দুই ‘ম’—এর বিরুদ্ধে হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেইন বলেন, ‘মাদক নির্মূলে আমরা সব সময় আন্তরিক। আমরা বলব না পুরোপুরিভাবে সিলেটে মাদক নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। তবে আগের তুলনায় পরিস্থিতি অনেক ভালো। সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে পুরোপুরিভাবে মাদক নির্মূল করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না।’পুলিশ সুপার বলেন, ‘আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছি। গত এক বছরে গ্রেপ্তারকৃত ও জেলখাটা ছোটখাটো মাদক ব্যবসায়ীদের সঙ্গে বসে আড়ালের মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করার চেষ্টা করছি। ওদের ধরতে পারলেই মাদক নির্মূল করা অনেকটাই সহজ হয়ে যাবে।’ পুলিশ মাদক বিক্রিতে সহায়তা করে—এ ধরনের প্রমাণ পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে বলেন, ‘দুই “ম”কে আমি সমর্থন করি না। মাদক আর মিথ্যা মামলা—এর বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক পুলিশ। এ সম্পর্কিত কোনো ঘটনার সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’র‌্যাব-৯-এর মেজর মো. তৌফিক এলাহী বলেন, ‘র‌্যাব মাদকের স্থানগুলো চিহ্নিত করে বিশেষ অভিযান চালায়। মাদক স্পট নির্মূল করতে সব সময় র‌্যাবের সদস্যরা আন্তরিকভাবে কাজ করে আসছেন। সীমান্ত এলাকার দায়িত্ব বিডিআরের কাছে তাই আমরা শহর ও উপজেলাকেন্দ্রিক অভিযান চালাই। মাদককে নির্মূল ও বিনাশ করতে আমরা প্রতিনিয়ত কাজ করছি। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। তবে মানুষকেও সচেতন হতে হবে। মাদকের কুফল সম্পর্কে পারিবারিকভাবেও সচেতনতা বাড়াতে হবে। তবেই সমাজ থেকে চিরতরে মাদক নির্মূল করা সম্ভব হবে।’মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক পরিতোষ কুমার কুন্ডু বলেন, ‘আমাদের লোকবলের সংকট রয়েছে। লোকবলের সংকট এবং সুযোগ-সুবিধার অভাবে অনেক সময় অভিযান পরিচালনায় সমস্যা হয়। এর পরও আমরা মাদক ব্যবসায়ীদের ধরতে ও মাদকদ্রব্য উদ্ধার করতে নিয়মিত অভিযান চালাচ্ছি। মাদক নির্মূলে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই।’ তিনি দক্ষ কর্মকর্তা নিয়োগ, তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং অভিযান পরিচালনায় আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বাড়ানোসহ মাদকের বিরুদ্ধে জনমত সৃষ্টির ওপর জোর দেন।