তথ্য গোপন ও আয়বহির্ভূত সম্পদ অর্জন
দুটি ধারা কেন বেআইনি ও সংবিধান-পরিপন্থী নয়: হাইকোর্ট
দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন-সংক্রান্ত দুটি ধারা কেন বেআইনি ও সংবিধান-পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে আইনসচিব, দুদক, স্বরাষ্ট্রসচিব, ঢাকা জেলা প্রশাসকসহ সাতজনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক রিটের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন।দুদক আইনের ২৬(২) ও ২৭(১) ধারা দুটিতে করা মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ঢাকা সিটি করপোরেশনের উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী আফরোজা ইসলাম পৃথক রিট করেন।শুনানি নিয়ে আদালত উপরিউক্ত রুল জারি করেন। পাশাপাশি আরেকটি রুল জারি করেন আদালত। ওই আইনের এ দুটি ধারায় তাঁদের বিরুদ্ধে করা মামলা কেন বেআইনি ও এখতিয়ার-বহির্ভূত নয় তা জানতে চেয়েছেন আদালত। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন কাজী আখতার হামিদ ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। জানা যায়, চলতি বছরের ২৬ এপ্রিল ও ১৮ মে দুদকের সহকারী পরিচালক নূর হোসেন খান এ দম্পতির বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন। আফরোজা ইসলামের বিরুদ্ধে সাড়ে ১৪ লাখ ও রফিকুল ইসলামের বিরুদ্ধে ছয় লাখ টাকার তথ্য গোপনের অভিযোগ আনা হয়।রিটে বলা হয়, আয়কর অধ্যাদেশের ১২৮ ধারা অনুসারে আয়কর গোপন করলে ১০ শতাংশ জরিমানা দিয়ে প্রতিকার পাওয়া যেতে পারে। কিন্তু এ ক্ষেত্রে তাঁদের কোনো সুযোগ না দিয়ে মামলা করা হয়েছে। এটা স্বেচ্ছাচারী ও সংবিধানের ২৭ ও ৩১ অনুচ্ছেদের পরিপন্থী।