দুজনে মিলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপ-এশিয়ার বড় বড় ১১টি প্রতিষ্ঠান। এগুলোর মধ্যে ছিল বাংলাদেশের ই-কমার্স প্রতিষ্ঠান ‘আমার দেশ আমার গ্রাম’। মঞ্চে ঘোষণা করা হচ্ছে সেরা চারটি প্রতিষ্ঠানের নাম; আর শুরুতেই বাংলাদেশ! বিচারকদের মন জয় করে নিয়েছে ভিন্ন রকমের ধারণা নিয়ে তৈরি ব্যবসাপ্রতিষ্ঠান ‘আমার দেশ আমার গ্রাম’। অর্জন করে ‘জুরি স্পেশাল অ্যাওয়ার্ড’। এই প্রতিষ্ঠান অনলাইনের মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে প্রয়োজনীয় পণ্যের ফরমাশ নিয়ে তা পৌঁছে দেয় গ্রাহকের কাছে। আর প্রতিষ্ঠানটির মূল চালিকা শক্তি দেশের প্রান্তিক অঞ্চলের নারীরা। নিজের দেশের জন্য গর্ব হতে থাকে প্রতিষ্ঠানের দুই উদ্যোক্তার। ব্যবস্থাপনা পরিচালক সাদেকা হাসান ও পরিচালক (কারিগরি) আতাউর রহমান দম্পতির। বলছিলাম ‘আইসিটি সামিট ইউরেশিয়া-২০১২’ অনুষ্ঠানের কথা। যেখানে ২০০০ সাল থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে সফলতার ওপর ভিত্তি করে পুরস্কার দেওয়া হয়। তুরস্কের ইস্তাম্বুলে ১১ থেকে ১৩ সেপ্টেম্বর এ আয়োজন অনুষ্ঠিত হয়।এ ধরনের ব্যবসার চিন্তা এল কীভাবে? ‘আমরা দুজনই উচ্চশিক্ষা নিতে লন্ডন যাই। ওখানকার ইউনিভার্সিটি অব বেডফোর্ডশায়ারে আতাউর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং বিষয়ে এবং আমি স্থাপত্যবিদ্যায় লেখাপড়া করতে থাকি। লন্ডনে থাকতেই আমরা প্রবাসী বাঙালিদের জন্য চালু করি ফেব ইউকে নামের একটি অনলাইন ব্যবসাকেন্দ্র, যেখানে নিত্যদিনের প্রয়োজনীয় নানা ধরনের পণ্যের ফরমাশ আসত। কিছুদিনের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে পড়ে সাইটটি। জমজমাট ব্যবসাই বলা চলে। কিন্তু দেশে ফেরার জন্য মন ব্যাকুল হয়ে পড়ে।’ সাদেকার কথার রেশ ধরেই তাঁর স্বামী আতাউর রহমান বলেন, ‘আমরা যখন সিদ্ধান্ত নিলাম দেশে ফিরে এটি নিয়ে কাজ করব, তখন পরিবারের সবার মন খারাপ হয়ে যায়। অনেকে বলত, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হবে সবজি বিক্রেতা! কিন্তু আমরা হাল ছাড়িনি। দেশে ফিরে কাজ শুরু করি।’২০০৯ সালে এই দম্পতি গড়ে তোলেন আমার দেশ আমার গ্রাম নামের ই-কমার্স সাইট। এবারের ইউরেশিয়া পুরস্কারই অবশ্য প্রথম নয় প্রতিষ্ঠানটির জন্য, এর আগে প্রতিষ্ঠানটি জিতে নিয়েছে ন্যাশনাল ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড, জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট ইয়ুথ অ্যাওয়ার্ড (পাওয়ার টু উইমেন), ই-এশিয়া, মন্থন অ্যাওয়ার্ডসহ নানা পুরস্কার। আর সর্বশেষ যোগ হলো ‘আইসিটি সামিট ইউরেশিয়া-২০১২’ এর বিশেষ পুরষ্কার। যেখানে দেশের প্রত্যন্ত এলাকায় চাষ হওয়া নানা পণ্য সরাসরি চলে আসে ক্রেতার কাছে। মংলা অঞ্চল দিয়ে যাত্রা শুরু হয় তাঁদের ব্যবসার। বর্তমানে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে দেশের ১৩টি স্থানে কেন্দ্র রয়েছে তাঁদের, যেখানে সবজি, মাছ, মধু, বনসাই, ভেষজ চা, নকশি কাঁথা, কাপড় ও হাতে তৈরি নানা ধরনের পণ্য রয়েছে। নিজের ইচ্ছামতো পণ্য ফোনে বা অনলাইনে ফরমাশ করলেই পৌঁছে যাবে সেখানে। পণ্যের গুণগত মানের দিকে সবচেয়ে গুরুত্ব দেন প্রতিষ্ঠানের কর্তারা। ‘আমার দেশ আমার গ্রাম’ এর ব্যবস্থাপনা পরিচালক সাদেকা হাসান বলেন, ‘আমাদের ইচ্ছা, দেশের ৬৪টি জেলাতেই উৎপাদিত পণ্য আদান-প্রদানের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া। তা ছাড়া নারীর ক্ষমতায়নের জন্য তাঁদের অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়া দরকার। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৫০ জনের কর্মসংস্থান হয়েছে, যাঁদের অর্ধেকই নারী।’ দেশের তরুণসমাজ এগিয়ে আসুক এই কাজে। উদ্যোক্তা তৈরি হোক সবখানে, দেশকে এগিয়ে নিতে যা জরুরি। এমনটা চাওয়া এই দম্পতির। ব্যবসার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গড়তে কাজ করছেন তাঁরা। তাঁরা স্কুল, কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করে দিচ্ছেন। প্রতিষ্ঠানের কাজের ব্যাপ্তি বাড়াতে ৬০০ জন গ্রামীণ নারীকে কম্পিউটারে ই-কমার্স প্রশিক্ষণ দিয়েছেন তাঁরা। সেবাগুলোর মধ্যে আছে ই-শপ, আমি হব স্বনির্ভর, ই-দেশ, সাহায্য, গ্রামের খবর ও বটতলা নামের সাংস্কৃতিক সেবা। ‘এবারে আইসিটি সামিট ইউরেশিয়া অনুষ্ঠানে যাওয়ার পর বিদেশি অনেক প্রতিষ্ঠান আগ্রহ দেখাচ্ছে পণ্য বিকিকিনির। তবে এ ক্ষেত্রে প্রয়োজন সরকার ও দেশের মানুষের সহযোগিতা। তা হলেই আমরা সহজে বিদেশে পণ্য পাঠাতে পারব; তা ছাড়া দেশের কৃষকেরাও সঠিক পারিশ্রমিক পাবেন। কর্মসংস্থান সৃষ্টি হবে অনেকের।’ বলেন সাদেকা হাসান। তবে সব কিছুতেই তাঁরা চান তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কারণ, তাঁরা মনে করেন, একমাত্র তরুণেরাই পারেন দেশকে নতুন লক্ষ্যে নিয়ে যেতে। আপনি চাইলে দেখে নিতে পারেন, তাঁদের ওয়েবসাইট: www.amaৎdesheshop.com.