চাঁপাইনবাবগঞ্জ আওয়ামী লীগ প্রায় ছয় বছর ধরে চলছে পূর্ণাঙ্গ কমিটি ছাড়াই। দলে কোনো সাংগঠনিক তৎপরতা নেই বললেই চলে। অভ্যন্তরীণ দ্বন্দ্বও প্রকট। এ কারণেই গঠন হতে পারেনি পূর্ণাঙ্গ কমিটি। ২০০৫ সালের ১৫ জুন শহীদ সাটু হলে হয় জেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে মোহাম্মদ এনামুল হক (বর্তমানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী) সভাপতি ও মঈনুদ্দীন মণ্ডল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে বলা হয়েছিল, সভাপতি ও সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করে সমঝোতার ভিত্তিতে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ ৭১ সদস্যের কমিটি গঠন করবেন। কিন্তু এত দিনেও হয়নি সেই সমঝোতা। এমনকি কমিটি গঠনের জন্য সভাপতি-সাধারণ সম্পাদক কোনো সভাও ডাকেননি। এই সময়ে অন্তত তিনটি জেলা কমিটির তালিকা কেন্দ্রে উপস্থাপন করা হয়েছে। সদর আসনের সাংসদ আবদুল ওদুদ প্রথম আলোকে বলেন, পূর্ণাঙ্গ জেলা কমিটির তালিকা কেন্দ্রের কাছে উপস্থাপন করা হয়। এই তালিকায় সভাপতি এনামুল হকের সংসদীয় আসন শিবগঞ্জের লোকই ছিল অর্ধেক আর বাকি অর্ধেক ছিল অন্য চার উপজেলার। কেন্দ্র থেকে প্রশ্ন তোলা হয়, এটা জেলা কমিটি না শিবগঞ্জ কমিটি। এ প্রশ্নেই এনামুল হকের কমিটি কেন্দ্রের অনুমোদন পায়নি। এরপর জেলা কমিটির অন্তত আরও দুটি তালিকা কেন্দ্রে পাঠানো হয়। কিন্তু এ দুটি কমিটির বিরুদ্ধেও কেন্দ্রে লিখিত অভিযোগ করা হয়। তাই কোনো কমিটিই শেষ পর্যন্ত অনুমোদন পায়নি। আবদুল ওদুদ বলেন, এত দিনে একাধিক তৎপরতার পরও সমঝোতার ভিত্তিতে যখন কমিটি গঠন করা হয়নি, তখন আহ্বায়ক কমিটি গঠন করে জেলা সম্মেলনের মাধ্যমে কাউন্সিলরদের ভোটে পূর্ণাঙ্গ কমিটি গঠন করাই হবে গণতান্ত্রিক। পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থতার জন্য এনামুল হক ও মঈনুদ্দীন মণ্ডলকে দায়ী করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন। সাংগঠনিক কার্যক্রমে চরম বন্ধ্যত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, গত ২৩ এপ্রিলের প্রধানমন্ত্রীর জনসভা ছাড়া জেলা আওয়ামী লীগের নামে কোনো কর্মসূচি পালিত হয়নি। প্রধানমন্ত্রীর জনসভায় ব্যাপক জনসমাগমে জেলা কমিটির কোনো ভূমিকা নেই। যেহেতু ছয় বছরেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি, তাই এনামুল হক ও মঈনুদ্দীন মণ্ডল সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ব্যবহার করতে পারেন না, এটা অনৈতিক, অবৈধও বটে। এ মত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জেলা শাখার সভাপতি মিজানুর রহমানের। তিনি বলেন, শক্তিশালী জেলা কমিটি না থাকায় জেলার সাংসদেরা স্বেচ্ছাচারী আচরণ করছেন। বিভিন্ন ধরনের ত্রাণ বিতরণের ক্ষেত্রে দলের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা না করে তাঁরা দলের বাইরের বিতর্কিত ব্যক্তিদের প্রাধান্য দিচ্ছেন। সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গেও তাঁদের যোগাযোগ নেই। নেতৃস্থানীয় কর্মীদের অভিযোগ, পূর্ণাঙ্গ কমিটি না থাকায় দলে নেই ‘চেইন অব কমান্ড’। অভ্যন্তরীণ দ্বন্দ্ব সব উপজেলায়, যার প্রভাব পড়েছে গত পৌর নির্বাচনেও। একক প্রার্থী মনোনয়নে জেলা কমিটির ভূমিকা ছিল না। এমনকি সাধারণ সম্পাদক মঈনুদ্দীন মণ্ডলের চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র নির্বাচনে তৃতীয় অবস্থান অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই হয়েছে বলে অভিযোগ উঠেছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুদ্দীন মণ্ডল দলের চেইন অব কমান্ড না থাকা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা স্বীকার করেন। এ কারণে পৌর নির্বাচনে তাঁর ভরাডুবি হয়েছে বলেও মন্তব্য করেন।পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক গতকাল রাতে তাঁর এপিএস মাহমুদুর রহমানের মাধ্যমে প্রথম আলোকে বলেন, ‘সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে পূর্ণাঙ্গ জেলা কমিটির তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। আশা করছি, খুব শিগগিরই কমিটির অনুমোদন দেওয়া হবে।’