দুই শতাধিক মৃত্যু, আরও বাড়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে গতকাল রোববারের ভূমিকম্পে এ পর্যন্ত দুই শতাধিক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এছাড়া ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। তাঁদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। স্বরাষ্ট্রমন্ত্রী ইদ্রিস নাইম শাহিন আজ সোমবার বলেন, রিখটার স্কেলে সাত দশমিক দুই মাত্রার ওই ভূমিকম্পে ভন শহরে ১০০ জন এবং ইরানের সীমান্তবর্তী ইরকিস শহরে ১১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইরকিস শহরে ভূমিকম্পে এক হাজার ৯০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আরও কয়েক শ লোক আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভূমিকম্প-পরবর্তী পূর্ণোদ্যমে উদ্ধার তত্পরতা শুরু করেছে কর্তৃপক্ষ। তবে দুর্গত এলাকাগুলোতে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। দুর্গত এলাকার অনেকে অভিযোগ করেন, উদ্ধার তত্পরতায় সিমেন্টের দালান সরানোর মতো ভারী যন্ত্রপাতির অভাব রয়েছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ইরকিস শহরে একটি ছাত্রাবাসসহ ৮০টি ভবন এবং ভন শহরে ১০টি ভবন ধসে পড়েছে। শহরের মেয়র জুলফিকার আরাপগলু সহায়তার আবেদন জানিয়ে বলেন, ‘আমাদের জরুরি সাহায্য ও চিকিত্সা সহায়তা প্রয়োজন।’ ওই শহরের কাছে সেলিবিবাগ জেলায়ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।তুরস্কের প্রধানমন্ত্রী রিসেফ তায়েফ এরদোগান হেলিকপ্টারে করে ভন ও ইরকিস শহর পরিদর্শন করেছেন। তিনি জানান, এখনো অনেক লোক ধসে পড়া ভবনগুলোর মধ্যে আটকে আছে।জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক প্রতিষ্ঠান কান্দিলি অবজারভেটরির মহাব্যবস্থাপক মুস্তাফা ইরদিক বলেন, ‘আমরা ধারণা করছি, ভূমিকম্পে প্রায় এক হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক’শ লোক প্রাণ হারিয়েছে। নিহতের সংখ্যা ৫০০ থেকে এক হাজারের হতে পারে।’