রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলা
দুজনের মৃত্যুদণ্ড বহাল ও দুজনের যাবজ্জীবন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। অপর দুজনকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এ রায় দেন।হাইকোর্টে যে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রইল তাঁরা হলেন তাহেরের একসময়ের ছাত্র ও পরে বিভাগীয় সহকর্মী মিয়া মোহাম্মদ মহিউদ্দিন এবং তাহেরের বাসভবনের তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর। যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া দুজন হলেন জাহাঙ্গীরের ভাই ইসলামী ছাত্রশিবিরের কর্মী আবদুস সালাম ও সালামের আত্মীয় নাজমুল।২০০৮ সালের ২২ মে বিচারিক আদালত এই মামলার রায়ে ওই চারজনকে মৃত্যুদণ্ডাদেশ এবং অপর দুই আসামিকে খালাস দিয়েছিলেন। খালাস পাওয়া দুজন হলেন ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মাহবুবুল আলম সালেহী ও জাহাঙ্গীরের বাবা আজিমুদ্দীন মুন্সী।আদালত সূত্র জানায়, বিচারিক আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টে আসে। এ ছাড়া রায়ের বিরুদ্ধে আসামিরা ২০০৮ ও ২০০৯ সালে আপিল করেন। এর ওপর চলতি বছরের ফেব্রুয়ারিতে শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত ১৫ এপ্রিল রায় দেওয়া শুরু করে গতকাল শেষ করেন।আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খুরশীদুল আলম শুনানি করেন। মিয়া মোহাম্মদ মহিউদ্দিনের পক্ষে আইনজীবী আনিসুল হক এবং এস এম শাহজাহান শুনানি করেন। অপর দুই আসামির পক্ষে আইনজীবী তাজুল ইসলাম ও অপরজনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানি করেন।রায়ের পর মো. খুরশীদুল আলম প্রথম আলোকে বলেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত। অভিযোগ প্রমাণিত হলেও অপরাধের গুরুত্ব বিবেচনা করে দুজনের দণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর পর্যালোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।মহিউদ্দিন, জাহাঙ্গীর ও আবদুস সালামের আইনজীবীরা বলেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টারের বাসার বাইরের ম্যানহোল থেকে ২০০৬ সালের ৩ ফেব্রুয়ারি তাহের আহমেদের লাশ পাওয়া যায়। এ ব্যাপারে ওই দিন তাঁর ছেলে সানজিদ আলভী আহমেদ মতিহার থানায় মামলা করেন।আপিল করবে পরিবাররাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা জানান, হাইকোর্টের রায়ের পর তাহেরের মেয়ে সেগুফতা তাবাসসুম আহমেদ আপিল করবেন জানিয়ে বলেন, ‘এ রায়ে আমরা আংশিক সন্তুষ্ট। আমরা মনে করি, চারজনেরই মৃত্যুদণ্ড বহাল থাকা উচিত ছিল। যে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, ওই দুজনের জন্য আবারও আমরা উচ্চ আদালতে আপিল করব।’রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও তাহের আহমেদের সহকর্মী সুলতান-উল-ইসলাম বলেন, ‘দোষীরা শাস্তি পাওয়ায় আমরা বিভাগের শিক্ষকেরা সন্তুষ্ট। দাবি জানাব, এ রায় যেন দ্রুত কার্যকর করা হয়।’বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘উচ্চ আদালতের রায়ে সত্যিকার অর্থে সত্য প্রতিষ্ঠিত হলো। অপরাধী যেই হোক, তাকে সাজা পেতেই হবে—এ সত্য প্রতিষ্ঠিত হয়েছে।’