দুই শিশুর দাফন মায়ের অবস্থার উন্নতি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সন্তানসহ নিজের শরীরে আগুন দেওয়া বিলাসী আক্তারের অবস্থার কোনো উন্নতি হয়নি। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে লড়ছেন। মায়ের লাগানো আগুনে দগ্ধ ছোট্ট রায়হান গত বৃহস্পতিবার রাতে এবং পরদিন শুক্রবার সকালে তার বোন আট বছরের রজনী আক্তার মারা যায়। তাদের গত শুক্রবার রাতে দাফন করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কমলাপুরে বিলাসী কেরোসিন ঢেলে প্রথমে তাঁর দুই সন্তানের দেহে আগুন দেওয়ার পর নিজের শরীরে আগুন দেন।বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক প্লাস্টিক সার্জন সামন্তলাল সেন প্রথম আলোকে বলেন, বিলাসীর অবস্থার কোনো উন্নতি নেই। কৃত্রিম উপায়ে তাঁর শ্বাস-প্রশ্বাস চলছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতে শিশু আবু রায়হান (৩) ও তার বোন রজনীর (৮) লাশ তাদের গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গার ফুলঝুড়ির চৌকিবরাদ কবরস্থানে দাফন করা হয়। বিলাসীর স্বামী সৈয়দ রাজীব আলী, তাঁর মা-বাবা, চাচা ও দ্বিতীয় স্ত্রীকে আসামি করে মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী বিলাসীর ভাই সেলিমুজ্জামানকে মুঠোফোনে মামলা প্রত্যাহার করে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গেছে। তিনি ব্যাপারে গতকাল শনিবার নিরাপত্তা চেয়ে মতিঝিল ও যাত্রাবাড়ী থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে বলা হয়, এজাহারভুক্ত আসামিরা মামলা তুলে নিতে সেলিমুজ্জামান ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ অবস্থায় সেলিমুজ্জামান ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়। সেলিমুজ্জামান আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। গত শুক্রবার রাতে মতিঝিল থানার উপপরিদর্শক আজিজুর রহমান দুই সন্তান হত্যার অভিযোগে তাদের মা বিলাসী আক্তারকে আসামি করে মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে দ্বিতীয় বিয়ে মেনে নেওয়া ও ১০ লাখ টাকা যৌতুকের জন্য বিলাসীকে নির্যাতন করতেন তাঁর স্বামী রাজীব আলী। তিনি বিলাসীকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া রাজীব কারাগারে আছেন। তদন্তের সঙ্গে সম্পৃক্ত সূত্র জানায়, অন্য আসামিদের ঘটনার সঙ্গে জড়িত থাকার সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদের গ্রেপ্তার করা হবে।