২১ আগস্ট গ্রেনেড হামলায় সরাসরি অংশগ্রহণকারী হিসেবে শনাক্ত ব্যক্তিদের মধ্যে অন্তত তিনজন জঙ্গি ইতিমধ্যে দেশে ও বিদেশে মারা গেছেন। তাঁদের মধ্যে ২০০৪ সালে ওই আক্রমণে নেতৃত্বদানকারী আহসান উল্লাহ ওরফে কাজল দিল্লিতে ভারতীয় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। আক্রমণে অংশ নেওয়া আরেক জঙ্গি উজ্জ্বল ওরফে রতনও ভারতে পৃথক এনকাউন্টারে নিহত হন বলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জানতে পেরেছে।সিআইডি সূত্র জানায়, গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এই মামলায় নতুন করে তদন্ত করতে গিয়ে সিআইডি আক্রমণে সরাসরি জড়িত এ তিনজনের মৃত্যুর কথা জানতে পারে। তাঁদের একজন ঝিনাইদহের মাসুদ (২৫) ২০০৭ সালের শুরুর দিকে হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান।উজ্জ্বল ওরফে রতনের (২৭) বাড়ি ঝিনাইদহ জেলার পবাহাটিতে। স্থানীয় পুলিশ তাঁর নাম-ঠিকানা শনাক্ত করে ঢাকায় সিআইডিকে জানিয়েছে। পারিবারিক সূত্র পুলিশকে জানায়, রতন ভারতে নিহত হয়েছেন বলে তাঁরা শুনেছেন। আর ভারতের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় ২০০৬ সালের ৯ মার্চ প্রকাশিত খবর থেকে জানা যায়, ওই বছরের ৮ মার্চ সকালে দিল্লি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে লস্কর-ই-তাইয়েবার নেতা গোলাম ইয়াজদানি ওরফে নাভিদ ওরফে ইয়াহিয়া ও তাঁর সঙ্গী বাংলাদেশের আহসান উল্লাহ ওরফে কাজল নিহত হয়েছেন। এ সময় তাঁদের গাড়ি থেকে একটি একে-৫৬ রাইফেল, চারটি গ্রেনেড, চার কেজি বিস্ফোরক ও দুটি পিস্তল উদ্ধার করে বলে দিল্লি পুলিশ দাবি করে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর ওই খবরে বলা হয়, বাংলাদেশে মুফতি হান্নানের নেতৃত্বাধীন হুজির দ্বিতীয় শীর্ষস্থানীয় নেতা কাজল বাংলাদেশে শেখ হাসিনার সমাবেশসহ কয়েকটি বোমা-গ্রেনেড হামলা ও ভারতের হায়দরাবাদে একটি বোমা বিস্ফোরণে জড়িত ছিলেন বলে অভিযোগ আছে।এ-সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথিপত্রে দেখা যায়, ২০০৬ সালের ৩১ মার্চ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বহির্বিভাগ (স্মারক নং ১/১১/১৪১২/১/২০০৫) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্বিভাগে (দক্ষিণ এশিয়া) পাঠানো এক চিঠিতে বাংলাদেশি নাগরিক ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় সন্দেহভাজন কাজল দিল্লিতে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার তথ্য অবহিত করে। ওই চিঠিতে যোগাযোগের জন্য দিল্লি পুলিশের একজন সহকারী কমিশনারের (ওই বন্দুকযুদ্ধের তদন্ত কর্মকর্তা) টেলিফোন নম্বরও উল্লেখ করা হয়। চিঠি পাওয়ার দেড় মাস পর ১৬ মে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (দক্ষিণ এশিয়া) মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়।ওই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি ধামাচাপা দিয়ে রাখে, যা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার ক্ষেত্রে সহায়ক হয় বলে সিআইডির কর্মকর্তারা মনে করছেন। তদন্ত-সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে ওই ঘটনায় ভারত ও বাংলাদেশে কাজলের যোগাযোগ ও তাঁর সহযোগীদের সম্পর্কে আরও তথ্য পাওয়া যেত।