অবৈধ সম্পর্কের অভিযোগ এনে সালিসে কান ধরে ওঠবস করিয়েছেন গ্রাম্য মাতব্বরেরা। এই অপমান সইতে না পেরে চার শিশুসন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন এক গৃহবধূ। এতে দুই শিশুসন্তানসহ মারা গেছেন তিনি। অপর দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।মর্মন্তুদ এ ঘটনা ঘটেছে গতকাল সোমবার ভোরে। ঘটনাস্থল হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর রেলস্টেশনের কাছে। নিহতেরা হলেন: মা ফেরদৌসী আক্তার (৩৫), শিশুপুত্র সরল (১০) ও শিশুকন্যা বন্যা (৮)। গৃহবধূর আরেক শিশুপুত্র জীবন (১৩) ও শিশুকন্যা স্বর্ণা (৫) গুরুতর আহত হয়েছে।ফেরদৌসী আক্তারের বাড়ি উপজেলার আন্দিউরা ইউনিয়নের সুলতানপুর গ্রামে। তাঁর স্বামী জিল্লুর রহমান আড়াই বছর আগে দুবাই যান।প্রত্যক্ষদর্শী ও শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী সুরমা মেইল এক্সপ্রেস হবিগঞ্জের শাহপুর রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে ভোরের দিকে ফেরদৌসী আক্তার তাঁর চার শিশুসন্তান নিয়ে ট্রেনটির নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই ফেরদৌসী ও তাঁর মেয়ে বন্যা মারা যায়। গুরুতর অবস্থায় বাকি তিনজনকে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায় সরল। অবস্থার অবনতি ঘটায় জীবন ও স্বর্ণাকে মাধবপুর হাসপাতাল থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।নিহত গৃহবধূর বড় ভাই আবদুল বাছির অভিযোগ করেন, সামাজিক একটি ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার গ্রাম্য মাতব্বরেরা তাঁর বোনকে সমাজচ্যুত করেন। এদিন স্থানীয় সাবেক ইউপি সদস্য আবদুর রহমানের ভাই ফজলুর রহমান তাঁর বোনের বাড়িতে গিয়ে তাঁকে বলেন, ‘তোমাকে মাতব্বরেরা সমাজচ্যুত করেছেন।’ আবদুল বাছির বলেন, এই অপমানে তাঁর বোন আত্মহত্যা করেছেন।গতকাল দুপুরে ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে সুলতানপুর গ্রামে গিয়ে দেখা যায়, ফেরদৌসীর বসতঘর তালাবদ্ধ। ফেরদৌসীর জা শরিফা বেগম প্রথম আলোকে জানান, প্রতিবেশী আবদুল কাদিরকে ফেরদৌসী ধর্মভাই ডেকেছেন। স্বামী বিদেশে যাওয়ার সময় কাদিরকে ফেরদৌসীর হাটবাজার করে দেওয়ার জন্য অনুরোধ করে যান। এর পর থেকে কাদির এ বাড়িতে আসা-যাওয়া করতেন। আবদুল কাদিরের স ৎ মা আলিমন নেছা বলেন, কয়েক মাস আগে গ্রামের কেউ একজন কাদির ও ফেরদৌসীকে মাধবপুর হাসাপাতালে দেখতে পান। এ নিয়ে কানাঘুষা শুরু হয়। তাঁদের মধ্যে অবৈধ সম্পর্ক আছে বলে অনুমান করে এই কানাঘুষা চলে। আলিমন নেছা জানান, এ নিয়ে রোজার আগে সালিস হয়। তাতে আন্দিউরা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান উভয়কে দোষী সাব্যস্ত করে তাঁদের কান ধরে ওঠবস করিয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের এক বাসিন্দা বলেন, প্রথম তারাবির আগের রাতে গ্রামের মাতবর মহব্বত খানের বাড়িতে ইউপি চেয়ারম্যান আতিকুর রহমানের সভাপতিত্বে সালিস বসে। সালিসে গৃহবধূ ও কাদিরকে সাতবার কান ধরে ওঠবস করানো হয়। তাঁদের তওবা করানো হয় এবং পাঁচজন আলেম ডেকে খাওয়াতে বলা হয়। ওই ব্যক্তি জানান, সালিসে আরও উপস্থিত ছিলেন বর্তমান ইউপি সদস্য তপন দেব, সাবেক ইউপি সদস্য মলয় মিয়া ও আবদুর রহমান এবং ফজলুর রহমান ও করিম খাঁ। তবে কাদির ও ফেরদৌসীকে কান ধরে ওঠবস করানোর অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এটা করা হয়নি। তবে পাঁচজন আলেম এনে ওই মহিলাকে তওবা করে সংশোধন হওয়ার জন্য বলা হয়েছে।’ শুক্রবারের বৈঠক সম্পর্কে তিনি বলেন, ‘শুনেছি, দুই দিন আগে সালিস বসিয়ে ওই মহিলাকে সমাজচ্যুত করা হয়েছে। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য আমি এখন ঘটনাস্থলে আছি।’এ ব্যাপারে কথা বলতে অভিযুক্ত ফজলুর রহমানের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। অপরদিকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি মহব্বত খানকে। বর্তমান ইউপি সদস্য তপন দেব সালিসে উপস্থিত থাকার কথা অস্বীকার করেছেন। তবে করিম খাঁ সালিসে উপস্থিত থাকার কথা স্বীকার করে বলেন, ‘আমাকে মেয়েপক্ষের অভিভাবক বানানো হয়েছে। পরে রায় অনুযায়ী তাঁদের দুজনকে কান ধরে ওঠবস করানো হয়েছে।’মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল চৌধুরী বলেছেন, ‘ওই গৃহবধূর সঙ্গে গ্রামের এক যুবকের সম্পর্ক রয়েছে। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং গর্ভপাতও করান বলে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের অভিযোগ। সালিসে গর্ভপাতের বিষয়টি প্রমাণিত হয়েছে বলে চেয়ারম্যান তাঁকে জানিয়েছেন। মনে হয়, এই অপমান সহ্য করতে না পেরে গৃহবধূ এভাবে আত্মাহুতি দিয়েছেন।’ থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইয়াছিনুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনোয়ার হোসেন বলেন, লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে জিআরপি শ্রীমঙ্গল থানায় মামলা করা হয়েছে।