দুটি ঢেউটিন কোম্পানির জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নয়াবাজারের ফ্রেঞ্চ রোডে আজ বুধবার দুটি ঢেউটিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঢেউটিনের পুরুত্ব অনুমোদনের চেয়ে কম-বেশি হওয়ায় গ্যালকো ও আল-নূর নামের দুটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিনের নেতৃত্বে পুরান ঢাকার নয়াবাজারে বিশেষ অভিযান পরিচালিত হয়। জানা গেছে, গ্যালকো ঢেউটিন কোম্পানি দশমিক ১৭ ও ১৯ মিলিমিটার পুরুত্বের ঢেউটিন তৈরির অনুমতি নিয়েছিল। কিন্তু ভ্রাম্যমাণ আদালত স্ক্রিউ গেজের মাধ্যমে পরীক্ষা করে দেখেন, তারা অনুমতি নেওয়া পরিমাপের চেয়ে অনেক কম পুরুত্বের ঢেউটিন তৈরি করছে।অন্যদিকে, আল-নূর নামের আরও একটি ঢেউটিন কোম্পানিকে জরিমানা করা হয় নির্ধারিত মাপের চেয়ে অধিক পুরুত্বের ঢেউটিন তৈরি করার জন্য।বিএসটিআইর সহকারী পরিচালক কে এম হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, ঢেউটিন তৈরিতে পুরুত্ব যতই হোক না কেন, তার ঘোষণা দিতে হবে। কিন্তু ওই দুই প্রতিষ্ঠান ঘোষণা দিয়ে মাপে কম-বেশি পুরুত্বের ঢেউটিন তৈরি করে আসছিল। তাই তাদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে মহানগর দাঙ্গা পুলিশ ও বিএসটিআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।