পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দলপুরে খনন করা দুটি অনুসন্ধান কূপের একটিতেও আশানুরূপ গ্যাসের সন্ধান মেলেনি। চরকাজলের কূপটি করেছে উৎপাদন অংশীদারি চুক্তির (পিএসসি) অধীনে এ দেশে কর্মরত আমেরিকান কোম্পানি শেভরন। সুন্দলপুরেরটি করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স।সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, চরকাজলের কূপটিতে বাণিজ্যিক ভিত্তিতে উত্তোলনের মতো গ্যাস পাওয়া যায়নি। সুন্দলপুরের কূপটি থেকে ২০০ বিলিয়ন ঘনফুটের (বিসিএফ) মতো গ্যাস তোলা যেতে পারে। কিন্তু এ জন্য প্রায় ৩০ কিলোমিটার পাইপলাইন ও প্রক্রিয়াকরণ কেন্দ্র (প্রোসেস প্ল্যান্ট) বসিয়ে জাতীয় গ্রিডে পৌঁছানো আর্থিক বিবেচনায় যুক্তিযুক্ত হবে কি না, তা নিশ্চিত নয়।এই প্রেক্ষাপটে অল্প সময়ের মধ্যে গ্যাসসহ জ্বালানির সরবরাহ কীভাবে বাড়ানো সম্ভব, তা নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিবিড় আলোচনা শুরু করেছে।চরকাজলে গ্যাস নেই: দেশের স্থলভাগের ৭ নম্বর ব্লকের (বৃহত্তর বরিশাল-পটুয়াখালী অঞ্চল) বিস্তীর্ণ এলাকায় দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ শেষে শেভরন গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে চরকাজলে কূপটির খননকাজ শুরু করে। প্রায় চার হাজার মিটার গভীর পর্যন্ত খননের পর্যায়ে ভূগর্ভের কোনো কোনো স্তরে সামান্য গ্যাস আছে বলে সংকেত (সিগন্যাল) পাওয়া গেলেও পরে ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট—এই পরীক্ষার মাধ্যমেই বিভিন্ন স্তরে গ্যাসের প্রবাহ, চাপ, বাণিজ্যিক ভিত্তিতে তোলার মতো গ্যাস আছে কি না ইত্যাদি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়) করে দেখা যায়, কূপটি প্রায় শুষ্ক। ওই কূপ থেকে বাণিজ্যিক ভিত্তিতে তোলার মতো গ্যাস পাওয়ার কোনো সম্ভাবনা নেই। শেভরন প্রাথমিকভাবে বিষয়টি পেট্রোবাংলাকে জানিয়েছে।সুন্দলপুরে সামান্য গ্যাস: কোম্পানীগঞ্জের সুন্দলপুর ভূকাঠামোয় গত ডিসেম্বরের মধ্যভাগে বাপেক্স অনুসন্ধান কূপটির খননকাজ শুরু করে। উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে ভেবেই এখানে কূপটি খননের পদক্ষেপ নেওয়া হয়, যাতে চট্টগ্রাম অঞ্চলে সরবরাহ বাড়ানো যায়।সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, ধারণা করা হয়েছিল, সুন্দলপুরের ভূকাঠামোর সঙ্গে পার্শ্ববর্তী বেগমগঞ্জ গ্যাসক্ষেত্রের ভূকাঠামোর সামঞ্জস্য থাকবে। এমনকি দুটি ক্ষেত্রের গ্যাস-স্তরের মধ্যে সংযোগও থাকতে পারে। সে ক্ষেত্রে এ দুটি কাঠামো মিলে একটি বড় গ্যাসক্ষেত্র আবিষ্কারের সম্ভাবনা ছিল। কিন্তু তেমন পাওয়া যায়নি। বেগমগঞ্জের যে স্তরে গ্যাসের মূল মজুদ, সুন্দলপুরে সেই স্তরে রয়েছে পানি।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এই অনুসন্ধান কূপটি সাড়ে তিন কিলোমিটার গভীর পর্যন্ত খনন করার লক্ষ্যে কাজ শুরু করা হয়। খনন শুরুর পর ভূগর্ভে কয়েক মিটার পরপর কঠিন শিলার অবস্থান চিহ্নিত হয়।এভাবে তিন হাজার ২৯১ মিটার গভীরে যাওয়ার পর কয়েক দিন বিরতি দিয়ে আরও গভীরে খনন করে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এরপর মাত্র ৩৬ মিটার খনন করার পরই অতি উচ্চচাপের (আট হাজার পিএসআই বা প্রতি বর্গ ইঞ্চিতে আট হাজার পাউন্ড চাপ) পানির স্তর পাওয়া যায়। ফলে ওই পর্যন্তই খনন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কূপটির এক হাজার ৩৯৫ মিটার থেকে এক হাজার ৪০০ মিটার পর্যন্ত গভীরে (পাঁচ মিটার পুরু) গ্যাসের একটি স্তর (জোন) পাওয়া গেছে। এটিই এই কূপের সবচেয়ে সমৃদ্ধ গ্যাস-স্তর।এ ছাড়া তিন হাজার ১৯৫ মিটার থেকে তিন হাজার ২২৫ মিটার (মোট ৩০ মিটার) গভীরতার মধ্যে আটটি আলাদা গ্যাস-স্তর রয়েছে। এই আটটি স্তরের মোট পুরুত্ব ১৬ মিটার। এর একেকটি স্তর খুব পাতলা হওয়ায় এসব স্তরে গ্যাসের বড় মজুদ থাকার সম্ভাবনা নেই।কিছু জটিলতা: সুন্দলপুরের কূপটি তিন হাজার ৩২৭ মিটার খননের পর যে উচ্চচাপের পানির স্তর পাওয়া যায়, সেখান থেকে রিগের পাইপ তুলে আনতে গিয়ে বেশ জটিলতায় পড়েছে বাপেক্স। একপর্যায়ে ওই স্তরের কিছু পানি সামান্য ওপরের গ্যাস-স্তরেও ঢুকে পড়ে। ফলে ওই স্তরটি থেকে গ্যাস পাওয়ার সম্ভাবনা আরও কিছুটা কমেছে।কয়েকজন ভূতত্ত্ববিদ বলেন, সুন্দলপুরে কূপটি খনন করা হয়েছে দ্বিমাত্রিক ভূকম্পন জরিপের ভিত্তিতে। কোম্পানীগঞ্জ ও বেগমগঞ্জ এলাকাজুড়ে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালানো হলে ওই অঞ্চলে গ্যাসের বড় মজুদ পাওয়া যেতে পারে। কারণ, ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বিবেচনায় ওই অঞ্চলটি গ্যাসসমৃদ্ধ হওয়ার কথা। হয়তো দ্বিমাত্রিক ভূকম্পন জরিপে সেই গ্যাসের সুনির্দিষ্ট অবস্থান নির্ণয় করে অনুসন্ধান কূপ খনন করা সম্ভব হয়নি।তবে বাপেক্স সূত্র জানায়, ওই প্রক্রিয়া অনেক সময়সাপেক্ষ ও ভবিষ্যতের ব্যাপার। এখন সুন্দলপুরের কূপটিতে পাওয়া গ্যাস-স্তরগুলোয় ডিএসটির প্রক্রিয়া শুরু করা হয়েছে।