দুই শিশুসহ মায়ের আত্মাহুতির ঘটনায় গ্রেপ্তার ৯
হবিগঞ্জের মাধবপুরে দুই শিশুসহ মায়ের আত্মাহুতির ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমানসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।ওই ঘটনায় আজ মঙ্গলবার নয়জন আদালতে হাজির হন। আদালত তাঁদের অবিলম্বে গ্রেপ্তার করার নির্দেশ দেন। পরে বিকেল সাড়ে তিনটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।আজ বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, তপন চন্দ্র দেব, ফারুক মিঞা, আবদুর রহিম, মলয় মিঞা, মোহাব্বত খাঁ, আবদুর রহমান চৌধুরী, মোহাম্মদ আলী ও ফজলুর রহমান।এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল চৌধুরী প্রথম আলোকে বলেন, হাইকোর্টের নির্দেশে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।গত ১৫ আগস্ট ভোরে ঢাকা থেকে সিলেটগামী সুরমা মেইল এক্সপ্রেস হবিগঞ্জের শাহপুর রেলস্টেশনের কাছাকাছি পৌঁছলে ফেরদৌসী আক্তার তাঁর চার শিশুসন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ এনে এক সালিসে তাঁকে কান ধরে ওঠবস করান গ্রামের মাতব্বরেরা। এ অপমান সইতে না পেরে চার শিশুসন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন ওই গৃহবধূ। ঘটনাস্থলেই ফেরদৌসী ও তাঁর মেয়ে বন্যা মারা যান। গুরুতর অবস্থায় বাকি তিনজনকে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায় আরেক সন্তান সরল। অবস্থার অবনতি ঘটায় জীবন ও স্বর্ণাকে মাধবপুর হাসপাতাল থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। ফেরদৌসী আক্তারের বাড়ি উপজেলার আন্দিউরা ইউনিয়নের সুলতানপুর গ্রামে। তাঁর স্বামী জিল্লুর রহমান আড়াই বছর আগে দুবাই যান।