নোজ গিয়ার পিন না খুলেই আকাশে ওড়ায় বিমানটির চাকা আটকে যায়
দুই হাজার লিটার জ্বালানি পুড়িয়ে নামল বিমানটি!
যাত্রী নিয়ে আকাশে ওড়ার পর জানা গেল, বিমানের চাকা ভেতরে ঢুকছে না, আটকে গেছে। এ অবস্থায় ঝুঁকির মধ্যে আছে বিমানটি। তখনই অবতরণ করা জরুরি। কিন্তু জ্বালানি ট্যাংক পুরো ভর্তি থাকায় এত ওজন নিয়ে সঙ্গে সঙ্গে অবতরণও সম্ভব নয়। তাই ওজন কমাতে আকাশে চক্কর দিয়ে পোড়ানো হলো দুই হাজার ১০০ লিটার জেট ফুয়েল। তারপর বাংলাদেশ বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি অবতরণ করে।দেখা গেল, যান্ত্রিক কোনো ত্রুটি নয়, নোজ গিয়ার পিন (যার সাহায্যে অবতরণের পর চাকা আটকে রাখা হয়) না খুলেই উড়োজাহাজটি আকাশে ওড়ায় এ রকম ভয়ংকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। বিমান উড্ডয়ন-ঝুঁকির এই ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গতকাল বুধবার বিমানের প্রকৌশল শাখার একটি সূত্র জানায়, এ ঘটনায় একজন টেকনিশিয়ানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে নোজ গিয়ার পিন খোলা হয়েছে কি না, তা উড্ডয়নের আগে নিশ্চিত হওয়া ক্যাপ্টেন পাইলটের অবশ্যকরণীয়। এ জন্য ওই পিনের সঙ্গে লম্বা ফ্লোরেসেন্ট (বিকিরণ গ্রহণ করে তা আলোরূপে ফিরিয়ে দেয়) ফিতা যুক্ত থাকে; যাতে রাতেও দেখা যায়, সেটি খোলা হয়েছে কি না। কিন্তু বিষয়টি এখন টেকনিশিয়ানের ঘাড়ে চাপানো হচ্ছে।বিমান সূত্র জানায়, ফ্লাইটসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের ঢাকা-দিল্লি ফ্লাইটটি যাওয়ার কথা ছিল। তবে এটি ৩২ জন যাত্রী নিয়ে দিল্লির উদ্দেশে উড্ডয়ন করে বেলা সাড়ে ১১টায়। আকাশে ওড়ার পর দেখা গেল, চাকা ভেতরে ঢুকছে না। উড্ডয়নকালে তাতে জ্বালানি তেল ছিল ১৪ হাজার ৬০০ লিটার। দুই হাজার ১০০ লিটার জ্বালানি পুড়িয়ে ওজন কমিয়ে উড়োজাহাজটি আবার ঢাকায় অবতরণ করে। এরপর নোজ গিয়ার পিন খুলে আবার একই পাইলটকে দিয়ে ফ্লাইটটি দিল্লিতে পাঠানো হয়।এ ঘটনা সম্পর্কে লগ বইয়ে ক্যাপ্টেন পাইলট রেজোয়ান লিখেছেন, কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজের চাকা আটকে যায়, তাই উড্ডয়নের পর নেমে আসতে হয়েছিল। তবে গ্রাউন্ড ইঞ্জিনিয়ার জানিয়েছেন, কারিগরি ত্রুটি নয়, নোজ গিয়ার পিন না খোলার কারণে এমনটা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নোজ গিয়ার পিন খোলা হয়েছে কি না, সেটা নিশ্চিত না হয়ে ক্যাপ্টেন পাইলটের কিছুতেই উড্ডয়নে যাওয়ার কথা নয়। এটা বিমানের উড্ডয়ন নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গত বছর কাতার এয়ারওয়েজে এমন ভুলের জন্য পাইলট ও কো-পাইলট দুজনেরই চাকরি যাওয়ার উদাহরণ আছে।জানতে চাইলে বিমানের চিফ অব সেফটি ক্যাপ্টেন ফজল গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, তিনি ফ্লাইট পরিচালনা শেষ করে দেশে ফিরেছেন মাত্র। তাই এ বিষয়ে বিস্তারিত কিছু জানেন না।কারিগরি ত্রুটির কারণে এ উড্ডয়ন-ঝুঁকির ঘটনা ঘটেছে কি না, এ বিষয়ে জানতে চাইলে চিফ অব টেকনিক্যাল ক্যাপ্টেন আবু সাইদ মনির গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি ইঞ্জিনিয়ারিং শাখা দেখছে। যদি তাতে টেকনিক্যাল ফল্টের কিছু আসে, তাহলে আমাদের জানাবে এবং আমরা তদন্ত করে দেখব। আর যদি পাইলটের ভুল বা সেফটির বিষয় হয়, তাহলে নিশ্চয় ফ্লাইট সেফটি শাখা দেখবে।’কিন্তু পাইলট তো লগ বইয়ে লিখেছেন, টেকনিক্যাল কারণ আর গ্রাউন্ড ইঞ্জিনিয়ার বলেছেন, নোজ গিয়ার পিন না খোলায় এমনটা হয়েছে, এটা সেফটি না টেকনিক্যাল ঘটনা—এ প্রশ্নের জবাবে চিফ অব টেকনিক্যাল বলেন, নোজ গিয়ার পিন না খোলার তথ্য তিনি জানেন না।২০০৫ সালের ১ জুলাই চট্টগ্রামে বাংলাদেশ বিমানের একটি ডিসি-১০ উড়োজাহাজ দুর্ঘটনা ঘটে। ওই উড়োজাহাজের ক্যাপ্টেন পাইলট ছিলেন সেলিম আহমেদ ও কো-পাইলট রেজোয়ান। তদন্তে ওই বিমান দুর্ঘটনার জন্য পাইলটের ভুল প্রমাণিত হয়। ওই ঘটনায় ক্যাপ্টেন সেলিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কো-পাইলট রেজোয়ানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি পরে ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি পান। রেজোয়ান তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রেজোয়ান পাইলটের পাশাপাশি ডেপুটি চিফ অব শিডিউলিং পদে দায়িত্ব পান।