ষেই থাকে। তাদের খেলতে দেয় না। এ ছাড়া মেয়েদের খেলার সামগ্রী নেই বললেই চলে।পিয়ন বা ঝাড়ুদার নেইভোলার কোনো প্রাথমিক বিদ্যালয়ে পিয়ন বা ঝাড়ুদার নেই। শিক্ষকেরাই ছাত্রদের দিয়ে অথবা নিজেরা বিদ্যালয় ও শ্রেণীকক্ষ পরিষ্কার করে থাকে। স্কুলে কোনো মেহমান এলে শিক্ষকেরা নিজে অথবা ছাত্রদের চা আনতে দোকানে পাঠান। সাত উপজেলার ৩০টি স্কুলের প্রধান শিক্ষক প্রথম আলোকে জানান, শিক্ষকেরাই স্কুল থেকে টয়লেট পর্যন্ত পরিষ্কার ও ছাত্রদের পড়ানোসহ যাবতীয় কাজ করে থাকে।তবে খোঁজ নিয়ে জানা গেছে, অনেক স্কুলে পিয়নের বেতন দিতে গিয়ে শিক্ষকেরা ছাত্রদের কাছ থেকে মাসিক চাঁদা তোলেন। প্রাথমিক বিদ্যালয়ে পয়োনিষ্কাশনের ব্যবস্থা নেইতজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে কোনো টয়লেট নেই। গভীর নলকূপটি চোরে নিয়ে যাওয়ার পর আর সংস্কার করা হয়নি। পঞ্চম শ্রেণীর ছাত্রী নার্গিস জানায়, টয়লেটের অভাবে তাদের অনেক সমস্যা হয়। একটু পানির জন্য তাদের স্কুলের পাশের বাড়িতে যেতে হয়।ভোলার ভেদুরিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ চর চটকীমারা এলাকায় ৯২ শতাংশ শিশু স্কুলে না গিয়ে গরুর রাখালি ও মাছ ধরার কাজ করে। যারা স্কুলে যাচ্ছে তাদের ঝরে পড়ার হার ৯৩ শতাংশ। অন্যদিকে শতভাগ কন্যাশিশু ১২ বছরের পর পরই বাল্যবিবাহের শিকার হচ্ছে। কিন্তু অভিভাবকদের অভিযোগ, চরে রাস্তাঘাট না থাকা, স্কুলে ঠিকমতো শিক্ষক না থাকা, স্কুলের অপ্রতুলতাসহ অভাব-অনটনের কারণে এখানকার শিশুরা স্কুলগামী হচ্ছে না।শ্রমজীবী স্কুলছাত্রতেঁতুলিয়া নদীর ওপারে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন চর চটকীমারা এলাকায় দুই হাজার পরিবারের বাস। এই পরিবারগুলোর শিশুদের শিক্ষার জন্য মাত্র একটি কমিউনিটি বিদ্যালয় নির্মিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হাসান জানান, এ চরে শিশুর সংখ্যা প্রায় আড়াই হাজার। স্কুলে ভর্তি আছে প্রায় দুই শত। তারাও পড়ালেখার পাশাপাশি গরু চরায় এবং নদীতে মাছ ধরে।দেখা যায়, স্কুলে না যাওয়া শিশুরা প্রখর রোদের মধ্যে গরু চরায় এবং নদীতে মাছ ধরে। মধ্য চটকীমারার ছকিনার বয়স ১২ বছর। সকাল হলেই কিছু না খেয়েই আটটি গরু নিয়ে খাল সাঁতরে মধ্য চটকীমারা থেকে দুই-তিন কিলোমিটার দূরে দক্ষিণ চটকীমারাতে গরু চরাতে যায়। ছকিনা জানায়, খেতে এসে ঘোষ (দুধ বিক্রেতা) দুধ দোহন করে নেওয়ার পর সে বাড়ি খেতে যায়। ততক্ষণে ১১টা বেজে যায়। ১২টায় তার তৃতীয় শ্রেণীর ক্লাস শুরু। ছকিনার মতো আ. রাজ্জাক (১২) ১২টি গরু পোষে, শরীফ (৮) ১০টি, মঞ্জু (১৩) ১০টি গরু, চান মিয়া (১১) একটি বাচ্চাসহ আটটি গরু পোষে, নাহিদ (৮) স্কুলে পড়ে আবার বাড়ি ফিরে সাতটি গরু পুষতে হচ্ছে। তারা সকালে গরু মাঠে বেঁধে রেখে স্কুলে যায়। ছুটির আগেই তাকে শিক্ষককে বলে ফিরে আসতে হয়। গরু পোষার পাশাপাশি চর চটকীমারার শিশুরা মাছ ধরা পেশার সঙ্গে জড়িত। এদের অধিকাংশ শিশু জেলে তেঁতুলিয়া নদীতে মাছ ধরে। আবদুর রব (১২), রুবেল (১৪), সালাউদ্দিনসহ (১২) একাধিক শিশু জেলে পেশার সঙ্গে জড়িত। সেই কাক ডাকা ভোরে এরা চরের ছোট ছোট খালে ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে চলে যায়। যারা বড়দের সঙ্গে যায়, তারা দাঁড়ের নৌকা চালিয়ে নদীতে বের হয়। কোনো কোনো শিশু মশুরি জাল নিয়ে চিংড়ির রেণু ধরতে যায়। আলমগীর (১৩), মফিজুল ইসলাম (১২) ও সামসুদ্দিন (১৪) দল বেঁধে শুধু হাঁড়ি নিয়ে মাছ ধরতে যায়। তারা প্রতিদিন ১০০ থেকে ২০০ টাকার মাছ ধরে। এর ফাঁকে অনেকে স্কুলেও যায়।ভোলার প্রতিটি স্কুলে কমবেশি শ্রমজীবী ছাত্রছাত্রী রয়েছে। ভোলা বাংলা স্কুল মাঠে শ্রমজীবী শিশুদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয়ও রয়েছে। তবে ওই স্কুলের কোনো নিজস্ব ভবন নেই। ভোলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রতিটি স্কুলেই শতকরা ৫ থেকে ২৫ শিশু দিনের কিছু সময় শ্রমের সঙ্গে জড়িত। এরা বেশির ভাগ মত্সজীবী ও রাখাল।