পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র মামলায় সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যসচিব কাজী মো. ফেরদাউস হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেছেন। দুদক গতকালও বলেছে, আসামিদের ধরতে অভিযান চলছে। আর সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে নজরদারিতে রাখা হয়েছে। ১৭ ডিসেম্বর বনানী থানায় করা মামলার অন্য আসামিরা হলেন: সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের, এসএনসি-লাভালিনের সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইল, আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ এবং এসএনসি-লাভালিনের স্থানীয় পরামর্শক প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালট্যান্ট কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মোস্তফা। সাত আসামির তিনজন কানাডার নাগরিক। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য দুদকের তদন্তকারী দল কানাডা যাবে বলে জানিয়েছে দুদক।জামিন আবেদন: আবেদনকারীদের পক্ষে আইনজীবী রুমিন ফারহানা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় গত বুধবার জামিন আবেদন করেন। যোগাযোগ করা হলে গতকাল তিনি প্রথম আলোকে জানান, দুজনের আগাম জামিন চেয়ে দুটি আবেদন করা হয়েছে। আগামী সপ্তাহে আবেদন শুনানির জন্য অবকাশকালীন বেঞ্চে দাখিল করা হবে। ইতিমধ্যে রাষ্ট্রপক্ষকে আবেদনের অনুলিপি দেওয়া হয়েছে। গত বুধবার দুদক দাবি করেছিল, আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়েছে। গতকালও দুদক একই দাবি করেছে।দুদকের কমিশনার বদিউজ্জামান গতকাল তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেছেন, আদালতে জামিন চাওয়া যে কারো মৌলিক অধিকার। পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্রের যে মামলা হয়েছে, সেটিও জামিনযোগ্য ধারায়। তিনি বলেন, তবে কোনো আসামির জামিন যদি তদন্তের জন্য বাধা হয়ে দাঁড়ায়, সে ক্ষেত্রে দুদকের আইনজীবীরা জামিনের বিরোধিতা করবেন। আবার যদি এমন মনে হয়, আদালত আসামিদের জামিন দিলে তাঁরা মামলার তদন্তকাজকে প্রভাবিত করা চেষ্টা করেন, সে ক্ষেত্রে কমিশন তাঁদের জামিন বাতিলের জন্য আদালতে আবেদন জানাবেন।আসামিদের বর্তমান অবস্থান প্রসঙ্গে দুদকের এ কমিশনার বলেন, বাংলাদেশি চার আসামি যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ না করেন, ততক্ষণ পর্যন্ত তাঁরা পলাতক হিসেবেই চিহ্নিত হবেন। তাঁদেরকে যেখানে পাওয়া যাবে, সেখান থেকেই গ্রেপ্তার করা হবে।দুদকের অভিযান: গতকাল বিকালে দুই আসামি হাইকোর্টে জামিন নিতে গিয়েছেন, এমন খবর পেয়ে দুদকের পরিচালক ও উইং কমান্ডার তাহিদুল ইসলামের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তারা তাৎক্ষণিক অভিযানে নামেন বলে জানানো হয়। পৌনে এক ঘণ্টার অভিযান শেষে তাঁরা দুদক কার্যালয়ে ফেরত আসেন। উইং কমান্ডার তাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, আসামিদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে।আবুল হোসেন ও আবুল হাসানের গতিবিধি নজরদারিতে: সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী নজরদারিতে আছেন বলে দাবি করেছেন কমিশনার মো. বদিউজ্জামান। তিনি বলেন, ‘ওই দুই ব্যক্তি যাতে তদন্তকে প্রভাবিত করতে না পারেন, সে জন্য তাঁদেরকে নজরদারিতে রাখা হয়েছে। দুই মন্ত্রীকে যেহেতু আসামি করা হয়নি, তাই তাঁদের গ্রেপ্তার করা হবে না এবং আদালত থেকে তাঁদের জামিনও নিতে হবে না। তবে তদন্তকারী কর্মকর্তারা তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারেন।জানতে চাইলে আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘হ্যাঁ, নজরদারিতে রয়েছি। সমস্যা কী? আমি সৎ, স্বচ্ছ ও পবিত্র মানুষ। আল্লাহর নজরদারিতেও তো রয়েছি।’দুদকের নজরদারির কারণে কোথাও যেতে বা কোনো কাজে আপনি বাধার সম্মুখীন হচ্ছেন কি না, জানতে চাইলে আবুল হোসেন বলেন, ‘আমার কাজে আল্লাহর বাধা ছাড়া পৃথিবীর আর কারও বাধা দেওয়ার কোনো অধিকার নেই।’একপর্যায়ে সাবেক যোগাযোগ কিছুটা উত্তেজিত হয়ে বলেন, ‘আপনাদের কারণে আমি তো এখন পৃথিবীখ্যাত মানুষ। আমাকে নিয়ে আলোচনা, সমালোচনা, কবিতা আবৃত্তি, কার্টুন—কোনটা বাদ রেখেছেন। শেষবিচারের দিনে দেখবেন, সৈয়দ আবুল হোসেন কী জিনিস।’ কানাডায় যাবে তদন্তকারী দল: দুদকের তদন্তকারী দল শিগগিরই কানাডায় যাবে বলে জানিয়েছেন কমিশনার বদিউজ্জামান। তিনি বলেন, ‘তবে এ জন্য কানাডা সরকারের ক্লিয়ারেন্স (ছাড়পত্র) প্রয়োজন। তদন্তের স্বার্থে কানাডিয়ান নাগরিক তিন আসামির জবানবন্দি নেওয়ার প্রয়োজন রয়েছে। তা ছাড়া যে ডায়েরির কথা আমরা বলছি, ওই ডায়েরির কপিও প্রয়োজন। ওইখানে যাঁদের নাম এসেছে, তাঁরা আসামিদের সঙ্গে কীভাবে যোগাযোগ করেছেন, সেখানে যেসব অপরাধ হয়েছে, সেটাও প্রতিষ্ঠিত করতে হবে। রমেশ শাহ ও ইসমাইলের বক্তব্য নিতে হবে।’ গতকাল দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল্লাহ আল জাহিদ সাংবাদিকদের বলেন, ‘মামলার তিন আসামি যেহেতু কানাডার নাগরিক, তাই তাঁদের জবানবন্দিও নিতে আবেদন করব। কানাডার সঙ্গে যেহেতু আমাদের আসামি বা বন্দিবিনিময় চুক্তি নেই, তাই অ্যাটর্নি জেনারেলের অফিসের মাধ্যমে তাঁদের জবানবন্দি দেওয়ার জন্য আবেদন জানানো হবে।’