দুটি অগ্নিকাণ্ড একটি মৃত্যু কিছু প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১০টা | কিছুক্ষণ আগেই বৈদ্যুতিকবাতি নিভে গেছে। জুরাইনের বেড়ার মসজিদ এলাকায় নেমে এসেছে অন্ধকার। আবছা আঁধারে স্পষ্ট কিছুই দেখা যাচ্ছে না। ঢাকনা ছাড়া স্যুয়ারেজ লাইনের গন্ধটা থেকে থেকে নাকে এসে লাগছে। একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি—গায়ে গা লাগানো। অন্ধকারে অচেনা কেউ এ পথে এসে গন্তব্য ঠাওর করতে না-পারার কথা। এর মধ্যে হঠাৎ এক চিলতে আলোর রেখা চোখে লাগল। আলোটা ধীরে ধীরে বাড়ছে। আলোকশিখার দিকে পা চালাতেই স্পষ্ট হলো বিষয়টি। মসজিদের অদূরেই ৯৫ নম্বর বাড়িতে আগুন লেগেছে।ক্রমশ বাড়ছে আগুনের তাপ। আগুনের লেলিহান শিখা গর্জে ওঠার আগেই সবার চিৎকার-চেঁচামেচি শুরু হলো চারদিকে। এলাকার সবাই ছুটছেন ৯৫ নম্বর বাড়ির দিকে। অন্ধকার ঘুপচি গলি পেরিয়ে বাড়ির একফালি উঠোনে পা দিতেই পোড়া গন্ধ নাকে এসে লাগল। ছোট দ্বিতল বাড়িটার ওপরতলায় পাশাপাশি দুটি ঘর। স্ত্রী আর তিন ছেলেমেয়ে নিয়ে একটা ঘরে থাকতেন মো. আমীর। আর পাশের ঘরেই তাঁর কুটিরশিল্প। ‘আমীর হোসিয়ারি’ নাম দিয়ে এই ঘরে মোজা তৈরি করতেন তাঁরা। ক্ষুদ্র ব্যবসায়ী আমীর ও জনা তিনেক শ্রমিক মিলিয়ে কাজ করতেন এ ঘরটায়। আগুনে ভস্মীভূত হয়ে গেছে আমীরের দুটি ঘরই। আগুনের আঁচে ছাই হয়ে গেছে তাঁর দেড় বছরের ফুটফুটে শিশু শাওন।নগরের হাজার হাজার বাড়িতে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে এ ধরনের কারখানা। ভয়ংকর অগ্নিঝুঁকিতে আছে কারখানা ও এর আশপাশের এলাকার অসংখ্য মানুষ। আগুন লাগার মৌসুম তো শুরু হলো। তবুও অবৈধ এ কারখানাগুলো কি রয়েই যাবে?ফাগুনে আগুনের ভয় থাকে। বাদলা দিন আসার আগে এই ভয়ের রেশ আর কাটে না। পরিকল্পনাহীন ঢাকা নগরে একটু আগুনই যে কতটা নাগরিক দুর্ভোগ বয়ে আনতে পারে, তার একটি নজির দেখা গেল ১০ মার্চ। তখন সড়ক থেকে চাকুরেদের অফিসে যাওয়ার যানবাহনের চাপ খানিকটা কমেছে, ঘড়িতে ১১টা কি ১২টার মতো বাজে। কারওয়ানবাজারের আম্বরশাহ মসজিদের পাশে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের ফুটপাতের একটি বৈদ্যুতিক খুঁটিতে শর্টসার্কিট থেকে খানিকটা আগুনের ফুলকি বের হয়। সেই ফুলকি থেকেই খুঁটির নিচের দিকে পরগাছার মতো থাকা শ খানেক তারে আগুন লেগে যায়। খুঁটিতে এই তারগুলো ঝোলানো হয়েছে স্যাটেলাইট টেলিভিশন, ইন্টারনেট ও ক্লোজ সার্কিট ক্যামেরা সংযোগ দেওয়ার জন্য।আগুন লাগার খবর শুনে ছুটে আসে দমকল বাহিনী। দমকল আসার আগেই অবশ্য নিভতে শুরু করে আগুন। দমকল বাহিনীর কর্মীরা জানান, অপরিকল্পিত এই তারের জঞ্জালে ভর করে আগুন ছড়িয়ে পড়তে পারত আশপাশের ভবনেও। এরপর একে একে আসতে থাকে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর যানবাহন। একসঙ্গে কাজ শুরু করে দেন শতাধিক কর্মী। তাঁদের যানবাহন আর মইয়ের ভিড়ে কারওয়ানবাজারের ভেতর দিকের রাস্তায় যানজট তৈরি হয়। আর সেবাসংস্থার তারগুলো দখল করে রাখে ঢাকা ট্রেড সেন্টার থেকে শুরু করে জাহাঙ্গীর টাওয়ার পর্যন্ত কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের ফুটপাত ও সড়কের একাংশ। বিশেষ করে, তারের ভিড়ে আম্বরশাহ মসজিদের পাশের ফুটপাতে হাঁটার কোনো সুযোগ পাননি পথচারীরা। সেবাসংস্থার কর্মী, তার আর মইয়ে যান চলাচল ব্যাহত হয়। তারের সঙ্গে পাল্লা দিয়েই এক ভদ্রলোক চালিয়ে যাচ্ছিলেন মোটরসাইকেল। কিন্তু তারে আটকে রয়ে যায় তাঁর স্যান্ডেল। চলা থামিয়ে অনেক কসরত করে আবার পায়ে স্যান্ডেল গুঁজতে দেখা গেল তাঁকে। চোখ কটমট করে তারের জটলার দিকে তাকানো ছাড়া আর কিছুই করার ছিল না তাঁর। এখন আবারও কুণ্ডলী পাকিয়ে টানা হয়েছে হাজার হাজার ফুট তার। কয়েকটি এখনো সাপের মতো ঝুলছে। আবার আগুন লেগে পার্শ্ববর্তী কোনো ভবন জ্বলে গেলে দায়িত্ব নেবে কে? কর্তৃপক্ষের কি এ ব্যাপারে কিছুই করার নেই।