দুই শিশুসন্তানকে পানিতে ফেলে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ডুবে দুটি ছেলেশিশু মারা গেছে। অভিযোগ উঠেছে, পারিবারিক কলহের জের ধরে শিশুদের মা রোমেনা আক্তার তাদের পানিতে ফেলে দিলে তারা মারা যায়। পরে রোমেনা আক্তার নিজেও পানিতে ডুবে আত্মহত্যার চেষ্টা চালান। আজ বুধবার ভোররাতে উপজেলার প্রত্যন্ত হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।মারা যাওয়া দুই ছেলেশিশু হচ্ছে সম্রাট (৩) ও তাজিন (১)।হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামাল মিয়া মুঠোফোনে প্রথম আলো ডটকমকে জানান, অভাবের সংসারে ইফতারি খাওয়া নিয়ে আলী আকবরের স্ত্রী রোমেনা আক্তারের সঙ্গে তাঁর শাশুড়ির বাগবিতণ্ডা হয়। এ নিয়ে রোমেনা মানসিকভাবে ভেঙে পড়েন। আজ ভোরে তিনি তাঁর দুই ছেলেকে বাড়ির পাশের পুকুরের পানিতে ফেলে দিলে তারা মারা যায়। পরে তিনি পানিতে ডুবে নিজে আত্মহত্যার চেষ্টা চালান। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে বেলা ১১টার দিকে তাঁকে সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আলিয়ারা গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, আলী আকবর (৩৬) চট্টগ্রামে দর্জির কাজ করেন। অভাবের সংসারে তাঁর স্ত্রী ও মায়ের মধ্যে অনেক দিন ধরে কলহ চলে। এর জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের বলেন, ‘আমরা সকালে এ ঘটনার খবর পেয়েছি। দুই শিশুর লাশ উদ্ধার ও ঘটনার তদন্ত করতে ওই গ্রামের উদ্দেশে রওনা হয়েছি।’