ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা রেকর্ডের তৃতীয় দিনে লেনদেন প্রথমবারের মতো দুই হাজার কোটি টাকা অতিক্রম করল। গতকাল বুধবার আগের দিনের রেকর্ড ভেঙে দুই হাজার ২৮২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর ইতিহাসে এটাই এক দিনের সর্বোচ্চ লেনদেন। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জসহ (সিএসই) গতকাল সম্মিলিতভাবে দেশের দুই স্টক এক্সচেঞ্জে সব মিলিয়ে লেনদেন হয়েছে দুই হাজার ৪৪১ কোটি ৯৬ লাখ টাকা। গত মঙ্গলবার সম্মিলিতভাবে লেনদেন হয়েছিল এক হাজার ৯৯৯ কোটি টাকা। আর রেকর্ড তৈরির প্রথম দিন মোট লেনদেনের পরিমাণ ছিল এক হাজার ৯৮৪ কোটি টাকা। ডিএসইতে গতকাল সাধারণ সূচকও বেড়েছে। এই সূচক প্রায় সাড়ে ৮৩ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৮১১ পয়েন্ট ছাড়িয়েছে। আর লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানির মধ্যে ১২৪টির দাম বেড়েছে, ১১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত ছিল।সিএসইতে গতকাল ১৫৯ কোটি ৬১ লাখ টাকার লেনদেন হয়। সিএসইর সার্বিক মূল্যসূচক ২৯৪ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৯০৩ পয়েন্ট ছাড়িয়েছে। ১৮২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হলেও ৯২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং ৮২টি কোম্পানির দর কমেছে। আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত ছিল।পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও আফতাব অটোমোবাইলস লিমিটেড শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় রূপান্তরের চূড়ান্ত অনুমোদন পেয়েছে গত মঙ্গলবার। এ ছাড়া ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইস্যুরেন্স, সোস্যাল ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, সাউথইস্ট ব্যাংকের আবেদন জমা আছে এসইসিতে। নিয়ন্ত্রক সংস্থা যেকোনো সময় এসব কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় রূপান্তরের চূড়ান্ত অনুমোদন দিতে পারে, এমন আশায় এসব কোম্পানিসহ অন্যান্য ব্যাংকিং খাতের শেয়ারের দাম বেড়েছে। এর ফলে বাজারে রেকর্ড পরিমাণ লেনদেন হয়েছে।বাজার বিশ্লেষকেরা বলেছেন, চাইলে যেকোনো প্রতিষ্ঠান তাদের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকায় রূপান্তর করতে পারবে বলে এর আগে এসইসি প্রজ্ঞাপন জারি করেছে। পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী সংগঠন থেকে কালো টাকা সাদা হওয়ার সুযোগ না দেওয়ার দাবি জানানো হচ্ছে। অর্থবছরের বাকি সময়ের মধ্যেই অনেকে পুঁজিবাজারে বিনিয়োগ করে অর্থ সাদা করার চেষ্টা করছেন। এ কারণে দুই বাজারেই লেনদেনের পরিমাণ বাড়ছে।