রাজধানীর মতিঝিলে পুলিশের ওপর হামলা পরিকল্পিত ছিল না বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। তবে হামলাকারী সাইফুল ইসলাম নয়ন (২৮) সাজাপ্রাপ্ত সন্ত্রাসী বলে জানা গেছে।গত বৃহস্পতিবার রাতে মতিঝিলে অটোরিকশা আরোহীর গুলিতে পুলিশ কনস্টেবল মঞ্জুরুল ইসলাম (২৫) নিহত ও হাবিবুল্লাহ (৩২) আহত হন। পুলিশের পাল্টা গুলিতে মারা যায় হামলাকারী।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার রাত একটার দিকে মতিঝিল পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে তিনজন পুলিশ টহল দিচ্ছিল। এ সময় তারা একটি অটোরিকশাকে দাঁড় করালে ভেতর থেকে একজন আরোহী নেমে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। অন্য একজনকে নিয়ে পালিয়ে যায় অটোরিকশার চালক।প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন পুলিশের মধ্যে দুজন পাশের ন্যায্যমূল্যের দোকানের চালার নিচে আশ্রয় নিয়েছিলেন। আর মঞ্জুরুল কর্তব্য পালন করছিলেন। হঠাৎ মঞ্জুরুল চিত্কার দিয়ে বলেন, ‘ওর কাছে হাতিয়ার আছে, হাতিয়ার আছে।’ এর পরই গুলির ঠাস ঠাস শব্দ। পড়ে যান মঞ্জুরুল।ঘটনার বর্ণনা দিয়ে আহত পুলিশ সদস্য হাবিবুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘তখন আমরা তিনজন ডিউটিতে ছিলাম। একটা অটোরিকশা আসছে। আমরা খাড়া করাইলাম। ভেতর থেকে উনি ১০০ টাকা বাইর কইরা বলল, “আপনারা রোজার দিন বৃষ্টির মধ্যে দাঁড়ায়া ডিউটি করতাছেন। কিছু খায়া নিয়েন।” সঙ্গে সঙ্গে আমাদের ওস্তাদ (নেতৃত্বে থাকা হাবিলদার) বলল, “আমরা টাকা নিই না।” তারপর উনি নামল। তার এক হাতে টাকা। আরেক হাত পকেটে ঢুকায়া ক্যামনে কুঁজা হয়া পকেট থেকে কী জানি কী বাইর করার চেষ্টা করতেছে। দেইখা আমি বললাম, “ওস্তাদ লক্ষণ ভালো না; ধরেন, ওরে ধরেন।” ধরতে না ধরতেই ও এক রাউন্ড গুলি কইরা দিছে। আমি দেখলাম, পুলিশ গুলি খাইছে। আমিও শটগান দিয়া এক রাউন্ড গুলি করছি। এরপর দেখি, শটগানের গুলিতে কাজ হয় না। তারপর আমি পেছন থেকে লাফ মাইরা আইসা ওর হাত ধরছি আর ওস্তাদে ওর মাজায় (কোমর) ধরছে। তখনো ওর হাতে রিভলবার আর আঙুল ট্রিগারে ছিল। এই অবস্থাতেই ও আবার ফায়ার করে। একটা গুলি আমার বুকের পাশে লাইগা যায়গা। আমি পইড়া যাই। এরপর আর জানি না।’কনস্টেবল হাবিবুল্লাহর বুকের বাঁ পাশ চিরে গুলি বেরিয়ে গেছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত অবস্থায় রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি রয়েছেন।পুলিশের ওপর হামলাকারী সাইফুল ইসলাম সপরিবারে ২০/১ শান্তিনগরে থাকতেন। তাঁর বাবার নাম রঞ্জু খান। গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কানাইপুরে। নিহত সাইফুলের মা মনোয়ারা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সাংবাদিকদের বলেন, ইসলামপুরে সাইফুলের কাপড়ের ব্যবসা আছে। গত বৃহস্পতিবার রাতে রিকশায় বাসায় ফেরার পথে পুলিশ মতিঝিলে তাঁকে গুলি করে মেরেছে। নয় বছর জেল খেটে পাঁচ মাস আগে তাঁর ছেলে মুক্তি পান। তিনি জানান, বৃহস্পতিবার রাতে করিম নামের এক ব্যক্তি তাঁকে ফোন করে বলেন, ‘গুলিবিদ্ধ হয়ে আপনার ছেলে হাসপাতালে আছে।’ এরপর হাসপাতালে গিয়ে তিনি তাঁর ছেলেকে মৃত অবস্থায় পান। মনোয়ারা বেগম অভিযোগ করেন, কারাগার থেকে বের হওয়ার পর পল্টন থানার দারোগা আজিজ তাঁর ছেলের পেছনে লেগে টাকা চাইত। তিনি বলেন, ‘এইবার দেহামু আজিজ তোর কত টাকা দারকার?’সাইফুলের স্ত্রী ফাতেমা খান ওরফে লিনা জানান, জেল থেকে বের হওয়ার পর শাশুড়ি তাঁর স্বামীর কাছে যেতে দিতেন না। এ কারণে তিনি তাঁর মায়ের কাছে থাকতেন। গতকাল দুপুরে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিমউদ্দিন পুলিশ সদস্য মঞ্জুরুল ও অপর যুবক সাইফুলের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে পুলিশ কনস্টেবল মঞ্জুরুলের লাশ রাজারবাগ পুলিশ লাইনে নেওয়া হয়। জানাজা শেষে মঞ্জুরুলের লাশ তাঁর গ্রামের বাড়িতে নেওয়া হয়। আহত হাবিবুল্লাহকে দেখতে গতকাল পুলিশ হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।এ বিষয়ে মতিঝিল থানায় গতকাল একটি হত্যা ও একটি অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার মঈনুল হক। তিনি জানান, সাইফুলের প্রথম গুলিটিই কনস্টেবল মঞ্জুরুলের বুকে লাগে। এরপর পুলিশের গুলিতে তিনি মারা যান। ঘটনাস্থল থেকে সাইফুলের রিভলবারের পাঁচটি ব্যবহূত গুলি, দুটি শটগানের ব্যবহূত গুলি ও পুলিশের পিস্তলের চারটি গুলি উদ্ধার করা হয়েছে।কর্মকর্তা জানান, অস্ত্র আইনে সাজাপ্রাপ্ত হয়ে নয় বছর জেল খেটেছেন সাইফুল। কয়েক দিন আগে তিনি বের হন। তাঁর বিরুদ্ধে ’৯৯ সালে পুলিশের ওপর হামলা ও ’৯৭ সালের একটি মাদকের মামলা রয়েছে। তিনি মাদকসেবী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। মাদারীপুর প্রতিনিধি জানান, নিহত পুলিশ কনস্টেবল মঞ্জুরুলের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুধখালী গ্রামে। ছেলের মৃত্যুতে বাবা গতকাল তাঁর বাবা সালাম সিকদার কান্নায় ভেঙে পড়েন। তিনি প্রথম আলোকে বলেন, ‘অভাব-অনটনের সংসারে ছেলেকে পুলিশের চাকরিতে দিয়াছিলাম। সন্তান হারিয়ে আমার বুকটা ভেঙে যাচ্ছে। তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে মঞ্জুরুলের ছেলে সিফাত ও মেয়ে মার্জনার কথা চিন্তা কইর্যা। শবেবরাতের রাতে জন্ম হয়েছে সিফাতের। ওর বয়স মাত্র ১৮ দিন। এখন ওদের কী হবে?’স্ত্রী সালমা আক্তার ও তাঁর দুই সন্তান নিয়ে মঞ্জুরুল ঢাকায় থাকতেন। ১৮ দিন আগে মঞ্জুরুলের সন্তান সিফাতের জন্মের সময় তাকে দেখতে গিয়েছিল পরিবারের লোকজন। অনেক আগেই মঞ্জুরুলের মা মারা যান। নিহত মঞ্জুরুলের আত্মীয় মোয়াজ্জেম হোসেন জানান, মঞ্জুর মিঠাপুর এলএন উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করার পর সংসারের হাল ধরতে পুলিশ বাহিনীতে যোগ দেন। এত অল্প বয়সে ঝরে পড়তে হবে, কারোর ধারণা ছিল না। পরিবারের লোকজনকে সান্ত্বনা দেওয়ার ভাষা কোনো আত্মীয়স্বজনের নেই।মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ুম আলী সর্দার জানান, সদর থানার পুলিশ মঞ্জুরুলের জানাজা ও দাফনের সময় থাকবে।