দুজনের লাশ শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদী থেকে গতকাল মঙ্গলবার উদ্ধার হওয়া তিনজনের লাশের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মঞ্জু মুন্সি (৪২) ও আকতার হোসেন (২৫)। নিহত ব্যক্তিদের স্ত্রীরা আজ বুধবার লাশগুলো শনাক্ত করেন।তিনটি লাশ উদ্ধারের খবরে আজ ঢাকা ও ফরিদপুর থেকে আরও পাঁচটি পরিবারের লোকজন মুন্সিগঞ্জ আসে। কিন্তু স্বজনদের না পেয়ে তারা ফেরত যায়। ফলে অন্য লাশটি গত রাত সাড়ে নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শনাক্ত করা যায়নি।স্বজনেরা জানান, মঞ্জু ও আকতার সঙ্গী অন্য দুই কাঁচামাল ব্যবসায়ীর সঙ্গে ৭ ডিসেম্বর কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হন। অন্য দুজন হলেন ইউনুস মুন্সি (৫০) ও শেখেন মাতবর। তাঁরা সবাই ঢাকার যাত্রাবাড়ীতে কাঁচামালের ব্যবসা করেন। তাঁরা সবজি কিনতে কুমিল্লার দাউদকান্দি গিয়েছিলেন।মঞ্জু মুন্সির স্ত্রী রানী বেগম বলেন, ‘তাকে যখন ধরে নিয়ে যায়, তখন সে আমাকে ফোন করে জানিয়েছিল, র্যাবের লোকজন তাকে ধরে নিয়ে যাচ্ছে। এর পর থেকেই সে নিখোঁজ ছিল।’আকতারের স্ত্রী রিতা আক্তারও একই অভিযোগ করেন। রিতা বলেন, তাঁর স্বামী ও মঞ্জু মুন্সি কাঁচামালের ব্যবসা করেন। ওই দিন কাঁচামাল কিনতে কুমিল্লায় গিয়েছিলেন। আকতারের বাবার নাম আবদুল করিম। বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার চুনকা গ্রামে।পুলিশ জানায়, লাশগুলো পচে এতটাই বিকৃত হয়ে গেছে, শনাক্ত করাই অসম্ভব হয়ে পড়েছে। খুনিরা পেশাদার। তাই লাশের সঙ্গে পরিচয়পত্র বা প্রয়োজনীয় কোনো কাগজপত্রও রাখেনি।গত দুই মাসে মুন্সিগঞ্জে থেকে নয়জনের লাশ উদ্ধার হলো। একটিমাত্র লাশ ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে থেকে উদ্ধার হয়েছে। অন্যগুলো সব ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করা। তাঁদের মধ্যে মাত্র দুজনের পরিচয় পাওয়া গেছে। অন্য কারও শনাক্ত সম্ভব করা হয়নি, তাই বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।