দুটি খাবার হোটেলকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তির বাড়ি ইজারা নিয়ে অনুমোদন ছাড়াই ভাঙা ও নির্মাণকাজ শুরু করায় ভ্রাম্যমাণ আদালত আজ সোমবার মোহাম্মদ মোহর নামের একজনকে আটক করেছেন। আদালত বাড়ি ভাঙা ও নির্মাণকাজও বন্ধ করে দেন। তবে মোহর দাবি করেছেন, ওই বাড়ি তাঁর এক আত্মীয়ের কেনা সম্পত্তি।সংশ্লিষ্ট সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত বিকেল তিনটার দিকে পুরান ঢাকার ২৮ বনগ্রাম লেনের বাড়িতে অভিযান চালান। ২৮ শতাংশ জমির ওপর থাকা অর্পিত সম্পত্তির এ বাড়িটি ইজারা নিয়েছিলেন মিজানুর রহমান। প্রতিবছর এ ইজারা নবায়ন করার নিয়ম থাকলেও মিজানুরের মৃত্যুর পর চার-পাঁচ বছর ধরে তা আর নবায়ন করা হয়নি। বরং বাড়িটি ভেঙে নতুন ভবনের নির্মাণকাজ চলছিল।অভিযানে নেতৃত্ব দেওয়া ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমিন বলেন, ভূমি ও ইমারত (দখল পুনরুদ্ধার) অধ্যাদেশ, ১৯৭০-এর ৭ ধারায় বলা আছে, অর্পিত সম্পত্তি অবৈধভাবে ভাঙা বা নির্মাণ করা হলে দুই বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। আটক মোহরকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে একজন আইনজীবীর জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। জমির মালিকানাসংক্রান্ত কাগজপত্র না দেখানো পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।মোহাম্মদ মোহর জানান, স্বাধীনতার পর থেকে তাঁর আত্মীয় আলমগীর ওই বাড়িতে বসবাস করছেন। বাড়িটি আলমগীর একজন হিন্দু ধর্মাবলম্বীর কাছ থেকে কিনেছেন। এ ব্যাপারে তিনি আদালত থেকে রায়ও পেয়েছেন।একই আদালত ঠাঁটারি বাজারের তাজ বেকারি ও স্টার হোটেলে অভিযান চালান। এ দুটি প্রতিষ্ঠানে কোনো ত্রুটি না পাওয়ায় আদালত তাদের ধন্যবাদ জানান।পরে ওই আদালত বিসিসি রোডের জহির হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যান। নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, খাবার ঢেকে না রাখা এবং রুটি তৈরিতে মানহীন সোডা ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন আদালত।ভেজালবিরোধী এ অভিযানে বিএসটিআইয়ের দুজন কর্মকর্তা ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল অংশ নেয়।অন্য একটি ভ্রাম্যমাণ আদালত নাজিমউদ্দিন রোডের নীরব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালান। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন করায় হোটেলটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।