দুই সাংবাদিককে পেটাল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী লাঞ্ছনার ঘটনা শুনে তথ্য সংগ্রহ করতে গিয়ে পুলিশের লাঞ্ছনার শিকার হয়েছেন দুজন সাংবাদিক। তাঁরা হলেন—‘সমকাল’-এর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাসুম বিল্লাহ ও দৈনিক ‘কালের কণ্ঠ’ পত্রিকার প্রদায়ক পিন্টু রঞ্জন অর্ক। গতকাল শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের নিয়ন্ত্রণকক্ষের কাছে এ ঘটনা ঘটে।এই দুজন সাংবাদিকের সঙ্গে থাকা অন্য সাংবাদিকদের দাবি, সোহরাওয়ার্দী উদ্যানের গেটে নারী লাঞ্ছনার খবর শুনে গতকাল রাত আটটার দিকে গণমাধ্যমে কর্মরত বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের একটি দল সেখানে যায়। পুলিশ কন্ট্রোল রুমের কাছাকাছি যেতেই পরিচিত সাংবাদিকদের দেখে কুশল বিনিময় করেন রমনা অঞ্চলের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম। এ সময় হঠাত্ করেই চার-পাঁচজন কনস্টেবল সাংবাদিকদের পেটাতে শুরু করেন। এতে মাসুম বিল্লাহ ও পিন্টু রঞ্জন অর্ক আহত হন। দুজন সাংবাদিককে পেটানোর কথা জানানো হলে রমনা জোনের এডিসি নুরুল ইসলাম বলেন, ঘটনাটি তাঁদের সামনেই ঘটেছে। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখিত। লিখিতভাবে অভিযোগ দিলে ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকেরা বিষয়টি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিককে জানালে তিনি ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার কৃষ্ণপদ রায়ের সঙ্গে কথা বলেন। কৃষ্ণপদ রায় বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে এ ধরনের কর্মকাণ্ড করে তাঁরা পুলিশি শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এটা তাঁরা খারাপ কাজ করেছেন মন্তব্য করে তিনি বলেন, দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। আহত দুজন সাংবাদিক মাসুম ও পিন্টুর দাবি, সাংবাদিক পরিচয় দেওয়ার আগেই কনস্টেবল শাহজাহান, শাহানুর, সুমিতসহ পুলিশের কয়েকজন সদস্য তাঁদের লাঠি দিয়ে পেটান এবং বুট দিয়ে লাথি মারেন।মাসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এবং পিন্টু বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।