দুই সন্তানের পর বিলাসীও চলে গেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সন্তানসহ নিজের শরীরে দেওয়া আগুনে দগ্ধ বিলাসী আক্তার (২৭) আজ রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। চার দিন হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে তাঁকেও হার মানতে হলো।মায়ের লাগানো আগুনে দগ্ধ ছোট্ট রায়হান গত বৃহস্পতিবার রাতে এবং পরদিন গত শুক্রবার সকালে তার বোন আট বছরের রজনী আক্তার মারা যায়। গত বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কমলাপুরে বিলাসী কেরোসিন ছিটিয়ে প্রথমে তাঁর দুই সন্তানের দেহে আগুন দেওয়ার পর নিজের শরীরে আগুন দেন।বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক প্লাস্টিক সার্জন সামন্ত লাল সেন প্রথম আলোকে জানান, আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ইউনিটের আইসিইউতে চিকিত্সাধীন গৃহবধূ বিলাসীর মৃত্যু হয়। আগুনে তাঁর শরীরের ৬০ ভাগ এবং তাঁর দুই সন্তান রায়হান ও রজনীর শরীরের ৮০ ভাগ করে পুড়েছিল। আগুনে বিলাসীর শ্বাসনালিও পুড়েছিল।বার্ন ইউনিট সূত্র জানায়, মৃত্যুর আগে আইসিইউতে বিলাসীর ভাই সেলিমুজ্জামানসহ স্বজনেরা উপস্থিত ছিলেন। চিকিত্সকেরা বিলাসীকে মৃত ঘোষণার পর স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। মৃত বিলাসীর ভাই সেলিমুজ্জামান জানান, সব শেষ হয়ে গেল। তাঁর চোখের সামনে বোন, ভাগনে ও ভাগনি সবাই চলে গেল।মামলার তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার উপ-পরিদর্শক (্এসআই) নাসিরউদ্দিন প্রথম আলোকে জানান, দ্বিতীয় বিয়ে মেনে নেওয়া এবং ১০ লাখ টাকা যৌতুকের জন্য বিলাসীকে নির্যাতন করতেন তাঁর স্বামী রাজীব আলী। তিনি বিলাসীকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া রাজীব কারাগারে আছেন। তাঁকে সাত দিনের রিমান্ডের জন্য মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করা হয়েছে। আগামী মঙ্গলবার শুনানির দিন ধার্য রয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাঁকে কারাগার থেকে থানায় আনা হবে। তিনি আরও জানান, এজাহারভুক্ত অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।