দুই সচিবের কাছে ব্যাখ্যা চাইলেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় চার মাসেও অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত না দেওয়ায় দুই সচিবের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। ১৮ জুনের মধ্যে স্বরাষ্ট্র ও আইনসচিবকে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা জানাতে বলা হয়েছে। আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর সদস্যদের বিরুদ্ধে করা এক মামলায় তিন আসামির জামিন আবেদন শুনানিকালে আজ এ আদেশ দেওয়া হয়।আদালত সূত্র জানায়, প্রচারপত্র ও বই বিতরণের অভিযোগে হিযবুত তাহরীরের ৩৫ জন সদস্যের বিরুদ্ধে বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের ৮ ও ৯ ধারায় রাজধানীর কলাবাগান থানায় গত বছরের ১৩ আগস্ট মামলা করে র্যাব। ওই মামলায় আসামি সোহান হাফিজ, আবু সুফিয়ান ও আবদুল জব্বার জামিনের আবেদন করেন। আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন মো. রাফিউল ইসলাম ও রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ।পরে গাজী মো. মামুনুর রশীদ প্রথম আলো ডটকমকে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের ৪০(১) ও (২) ধারা অনুমোদনের বিষয়ে বলা আছে। আইন অনুযায়ী অভিযোগ গঠনের আগে মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট আদালত বিষয়টি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠান। মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, চার মাস পেরিয়ে গেলেও অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়নি। তাই আদালত ওই দুই সচিবকে ১৮ জুনের মধ্যে লিখিত ব্যাখ্যা জানাতে বলেছেন এবং তিন আসামির জামিন মঞ্জুর করেছেন।