দুজনের কথা
সম্প্রতি তাঁরা দুজন সংবাদ হয়েএসেছেন। শাহলা খাতুন জাতীয় অধ্যাপক হয়েছেন এবংপারভীন মাহমুদ হয়েছেন আইসিএবির প্রেসিডেন্ট। তাঁদের দুজনের সাক্ষাৎকার নিয়েছেন তৌহিদা শিরোপাএটি অনেক বড় সম্মানেরতখন ষষ্ঠ শ্রেণীতে পড়েন। ‘আমার জীবনের লক্ষ্য’ রচনায় লিখলেন ‘চিকিৎসক হতে চাই’। এরপর লক্ষ্যের কোনো পরিবর্তন হয়নি। শুধু লক্ষ্য অর্জনে এগিয়ে চলা। পরিবারের সবাই সহযোগিতা করলেন। একসময় মেয়েটির স্বপ্ন পূরণ হলো। মানুষের সেবায় উৎসর্গ করলেন নিজের জীবন। তিনি হলেন জাতীয় অধ্যাপক শাহলা খাতুন। সম্প্রতি তিনি জাতীয় অধ্যাপক পদে ভূষিত হয়েছেন। ‘সিলেটের সম্ভ্রান্ত পরিবারে জন্ম আমার। মা-বাবা দুজনই সমাজসেবা করতেন। শিক্ষা প্রসারে কাজ করেছেন। তাঁদের দেখে বড় হয়েছি। তাই মানুষের জন্য কাজ করব ঠিক করেছিলাম। আমি পড়তে চাইলাম মেডিকেল কলেজে। এইচএসসি পাসের পর ১৯৫৬ সালে ভর্তি হলাম ঢাকা মেডিকেল কলেজে। এরপর যুক্তরাজ্যে রয়েল কলেজ অব অবস এবং গাইনোকোলজিতে লেখাপড়া করতে যাই। পড়াশোনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (তৎকালীন পিজিতে) যোগদান করি। শিক্ষকতা পেশাটা খুব উপভোগ করি আমি। একদিকে যেমন মানুষের সেবা করা যায়, অন্যদিকে আমার জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। তবে আজকের এই অবস্থানে আসার পেছনে পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি। জীবনে অনেক চড়াই-উতরাই গেছে। সেসবকে অতিক্রম করে এত দূর এসেছি। আমার এক ছেলে, এক মেয়ে। ওরা সমর্থন না দিলে কাজ করা সম্ভব হতো না। দিন শেষে যখন বাড়ি ফিরতাম, কখনোই আমার সন্তানেরা তাদের কথা বলত না। প্রথমে যে খবরটি দিত, সেটি হলো তোমার রোগীরা ফোন করেছিল। কখনো কখনো স্কুল থেকে ওদের নিয়ে আমার অফিসে বসিয়ে রাখতাম। কোনো অভিযোগ ছাড়া ওরা অপেক্ষা করত।‘আমি নিজে গাড়ি চালিয়ে ঢাকা শহরের বিভিন্ন বস্তি ঘুরে দেখতাম। তখন সেসব জায়গার মানুষজন খুব সহযোগিতা করত। আমরা উদ্যোগ নিয়ে পিজিতে স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিভাগ চালু করি। এ ছাড়া নিরাপদ মাতৃত্ব, জরুরি প্রসূতি সেবার জন্য কাজ করেছি। তবে আমার জীবনের একটি অংশ হচ্ছে পিজির স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ। ২০০১ সালে আমি অধ্যাপক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করি। কিন্তু আমি কাজের মধ্যেই থাকতে চাই। ছেলেমেয়েরা বলেছিল, আর কাজ না করতে। ওদের বলেছি, কাজ ছাড়া আমি ভালো থাকব না। পরে আমি বাংলাদেশ মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিভাগের প্রধান হিসেবে যোগদান করি। সব সময় চেষ্টা করেছি অন্যের জন্য কিছু করার। তবে আমি শিক্ষার্থীদের সব সময় শেখাতে চাই, তোমার সাধ্যমতো চিকিৎসা দেবে। যখন পারবে না বলে দেবে। অযথা রোগীকে আটকিয়ে রাখবে না। আর আসল কথা হলো, ভালো ব্যবহার করবে। ব্যবহারই অর্ধেক সুস্থ করে তুলবে রোগীকে। আগামী পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করব। সাধারণত গবেষণা করার সুযোগ থাকে না। এই পাঁচ বছরে গবেষণামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখব। আসলে এটি অনেক বড় সম্মানের। জীবনের বড় পাওয়া।’ কর্মময় জীবন তাঁরনানির প্রভাব তাঁর জীবনে অনেক। তাঁর কাছ থেকেই শিখেছেন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সঙ্গে মায়ের অনুপ্রেরণা তো ছিলই। তাঁর মা শামসুন্নাহার রহমান একজন সামাজিক উদ্যোক্তা। সামাজিক ও আর্থিক উন্নয়ন প্রতিষ্ঠান ‘ঘাসফুল’-এর প্রতিষ্ঠাতা। বলছিলাম ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রথম নারী প্রেসিডেন্ট পারভীন মাহমুদের কথা। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর এবারই কোনো নারী এই পদে নির্বাচিত হলেন। উল্লেখ্য, সার্ক দেশগুলোর মধ্যে পারভীন মাহমুদ এফসিএ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ইনস্টিটিউটসমূহের প্রথম নারী প্রেসিডেন্ট। সেই অভিজ্ঞতা-অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘এটি খুবই সম্মানের। একসময় এখানে আসতাম পড়তে। অনেক ধাপ পেরিয়ে আজ এখানের এত বড় দায়িত্ব পেয়েছি। নতুন পদবি মানে নতুন দায়িত্ব। দায়িত্ববোধের, নির্ভরতার জায়গা যেন বেড়ে গেল। কাজকে উপভোগ করি আমি। কাজের মধ্যেই নিজের সব আনন্দ খুঁজে নিই।’এইচএসসি পরীক্ষার পরই বিয়ে হয়ে যায় পারভীন মাহমুদের। তাঁর বাবা লুৎফর রহমান ছিলেন আয়কর উপদেষ্টা। তিনিই প্রথম বলেছিলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি (সিএ) পড়তে। পারভীন মাহমুদ বলেন, ‘শুরুতে এটা ভেবে চট্টগ্রাম কমার্স কলেজে ভর্তিও হতে চেয়েছি। পরে দেখি, সব বন্ধু অন্য কলেজে ভর্তি হলো। মানবিক বিভাগ থেকে এইচএসসি পাস করি। বিয়ে হয়ে যায়। স্বামীর সঙ্গে চলে যাই যুক্তরাজ্যে। সেখানে গিয়ে অবশ্য লেখাপড়া থেমে থাকেনি। একটা কথা না বললেই নয়, আজকে এ অবস্থানে আসার পেছনে সবচেয়ে বেশি অবদান স্বামীর। সিএ তাঁর আগ্রহেই পড়া হয়েছে। লন্ডনে গিয়ে এ-লেভেল, ও-লেভেল শেষ করি। সিএর প্রথম পার্টও শেষ হয়। আমার স্বামী যুক্তরাজ্যে শিক্ষকতা করতেন। আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়লে। আমি চলে আসি দেশে। আমার স্বামী আনিসুল ইসলাম মাহমুদ ব্যারিস্টারি পড়াও শেষ করেন। দুটি সন্তান আমাদের। সিদ্ধান্ত নিলাম, পরিবারকে বঞ্চিত করে কিছু করব না। কেননা যৌথ পরিবারে যখন ছিলাম, সবাই মিলে দেখাশোনা করত মেয়েটিকে। শ্বশুরবাড়ির সবাই অনেক আন্তরিক ছিল। ফলে মেয়েকে বড় করতে কষ্ট হয়নি। আর ছোট ছেলেটি খুব দুষ্টু ছিল। ওকে কার কাছে রেখে ক্লাস করব, এসব ভাবতে ভাবতেই কেটে গেল সাত বছর। ছেলেমেয়েরা একটু বড় হলো। আবার লেখাপড়া করতে শুরু করলাম। স্বামীর অনুপ্রেরণায় এবং পরিবারের সহযোগিতায় এসএফ আহমেদ অ্যান্ড কোম্পানিতে সিএ পড়া শুরু করি আর্টিকেলড শিক্ষার্থী হিসেবে। পাশাপাশি আইসিএবির লাইব্রেরিতে আসতে লাগলাম। পেশাগত ক্ষেত্রে আমার স্বামীরও অবস্থান পরিবর্তন হলো। তিনি মন্ত্রী হয়ে গেলেন। আগে তিনি সন্তানদের সময় দিতে পারতেন। তাঁরও ব্যস্ততা বেড়ে গেল। জীবনে একটা কঠিন সময় এল। আমার সামনে সিএ চূড়ান্ত পরীক্ষা। আমার স্বামী তখন জেলে। কিন্তু খুব ভালো কয়েকজন বন্ধু আছে আমাদের। তাঁরাই সব সামলে নিলেন। আমি পরীক্ষা দিলাম, পাসও করলাম।‘কর্মজীবন শুরু হলো ব্র্যাকে। এরপর নানা জায়গায় কাজে করেছি। সিডাতে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি। কম্পিউটারের দক্ষতা সেখানেই তৈরি হয়। অ্যাকশন এইডে ছিলাম ফিনান্সিয়াল কন্ট্রোলার হিসেবে। একনবিন চার্টার্ড অ্যাকাউন্টসেও দীর্ঘদিন কাজ করেছি। সর্বশেষ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে (পিকেএসএফ) উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রায় এক যুগ কাজ করেছি। তবে সব সময় আমার ইচ্ছা ছিল অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কাজ করার। এসব জায়গায় কাজ করার সময় মাঠে গিয়ে কাজ করার প্রচুর অভিজ্ঞতা হয়েছে। মাকেও যেহেতু উদ্যোক্তা হিসেবে কাজ করতে দেখেছি, ফলে সেই ভালো লাগাটা ছিল।’ পারভীন মাহমুদ সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্টসের (সাফা) পরিচালনা পর্ষদের প্রথম নারী সদস্য। সাফা উইমেনস ফোরামের (২০১১) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি। বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত তিনি। বললেন, ‘আমার মেয়ে সার্টিফাইয়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট পাস করেছে। বর্তমানে সে আইসিএবির সদস্য। এখানে আমরাই প্রথম মা-মেয়ে সদস্য। ছেলে যুক্তরাজ্য থেকে আইন বিষয়ে পড়াশোনা করেছে।’পারভীন মাহমুদ বলেন, ‘সামনের দিনগুলোয় যুক্তরাজ্যের সমমানের শিক্ষাক্রম এখানে চালু করা হবে। এখান থেকে সিএ পাস করে যেন তাঁরা ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস সদস্য হওয়ার সুযোগ পান। সামনে সে লক্ষ্যে কাজ করব। বিশ্বায়নের এ যুগে ব্যবসায় নীতি ও যোগাযোগ ব্যবস্থাপনা, বিশেষ করে আইটি খাতে আরও কাজ করার সুযোগ রয়েছে। পেশাগত উন্নয়নের জন্য এটি প্রয়োজনও। শিক্ষার্থীদের সে সুযোগ-সুবিধা দেওয়ার ব্যবস্থা করব।’