আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজন করা হয়েছে রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন-এর একক সংগীতানুষ্ঠান। দেড় ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গানসহ আরও অনেকের গান করবেন তিনি। কথা হলো তাঁর সঙ্গে।আজকের অনুষ্ঠানে কী কী গান করবেন?এটি আমার একক সংগীতানুষ্ঠান। এ অনুষ্ঠান চলবে দেড় ঘণ্টা। ভেবেছি, সব ধরনের গানই করব। রবীন্দ্রনাথ ঠাকুরের নানা ধরনের গান করব। ইচ্ছা আছে শেষের দিকে অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল, তিন কবির গান এবং কান্তগীতির গান করার।ইদানীং কলকাতার টেলিভিশনে আপনাকে বেশি দেখা যায়?এটা সত্যি। আমি তো শান্তিনিকেতনের ছাত্রী। সেই সূত্রে ওপার বাংলার সঙ্গে আমার একটা ভালো যোগাযোগ সব সময়ই ছিল। এটাকে এক ধরনের সার্থকতাও মনে করছি। কারণ, এখনো তারা আমাকে মনে রাখছে। টেলিভিশনের অনুষ্ঠান ছাড়াও তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করে। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে অনেক অনুষ্ঠানে আমাকে অংশ নিতে হয়েছে। ওখানকার চ্যানেলগুলো আমাদের অনুষ্ঠানগুলো প্রাইম সময়ে প্রচার করায় ওটা হয়তো চোখে পড়ে বেশি।রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে কী করছেন?সার্ধশত বর্ষের একটা ব্যস্ততা ওপার বাংলায় আসলে এরই মধ্যে শুরু হয়ে গেছে। আমাদের এখানেও কিন্তু সেটা শুরু হয়েছে। এইচএমবি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানের অ্যালবাম বের করব। বেঙ্গল ফাউন্ডেশনেরও দুটি অ্যালবামের রেকর্ডিং করব। সামনে সরকারি সংগীত মহাবিদ্যালয়েও একটি গানের অনুষ্ঠান হবে। এটিও কিন্তু রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে। সরকারিভাবে অনেক কিছু হতে যাচ্ছে। সেখানেও হয়তো কিছু একটা করতে হবে। তা ছাড়া সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে আমেরিকার একটি অনুষ্ঠানে গান করতে যেতে হবে।সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে অ্যালবামগুলোতে কী ধরনের গান থাকবে?এইচএমবি থেকে যে অ্যালবামটি বের হবে, সেটার এখনো গান বাছাই করা হয়নি। এটাতে হয়তো বিষয়ভিত্তিক গান করব। আর বেঙ্গল থেকে যে দুটি অ্যালবাম বের হবে, তার একটি তিন কবির গান নিয়ে এবং অন্যটি রবীন্দ্রনাথের। দ্বিতীয়টিও কিন্তু বিষয়ভিত্তিক।