দুই সন্তানসহ মায়ের এ কেমন মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো বাসাটিই যেন ডায়েরি। রং পেনসিল দিয়ে ঘরের দেয়ালে দেয়ালে কাঁচা হাতে লেখা—‘আমাদের মৃত্যুর জন্য আমার বাবা রাশেদুল দায়ী’; ‘আমার মায়ের অপমান চাই না, তাই আমি আর আমার ভাইয়া পথ বেছে নিলাম।’ এ রকম অজস্র বাক্য। দরজা-জানালা, ঘরের দেয়াল, মেঝে কোথাও খালি নেই। মেঝের বিছানায় পড়ে আছে মা আর দুই সন্তানের মৃতদেহ।রাজধানীর পূর্ব জুরাইনের আলমবাগ এলাকার একটি বাড়ি থেকে গতকাল শুক্রবার সকালে পুলিশ এ তিনটি মৃতদেহ উদ্ধার করেছে। এঁরা হলেন মা ফারজানা কবির রিতা (৩৫), তাঁর ছেলে কবির ইশরাক পাবন (১২) ও মেয়ে রাইসা রাশমিন পায়েল (১০)। ফারজানা হলেন ইত্তেফাক-এর বিশেষ প্রতিনিধি শফিকুল কবিরের ছেলে রাশেদুল কবিরের স্ত্রী।লাশ উদ্ধারের পর ফারজানার মা মাজেদা বেগম অভিযোগ করেন, নির্যাতন করে তাঁর মেয়েকে মেরে ফেলা হয়েছে।পুলিশের ওয়ারী অঞ্চলের উপকমিশনার তৌফিক মাহবুব চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘লাশ উদ্ধারের পর দেয়াললিখন ও পারিপার্শ্বিক অবস্থা দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, পারিবারিক কলহের কারণে বিষজাতীয় কিছু খেয়ে মা তাঁর দুই সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে ক্ষোভের কথাগুলো বাসার দেয়ালজুড়ে লিখে গেছে তারা। এই মৃত্যুর জন্য দুই শিশু দেয়াললিখনে তাদের দাদা-দাদি ও বাবাকে দায়ী করেছে।’ তবে সাংবাদিক শফিকুল কবির প্রথম আলোকে বলেন, ‘আগে থেকেই রিতার আত্মহত্যার প্রবণতা ছিল। সে তার দুই সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছে। ছেলের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই।’ আলমবাগের ২২৯ নম্বর তিনতলা বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটেছে। এ বাড়িটির মালিক শফিকুল কবির। তিনি স্ত্রীসহ বাড়ির নিচতলায় থাকেন। তাঁর একমাত্র ছেলে রাশেদুলের স্ত্রী দুই সন্তান নিয়ে দোতলায় থাকতেন। রাশেদুল একটি টেক্সটাইল মিলের পদস্থ কর্মকর্তা। স্ত্রী-সন্তান এখানে থাকলেও রাশেদুল থাকেন উত্তরায় দ্বিতীয় স্ত্রী স্মৃতিকে নিয়ে। আত্মীয়রা জানান, তাঁদের পারিবারিক বিরোধ এই দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করেই।ফারজানার মামাতো বোন আসমা জানান, ১৮ বছর আগে রাশেদুল ও ফারজানার বিয়ে হয় তাঁদের নিজেদের পছন্দে। এ নিয়ে পারিবারিক ঝামেলা ছিল। বিয়ের পর তাঁদের প্রথম সন্তান পাবনের জন্ম হলে দেখাশোনার জন্য ফারজানা তাঁর মামাতো বোন স্মৃতিকে এ বাসায় নিয়ে আসেন। বোনের সন্তানকে দেখাশোনার পাশাপাশি স্মৃতি এ বাসায় থেকে লেখাপড়া চালিয়ে যান। একপর্যায়ে স্মৃতির সঙ্গে রাশেদুলের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। শেষমেশ তাঁরা গোপনে বিয়ে করে অন্যত্র বসবাস করতে শুরু করেন। ফারজানা এ বিষয়টি জানতে পারেন দেড় বছর আগে। এর পর থেকেই পারিবারিক বিরোধ তীব্র হয়ে ওঠে।শফিকুল কবিরের এক আত্মীয় মুহিত জানান, এ নিয়ে রাশেদুলের পরিবারের সঙ্গে ফারজানার তিক্ততা বাড়তে থাকে। রাশেদুল মাঝেমধ্যে এ বাড়িতে এসে ফারজানাকে মারধর করতেন, নানা হুমকিও দিতেন। তবে স্ত্রী-সন্তানের জন্য নিয়মিত খরচ দিতেন রাশেদুল। দুই সন্তান ধানমন্ডির একটি নামকরা স্কুলে পড়াশোনা করত; পাবন ষষ্ঠ ও পায়েল চতুর্থ শ্রেণীতে। এদের যাতায়াতের জন্য একটি গাড়ির ব্যবস্থাও করে দেন রাশেদুল।ফাহিমা আক্তার নামের তাঁদের এক প্রতিবেশী জানান, মাঝেমধ্যে রাশেদুল মাসিক খরচ দিতে দেরি করতেন। এ নিয়েও কলহ হতো। মে মাসের প্রথম দিকে এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে কদমতলী থানার একজন দারোগাকে শফিকুল কবির বাড়িতে ডেকে আনেন। এরপর সবার উপস্থিতিতে ৩০ জুনের মধ্যে ফারজানাকে এ বাড়ি থেকে চলে যাওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়। এ সময় ‘স্বামীর দ্বিতীয় বিয়েতে আপত্তি নেই’ কথা লিখে ফারজানার সই নেওয়া হয়।এর তিন দিন পর সাংবাদিক শফিকুল কবির নিচতলার বাসায় তালা দিয়ে স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে যান।ফারজানার গৃহকর্মী জিন্নাত আরা জানান, আগের দিন বিকেলে রান্না করে তিনি চলে যান। ফারজানা পরদিন তাঁকে দেরি করে আসতে বলেন। এ জন্য তিনি সকালে একটু দেরি করে বাসায় আসেন। সকাল সাড়ে ১০টার দিকে জিন্নাত এসে দেখেন, বাসার সব কক্ষের দরজা খোলা। ভেতরে সাড়াশব্দ নেই। ভেতরে উঁকি দিয়ে দেখেন, আগের দিনের সব খাবার পড়ে আছে। শোবার ঘরে গিয়ে দেখেন, এক পাশে মা ও পাশাপাশি দুই সন্তানের মৃতদেহ পড়ে আছে। তিনি চিত্কার করে সবাইকে ডাকেন। এরপর পুলিশ আসে। কদমতলী থানার ওসি কাজী আয়ুবুর রহমান বলেন, তাঁরা ঘরে ঢুকে দেখেন, দেয়ালে অনেক কথা লেখা। মৃত্যুর আগে ফারজানা আত্মহত্যা ও পারিবারিক বিরোধের বিভিন্ন কারণ লিখে যান দেয়ালে ও কাগজে। তিনি লিখেছেন, গাড়িচালক মান্নানকে দিয়ে তিনি কিছু ঘুমের ওষুধ এনেছেন। ফারজানার লাশের ওপর থেকে এমন একটি কাগজ পুলিশ উদ্ধার করে। মৃতদেহগুলো ছিল কাঁথা দিয়ে ঢাকা। তখন দুর্গন্ধ ছড়াচ্ছিল। বাসার একটি কক্ষ তছনছ অবস্থায় ছিল। মৃত্যুর খবরে সিআইডি, ডিবি ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে যান। সিআইডির অপরাধচিহ্ন শনাক্তকরণ দলও বিভিন্ন আলামত সংগ্রহ করে।গতকাল ওই বাসায় গিয়ে প্রতিবেশীদের ভিড় দেখা যায়। দোতলায় চার কক্ষের বাসার বসার ঘর ও শোবার ঘরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র চলছিল। বসার ঘরের সবকিছু তছনছ। আসবাব এলোমেলো, বই-খাতা ছড়িয়ে-ছিটিয়ে আছে। বেশির ভাগ জিনিসপত্র ভাঙাচোরা। শোবার ঘরের মেঝেতে পাতা বিছানার ওপর মা ও দুই সন্তানের মৃতদেহ। একদিকে লেখা, ‘আমার মৃত্যুর জন্য দায়ী ডাইনি দাদা ও দাদি’। আরেক দিকে লেখা ‘পাবন ও পায়েলের মৃত্যুর জন্য তুমি রাশেদুল কবির অবশ্যই দায়ী।’ বসার ঘরে লেখা, ‘ওই দাদা তুই না সাংবাদিক, তোর বাসার দেয়ালে পত্রিকা ছাপাইয়া দিলাম—পাবন।’ বসার ঘরে লেখা, ‘আমার মৃত্যুর জন্য রাশেদুল কবির দায়ী—পায়েল’। ‘আব্বু তোমার বাবা তোমাকে অপরাধ থেকে বাঁচানোর জন্য যা করেছে, তাতে আমরা মরে যাচ্ছি। ৬ মে তোমরা যা করেছ, ভালোই করেছ। আমার বাবা আমাদের মরার জন্য স্ট্যাম্পে লিখে নিয়েছে। আমি পাবন তোমাকে ঘৃণা করি।’ আরেক ঘরে লেখা, ‘তুই কেন ভালো শ্বশুর, ভালো দাদা হতে পারলি না।’ ‘মাথা নিচু করে বাঁচার চেয়ে মরে যাওয়া অনেক ভালো।’ এ রকম অসংখ্য লেখা পুরো বাসার তিনটি কক্ষজুড়ে। বেশির ভাগ লেখা কালো ও লাল কালি দিয়ে।পুলিশের ওয়ারী অঞ্চলের উপকমিশনার জানান, মৃতদেহ পরীক্ষার পর তিনজনের মুখে ও শরীরে বিষক্রিয়ার লক্ষণ পাওয়া গেছে। বিষের কারণে পাবনের হাতে ফোসকা পড়ে গেছে। ফারজানার মুখের কাছেও ফোসকার চিহ্ন আছে। এ ছাড়া বিছানার ওপর একটি পানির বোতল, জগ ও ঘুমের ওষুধের প্যাকেট পড়ে আছে। তিনি বলেন, এটি আত্মহত্যা নাকি অন্যকিছু, তদন্ত শেষ না করলে নিশ্চিত করে বলা যাবে না। হাতের লেখা ফারজানা ও তাঁর দুই সন্তানের কি না, তা নিশ্চিত হতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করাচ্ছে। উপকমিশনার বলেন, শফিকুল কবির ও তাঁর ছেলেকে পাওয়া গেলে অনেক প্রশ্নের জবাব মিলবে। টেলিফোনে যোগাযোগ করা হলে শফিকুল কবির প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে অনেক আগেই স্মৃতি নামের মেয়েটিকে বিয়ে করে উত্তরায় থাকছে। তাঁর সঙ্গে ছেলের কোনো যোগাযোগ নেই। তিনি বলেন, বাড়ি ছাড়ার জন্য তিনি ফারজানাকে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। ফারজানা এ বাড়ি ছাড়ার পরই তিনি সেখানে আসবেন বলে স্থির করেছিলেন। ফারজানার মৃত্যু আত্মহত্যাজনিত বলে দাবি করেন তিনি।