দুই সূর্যকে কেন্দ্র করে ঘোরা গ্রহ আবিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের সৌরজগতের বাইরে দুটি সূর্যকে কেন্দ্র করে ঘোরা একটি গ্রহ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। গত বৃহস্পতিবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এ কথা জানিয়ে বলেছে, তাদের দূরবীক্ষণ যন্ত্র কেপলার এটি চিহ্নিত করেছে।গ্রহটির নাম দেওয়া হয়েছে কেপলার ১৬বি। মহাশূন্যে কোনো গ্রহের দুই নক্ষত্রকে প্রদক্ষিণ করার ঘটনা এই প্রথম জানা গেল। পৃথিবী থেকে এর দূরত্ব ২০০ আলোকবর্ষ। আলো সেকেন্ডে এক লাখ ৮৬ হাজার মাইল গতিতে চলে এক বছরে যতদূর যায়, তা এক আলোকবর্ষ।গবেষণা প্রতিবেদনের অন্যতম লেখক ও হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিকেসর জশ কার্টার বলেন, ‘কোনো গ্রহের দুটি সূর্যকে প্রদক্ষিণ করার ঘটনা এবারই প্রথম নিশ্চিত হওয়া গেল।’ আরেক লেখক ও কার্নেগি ইনস্টিটিউশন ফর সায়েন্স ডিপার্টমেন্ট অব টেরেস্ট্রিয়াল ম্যাগনেটিজমের অ্যালান বস বলেন, ‘এটা চমকপ্রদ আবিষ্কার।’বলা হচ্ছে, নতুন গ্রহটি দেখতে বিজ্ঞান কল্পকাহিনি নিয়ে নির্মিত চলচ্চিত্র স্টার ওয়ার্স-এর ট্যাটুয়াইন গ্রহের মতোই হতে পারে। তবে চলচ্চিত্রে থাকলেও এ গ্রহটিতে বাস্তবে লিউক স্কাইওয়াকারের মতো চরিত্র বসবাস করার সম্ভাবনা কম। কারণ, এই গ্রহে সম্ভবত প্রাণের জন্য সহায়ক পরিবেশ নেই। মনে করা হচ্ছে, কেপলার ১৬বি শনি গ্রহের মতোই একটি বিশাল শীতল গ্যাসীয় গ্রহ। দুটি সূর্যই আমাদের সূর্যের চেয়ে ছোট ও তুলনামূলকভাবে শীতল বলে গ্রহটিও শীতল।বিজ্ঞানীরা জানান, কেপলার ১৬বি গ্রহ যে দুটি সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তা আমাদের সৌরজগতের সূর্যের চেয়ে ৬৯ ও ২০ শতাংশ ছোট। গ্রহটির ভূপৃষ্ঠের তাপমাত্রা মাইনাস ৭৩ ও মাইনাস ১০১ ডিগ্রি সেলসিয়াস। এটি ২২৯ দিনে একবার তার দুই সূর্যকে প্রদক্ষিণ করে। সূর্য দুটি থেকে গ্রহটির গড় দূরত্ব ১০ কোটি ৪০ লাখ কিলোমিটার। দুটি সূর্য থাকায় এ গ্রহে সূর্যাস্তও দুবার হয়।’এ গবেষণায় নেতৃত্ব দেন ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান সার্চ ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্সের (সেটি) কেপলার বিজ্ঞানী লরেন্স ডয়েল। পৃথিবীর বাইরে প্রাণ অনুসন্ধান এ প্রতিষ্ঠানের লক্ষ্য। এএফপি, বিবিসি।