দুই সন্তানকে কুপিয়ে হত্যা করলেন বাবা
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের নলকাটা গ্রামে গতকাল মঙ্গলবার জাকির হোসেন (৪০) নামের এক ব্যক্তি তাঁর দুই সন্তানকে কুপিয়ে হত্যা করেছেন। এ সময় জাকির তাঁর স্ত্রী ও আরেক ছেলেকেও কুপিয়ে জখম করেন।খবর পেয়ে জাকিরের ভাই আবুল হোসেন তাঁদের বাড়িতে গেলে তিনি তাঁকেও কুপিয়ে জখম করেন। পরে নিজের মাথা ফাটিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁকে ধরে পুলিশে সোপর্দ করে।এলাকাবাসীর কেউ কেউ জানান, জাকির বিভিন্ন সংস্থা ও ব্যক্তির কাছ থেকে ঋণ নেন। তিনি ঋণের টাকা পরিশোধ করতে না পেরে এলাকা ছেড়ে পালিয়ে যান। সম্প্রতি তিনি বাড়িতে ফিরে আসার পর ওই সংস্থাগুলো ও ব্যক্তিরা টাকা পরিশোধের জন্য চাপ দেন। এ কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। দুপুরে জাকির তাঁর স্ত্রী ও সন্তানদের খাবার খেতে দেখে হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তিনি দা দিয়ে মেয়ে সুলতানা আক্তার (৪), ছেলে এমরান হোসেন (৮) ও সোহাগ হোসেন (১০) এবং স্ত্রী লিপি আক্তারকে (৩০) কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই সুলতানা ও এমরান মারা যায়। এ সময় জাকিরের ভাই আবুল তাঁদের বাড়িতে গেলে তিনি তাঁকেও কুপিয়ে জখম করেন। গুরুতর আহত সোহাগ, লিপি ও আবুলকে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।ধাওয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, ‘জাকির মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাঁকে ধরে আমরা পুলিশে সোপর্দ করেছি।’ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘জাকির কী কারণে তাঁর সন্তানদের কুপিয়ে হত্যা করেছেন, সে বিষয়ে তিনি কিছু বলেননি। তবে যতটুকু জানতে পেরেছি, জাকির ঋণগ্রস্ত ছিলেন।’