দুই শিক্ষার্থীর হাত ভেঙে দিয়েছে ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কর্মীরা রাজশাহী কলেজের দুই শিক্ষার্থীর হাত ভেঙে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই দুই শিক্ষার্থী মিছিল শেষে ছাত্রলীগের বক্তব্য না শোনায় তাঁদের হাত ভেঙে দেওয়া হয়। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।ওই দুই শিক্ষার্থী হলেন রসায়ন শেষ বর্ষের ছাত্র ইমদাদুল হক ও দর্শন শেষ বর্ষের ছাত্র মোসাদ্দেক হোসেন। রাজশাহী কলেজ ছাত্রাবাসের শিক্ষার্থীরা জানান, আজকের মিছিলে যোগ দেওয়ার জন্য গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগের কর্মীরা ছাত্রাবাসের বিভিন্ন ভবনে গিয়ে আমন্ত্রণ জানান। এ সময় ছাত্রলীগের কর্মীরা ঘোষণা দেন, ‘কাল মিছিলে না গেলে মার দেওয়া হবে।’ আজ বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে মিছিল বের করে ছাত্রলীগ। প্রায় সব শিক্ষার্থীই এ মিছিলে অংশ নেন। কিন্তু মিছিল শেষে বক্তব্য না শুনেই অনেকে চলে আসেন। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের কয়েকজন কর্মী ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে ছাত্রাবাসের বিভিন্ন ভবনে হামলা চালান। এ সময় ছাত্রলীগের কর্মীরা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভবনে ঢুকে মোসাদ্দেক হোসেন ও ইমদাদুল হককে পেটাতে থাকেন। এতে মোসাদ্দেক হোসেন বাম হাত ও বাম পায়ে এবং ইমদাদুল হক বাম হাত ও বাম পায়ের হাঁটুতে গুরুতর আঘাত পান। পরে তাঁদের সাধারণ ছাত্ররা হাসপাতালে নিয়ে যান। এ ছাড়া ডাইনিং বয় সোহেল ও এক অতিথিও মারধরের শিকার হন।ছাত্রলীগের রাজশাহী কলেজ শাখার সভাপতি রকি ঘোষ প্রথম আলো ডটকমকে বলেন, মিছিল চলাকালীন ছাত্রাবাসে মারধরের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রলীগের কোনো কর্মী ওই দিকে ছিলেন না। পরে সেখানে গিয়ে কর্মীরা জানতে পারেন ক্যারাম খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধে এ ঘটনা ঘটেছে। এখন ছাত্রলীগকে ‘কালার’ করার জন্য সংগঠনটির বিরুদ্ধে এ প্রচারণা চালানো হচ্ছে। এর আগে গত বছরের মার্চ মাসে একইভাবে মিছিল না করার অভিযোগে ছাত্রাবাসের বাইরের গেইট বন্ধ করে ছাত্রলীগের কর্মীরা সাধারণ ছাত্রদের পিটিয়েছিলেন।