দুই শিশুসহ মায়ের আত্মাহুতি: নয়জনকে হাইকোর্টে তলব
হবিগঞ্জে দুই শিশুসহ মায়ের আত্মাহুতির ঘটনায় হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে (স্যুয়োমোটো) রুল জারি করেছেন। একই সঙ্গে এ বিষয়ে ব্যাখ্যা জানাতে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ নয়জনকে ২৩ আগস্ট হাইকোর্টে তলব করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আজ ‘দুই শিশুসহ মায়ের আত্মাহুতি শিরোনামে’ দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান আসাদ। এর পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেন। উল্লেখ্য, ঢাকা থেকে সিলেটগামী সুরমা মেইল এক্সপ্রেস হবিগঞ্জের শাহপুর রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে গতকাল ভোরের দিকে ফেরদৌসী আক্তার তাঁর চার শিশুসন্তান নিয়ে ট্রেনটির নিচে ঝাঁপ দেন। তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ এনে এক সালিসে তাঁকে কান ধরে ওঠবস করান গ্রামের মাতব্বরেরা। এ অপমান সইতে না পেরে চার শিশুসন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন ওই গৃহবধূ। ঘটনাস্থলেই ফেরদৌসী ও তাঁর মেয়ে বন্যা মারা যায়। গুরুতর অবস্থায় বাকি তিনজনকে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায় সরল। অবস্থার অবনতি ঘটায় জীবন ও স্বর্ণাকে মাধবপুর হাসপাতাল থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। ফেরদৌসী আক্তারের বাড়ি উপজেলার আন্দিউরা ইউনিয়নের সুলতানপুর গ্রামে। তাঁর স্বামী জিল্লুর রহমান আড়াই বছর আগে দুবাই যান।হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ পাওয়া এ নয়জন হলেন—ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, ইউপি সদস্য তপন দেব, সাবেক ইউপি সদস্য মলয় মিয়া ও আবদুর রহমান এবং ফজলুর রহমান ও করিম খাঁ, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল চৌধুরী, থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইয়াছিনুল হক, শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনোয়ার হোসেন।ওই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। সে সঙ্গে তাঁদের জীবন রক্ষায় সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়।