ফখরুদ্দীন ও মইনকেও ডাকবে সংসদীয় কমিটি
দুই সেনা কর্মকর্তা হাজির, অন্য দুজনের খোঁজ নেই
সাবেক সেনা কর্মকর্তা এ টি এম আমিন ও চৌধুরী ফজলুল বারীকে খুঁজে পায়নি সেনা কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) বারী পলাতক বলে সেনা সদর জানিয়েছে। যোগাযোগের জন্য সেনা সদরকে তাঁরা যে ঠিকানা দিয়েছেন, দুজনকেই চিঠি পাঠিয়ে সেনা সদর জেনেছে, তাঁরা ওই ঠিকানায় থাকেন না।সশস্ত্র বাহিনী বিভাগ থেকে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটির কাছে গতকাল রোববার পাঠানো চিঠিতে এ কথা বলা হয়েছে। লে. কর্নেল আবু নাছের মো. ইলিয়াস স্বাক্ষরিত ওই চিঠিতে চার সেনা কর্মকর্তা সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। এই সেনা কর্মকর্তাদের বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় (আগস্ট, ২০০৭) ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনার তদন্তের জন্য সংসদীয় উপকমিটির সভায় ডাকা হয়েছিল। সেনা সদর ওই দুই সাবেক সেনা কর্মকর্তাকে খুঁজে না পেলেও অন্য দুজন কমিটির সভায় উপস্থিত হবেন বলে জানানো হয়। তাঁরা হলেন তৎকালীন চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল সিনা ইবনে জামালী এবং ডিজিএফআইয়ের ওই সময়ের কর্নেল ও পরে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামছুল আলম খান (শামস)।এই দুই কর্মকর্তা গতকাল সংসদীয় উপকমিটির সভায় উপস্থিত হয়ে ২০০৭ সালের আগস্টে সংঘটিত ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ঘটনা সম্পর্কে তাঁদের বক্তব্য দেন। এই চার কর্মকর্তার মধ্যে শুধু শামস সেনাবাহিনীতে কর্মরত আছেন।বৈঠক সূত্রে জানা যায়, তাঁদের দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংসদীয় উপকমিটি বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও ওই সময়ের সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদকে সভায় ডাকার সিদ্ধান্ত নেয়।এ ব্যাপারে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, জেনারেল জামালী ও শামসের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফখরুদ্দীন আহমদ এবং মইন উ আহমেদকে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেনন বলেন, সভায় তাঁরা জানিয়েছেন, ওই সময় তাঁদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা ছিল না। তাঁরা যা করেছেন, তার সবই তৎকালীন প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের নির্দেশে করেছেন।জানা গেছে, গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় উপকমিটির সভায় জেনারেল শামস এবং জামালী দুজনই বলেন, প্রধান উপদেষ্টা এবং সেনা সদর দপ্তরের উচ্চপর্যায়ের নির্দেশেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের গ্রেপ্তার করা হয়েছিল। সব কাজই করা হয়েছে উচ্চপর্যায়ের নির্দেশে। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) কাজ করেছে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের আওতায়।২০০৭ সালে ঢাকা-রাজশাহীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহিংস ঘটনার অধিকতর তদন্তে গত বছরের ১৯ আগস্ট সংসদীয় উপকমিটি গঠন করা হয়।কমিটি ইতিমধ্যেই ২০০৭ সালের ওই সহিংস ঘটনার বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। তৎকালীন শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরীসহ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাক্ষ্য নেওয়া হয়েছে। পরে ওই ঘটনায় জড়িত শিক্ষার্থীদেরও সাক্ষ্য নেবে কমিটি। এসব সাক্ষ্য ও বিক্ষোভের সময়কার ভিডিও ফুটেজ ও ছবিসহ অন্যান্য তথ্য দেখে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হবে। পরে এই তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি সুপারিশ চূড়ান্ত করবে।